ট্রাম্পের যা 'চায়না ভাইরাস', পেলোসির তা 'ট্রাম্প ভাইরাস'

মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি করোনাভাইরাসকে ‘ট্রাম্প ভাইরাস’ হিসেবে উল্লেখ করেছে। করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতার কথা বলতে গিয়ে ন্যান্সি পেলোসি এ কথা বলেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য শুরু থেকেই করোনাভাইরাসকে ‘চায়না ভাইরাস’ হিসেবে উল্লেখ করে আসছেন।
২১ জুলাই সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প শেষ পর্যন্ত তাঁর ভুলগুলো বুঝতে পারছেন। এখন মাস্ক পরার কথা বলছেন। বলছেন, করোনা পরিস্থিতি ভালো হওয়ার আগে আরও ভয়াবহ হতে পারে। পেলোসি বলেন, সত্য এবং পরিষ্কার যে এই ভাইরাস আসলে ‘ট্রাম্প ভাইরাস’।
তিন মাস পর ২১ জুলাই প্রেসিডেন্ট ট্রাম্পের করোনা পরিস্থিতি নিয়ে করা প্রেস ব্রিফিং নিয়ে সিএনএন-এর সঙ্গে কথা বলেছেন স্পিকার ন্যান্সি পেলোসি। ওই ব্রিফিংয়েই ট্রাম্প আমেরিকানদের মাস্ক ব্যবহার করার কথা বলেছেন। পরিস্থিতি ভালো হওয়ার আগে ভয়াবহ হওয়ার কথাও বলেছেন।
ন্যান্সি পেলোসি বলেন, কয়েক মাস আগে দেশের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প মাস্ক ব্যবহার করার কথা বলতে পারতেন। সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলতে পারতেন। অথচ তা না করে তিনি সভা–সমাবেশ করেছেন।
সিএনএন-এর উলফ ব্লিটজারের নির্দেশিকামূলক প্রশ্নের জবাবে ন্যান্সি পেলোসি বলেন, 'হ্যাঁ, আমি তাই বলার চেষ্টা করছি যে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিক্রিয়ার কারণেই করোনাভাইরাসে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটেছে। আমেরিকায় ৪০ লাখ লোকের সংক্রমণ এবং ১ লাখ ৪০ হাজারের বেশি মানুষের মৃত্যুর পর এখন প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ক পরতে বলছেন। অথচ এসব মার্চ মাসে বলার কথা ছিল।'
স্পিকার পেলোসি আরও বলেন, আশা করছি করোনার ভ্যাকসিন দ্রুত আসবে। কিন্তু এ আসার এখনো সময় বাকি আছে। এর মধ্যে আরও মানুষের মৃত্যু হবে। প্রেসিডেন্ট ট্রাম্প যদি এখনো সত্য অনুধাবনের কাছাকাছি আসতে পারেন এবং ‘ট্রাম্প ভাইরাস’ যে মহামারি, তা অনুধাবনে সক্ষম হন, তাহলে ভালো হয়।