ট্রাম্পের মোকাবিলায় কে আসছেন?

আমেরিকার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের মোকাবিলায় ডেমোক্রেটিক দল থেকে কে প্রার্থী হচ্ছেন—সে দিকেই এখন সবার মনোযোগ। ট্রাম্প নিয়ে হাঁপিয়ে ওঠা আমেরিকার জনগণই শুধু নয়, তাকিয়ে আছে সারা বিশ্ব। ডেমোক্রেটিক দল থেকে প্রার্থিতার প্রক্রিয়া শুরু হয়েছে বেশ আগেই। এ পর্যন্ত ২২ জন দলীয় প্রাইমারিতে প্রার্থিতা ঘোষণা করেছেন। আরও দু-একজন সহসাই এগিয়ে আসবেন বলে মনে করা হচ্ছে। আগামী মাসেই ডেমোক্রেটিক দলের প্রথম প্রাইমারি বিতর্ক হতে যাচ্ছে মায়ামিতে। কীভাবে এই বিতর্ক পরিচালিত হবে, তা নিয়ে বিপাকে পড়েছেন ডেমোক্র্যাট নেতারা।
২৬ ও ২৭ জুন দুই দিনব্যাপী ডেমোক্র্যাট দলের বাছাই প্রক্রিয়ায় প্রথম বিতর্ক অনুষ্ঠিত হবে। এত প্রার্থীর বিতর্ক ঠিক কীভাবে পরিচালিত হবে। আমেরিকার রাজনীতিতে নানা ইস্যুতে বিভক্ত পার্টি ও রাজনীতিবিদরা দুই ঘণ্টা সময়ের মধ্যে নিজেদের অবস্থান জানান দিতে হবে। ডেমোক্র্যাট জাতীয় কমিটি থেকে জানানো হয়েছে, বিতর্কের দুই সপ্তাহ আগেই জানানো হবে, কারা কোনো সময়ে বিতর্কে অংশ নেবেন।
শুধু প্রার্থিতা ঘোষণা করলেই দলের প্রাইমারি বিতর্ক যোগ দেওয়ার সুযোগ নেই। ডেমোক্র্যাট দলের জাতীয় কমিটি গত বছরই একটি রূপরেখা প্রণয়ন করেছে। প্রার্থিতা ঘোষণার পর প্রার্থীকে ন্যূনতম নির্বাচনী তহবিলের প্রমাণ দেখাতে হবে। প্রার্থীকে অন্তত ২০টি অঙ্গরাজ্য থেকে কমপক্ষে ৬৫ হাজার বিশেষ তহবিল জোগানদাতা পাওয়ার প্রমাণ দেখাতে হবে অথবা তিনটি নিয়ন্ত্রিত জরিপে এক শতাংশ জনপ্রিয়তায় প্রার্থীকে পৌঁছতে হবে—বিতর্কের আগেই এমন কিছু বাধ্যবাধকতা আরোপের ফলে প্রাথমিক বিতর্কমঞ্চে ওঠাই অনেক প্রার্থীর জন্য কঠিন বলে প্রথমদিকে মনে হয়েছিল।
আমেরিকার সাম্প্রতিক ইতিহাসে এবারই এত বিচিত্র ভাবধারার ডেমোক্রেটিক দল থেকে রাজনীতিকেরা নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছেন, মনোনয়নের প্রত্যাশায় মাঠে নেমেছেন। আমেরিকার জটিল নির্বাচনী বাছাই প্রক্রিয়ায় অনেক বাঘা বাঘা প্রার্থী দলের প্রাথমিক বিতর্কে বাদ পড়ার নজির রয়েছে। জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠেয় বিতর্কে ২০ জন প্রার্থীকে ডাকা হবে। এর মধ্যে নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও বা গভর্নর অ্যান্ড্রু কুমোর প্রার্থিতা ঘোষণার কথা এখনো বাতাসে ভেসে বেড়াচ্ছে। এমন হলে ডেমোক্র্যাট দলের জাতীয় কমিটি বিতর্ক মঞ্চের ২০ জনকে বাছাই করার প্রক্রিয়া কী হবে, তা নিয়ে চলছে আলোচনা। দলের জাতীয় কমিটির চেয়ারম্যান টম পেরেজ জানান, প্রাথমিকভাবে নির্বাচনী তহবিল, জনমত জরিপ, একক দাতা—সবকিছুকে প্রাধান্য দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।
সিদ্ধান্ত যত সহজ মনে করা হচ্ছে, বাস্তবতা তত সহজ নয়। দলের প্রায় দুই ডজন প্রার্থীর বিতর্ক সাজানো হবে কীভাবে। শুরুতেই জো বাইডেন আর বার্নি স্যান্ডার্স কী একসঙ্গে থাকছেন? সিনেটর কোরি বুকার, সিনেটর এলিজাবেথ ওয়ারেন—এদের লাইন আপ কেমন হবে বিতর্কে? প্রার্থীদের জন্য এ শুরুর বিতর্ক খুবই গুরুত্বের। ২০১৬ সালের নির্বাচনের আগে রিপাবলিকান দলের এমন বাজে দলীয় প্রাইমারি বিতর্ক ডোনাল্ড ট্রাম্পের উত্থান ঘটেছিল। সবাই যখন সিরিয়াস হয়ে নানা তত্ত্বকথা নিয়ে বিতর্ক করছিলেন, টেলিভিশনের রিয়্যালিটি শোর তারকা ডোনাল্ড ট্রাম্প তখন অন্যদের সহজেই কাবু করতে পেরেছিলেন। নিজের রাজনৈতিক অবস্থানের কারণে নয়, অন্যদের খারাপ বিতর্কে জড়িয়ে পড়ার কারণে সামনে চলে আসেন ডোনাল্ড ট্রাম্প। জেব বুশ, মার্কো রুবিওদের পতন শুরু হয়েছিল দলের প্রাথমিক নির্বাচনী বিতর্কের কারণেই।
উদারনৈতিক রাজনৈতিক বিশ্লেষক জনাথন তাসিনি দলীয় বিতর্কের এই পর্যায়কে জটিল বলে উল্লেখ করেন। তিনি বলেন, বিতর্কের নামে প্রার্থীদের কিছু চেঁচামেচি শোনা যাবে। সত্যিকার অর্থে নানা বিষয়ে প্রার্থীরা তাঁদের মনোভাব প্রকাশ্য করতে পারবেন না। ঘোষিত প্রার্থীদের ১৭ জন এরই মধ্যে প্রাইমারিতে যোগ দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন বলে নিউইয়র্ক টাইমস জানিয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে অন্যরাও ন্যূনতম শর্তগুলো অর্জন করলে শুরু হবে বিতর্কের লাইনআপ নিয়ে আলোচনা।
আমেরিকার রাজনীতিমনস্ক লোকজনের কাছে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও গত নির্বাচনে তুমুল আলোচনায় আসা বার্নি স্যান্ডার্সের মধ্য বিতর্ক নিয়ে উৎসাহ প্রবল। ডেমোক্র্যাট মঞ্চ কাঁপানো নেতারা প্রস্তুত হচ্ছেন নিজেদের মধ্যে বিতর্ক নিয়ে। সিনেটর কোরি বুকার আর সিনেটর এলিজাবেথ ওয়ারেন এখন ডেমোক্র্যাট দলের তারকা রাজনীতিবিদ। দলের প্রথম বিতর্কেই তাঁদের অবস্থান কী হবে—এ নিয়ে দলের মধ্যেই শুধু নয়, আলোচনা শুরু হয়েছে আমেরিকার রাজনৈতিক মহলেও। এসব তারকা প্রার্থীদের বিতর্কে নবীন প্রার্থীরা কতটা নিজেদের অবস্থান পরিষ্কার করতে পারবেন, তা নিয়েও কথা উঠেছে।
ডেমোক্রেটিক দল জানিয়েছে, তারা জুন ও জুলাই মাসের বিতর্ক ছাড়াও আরও ডজন খানিক দলীয় বিতর্ক আয়োজন করবে। আমেরিকার চলমান অস্থির রাজনৈতিক বাস্তবতায় ডেমোক্র্যাট প্রার্থীরা এসব বিতর্কের মাধ্যমে জনসমক্ষে শুধু যে নিজেদের তুলে ধরবেন—শুধু তাই নয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা অপনীতি নিয়ে তারা মাঠ গরম রাখার সুযোগ পাবেন। যদিও আমেরিকার রাজনীতিতে এখন ডেমোক্র্যাটদের আগের যেকোনো সময়ের চেয়ে বেশি বিভক্ত মনে হচ্ছে। নানা ভাবধারায় বিস্তর বিভক্ত প্রার্থীরা দলীয় বিতর্কের মাধ্যমে দলকে চাঙা করে এক প্রার্থীর পেছনে কতটা সবাইকে ঐক্যবদ্ধ করতে পারবেন, তাই এখন ডেমোক্রেটিক দলের মূল ভাবনার বিষয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচন ঠেকানোর কঠিন কাজে ডেমোক্র্যাটরা সফল হলে সেটি হবে আরেক ইতিহাস। দলের ব্যবস্থাপনার মাধ্যমে সে ইতিহাসের নায়ক ডেমোক্র্যাট সভাপতি টম পেরেজ হচ্ছেন কী না—তাই এখন দেখার বিষয়।