ট্রাম্পের যুক্তরাষ্ট্রে বিতর্ক এবার 'জুলিয়াস সিজার' নাটক নিয়ে
ট্রাম্পের ‘রাশিয়া আঁতাত’ নয়, এফবিআইপ্রধানের পদচ্যুতি নয়, এমনকি ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠকে সব মন্ত্রীর লাইন ধরে সোভিয়েত কায়দায় তোতা পাখির মতো প্রেসিডেন্টের প্রশংসার খবরও নয়। যুক্তরাষ্ট্রে এসব ছাড়িয়ে এই মুহূর্তে বিতর্কের প্রধান বিষয় হয়ে উঠেছে শেক্সপিয়ারের নাটক জুলিয়াস সিজার। ৪০০ বছরেরও বেশি আগে লেখা এই নাটকটির একটি আধুনিক রূপান্তর প্রস্তুত করেছে নিউইয়র্কের পাবলিক থিয়েটার। সোমবার থেকে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে খোলা আকাশের নিচে নাটকটির মঞ্চায়ন শুরু হয়েছে। কিন্তু প্রথম প্রদর্শনীর আগে থেকেই ঝড় উঠেছে এই নাটক নিয়ে। ইতিমধ্যে দুটি প্রধান করপোরেট স্পনসর নাটকটির প্রদর্শনীর প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। ফেডারেল সরকারের কলা অনুদান বিভাগ বলেছে, তারাও এই নাটকের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। আর রক্ষণশীল পত্রপত্রিকার তো কথাই নেই। তারা সম্ভব হলে এ মুহূর্তে এই নাটকের পরিচালক ও সব কলাকুশলীর কল্লা কেটে ফেলে। প্রেসিডেন্টের ছেলে ট্রাম্প জুনিয়র টুইট করে তাঁর ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘এর নাম নাকি শিল্প!’
এমন হইচইয়ের কারণ, নাটকটিতে জুলিয়াস সিজারকে প্রেসিডেন্ট ট্রাম্পের আদলে উপস্থিত করা হয়েছে। মূল নাটকে ব্রুটাস ও অন্য রাজন্যবর্গের হাতে নির্মমভাবে নিহত হন রোমান সম্রাট। এখানেও তা-ই ঘটেছে, তবে যিনি নিহত হলেন তাঁর গায়ে ট্রাম্পের মতো পোশাক! গোল বেধেছে তা নিয়েই।
এই নাটক বন্ধ করতে উঠেপড়ে লেগেছেন ট্রাম্পের রক্ষণশীল বন্ধুরা। এই কাজে নেতৃত্ব দিচ্ছেন কংগ্রেসের সাবেক স্পিকার নুট গিংরিচ। তিনি পাবলিক থিয়েটারের এই প্রযোজনাকে ‘জঘন্য’ বলে গাল দিয়েছেন।
নাটকটির পরিচালক অস্কার ইউস্টিস অবশ্য ব্যাপারটা মোটেই সেভাবেই দেখেন না। সোমবার প্রথম প্রদর্শনীর আগে তিনি মঞ্চে দাঁড়িয়ে এক সংক্ষিপ্ত ভাষণে বলেন, ‘রাজনীতিবিদেরা অন্যান্য রাজনৈতিক প্রতিষ্ঠানের মতো নাগরিক নাট্য মঞ্চায়নের ওপরেও আক্রমণ শুরু করেছেন। কিন্তু আমরা বিনা প্রতিবাদে তা মেনে নেব না।...আমি বলতে চাই, গণতন্ত্রের মতো নাটকেও চাই বিভিন্ন মানুষের মতামত, তাঁদের ভাবনার প্রতিফলন। সত্য কারও একার সম্পদ নয়।’
কোনো কোনো ভাষ্যকার মনে করিয়ে দিয়েছেন, রক্ষণশীলরা এর আগে প্রেসিডেন্ট বারাক ওবামাকে নানাভাবে ব্যঙ্গ করে উপস্থাপন করেছেন। শুধু তা-ই নয়, হলিউডের ফিল্ম কিংসম্যান, দ্য সিক্রেট সার্ভিস-এ তাঁকে বোমা মেরে হত্যা করা হয়। কই, তখন তো তাঁরা কেউ প্রতিবাদের গলাটি উঁচু করেননি।
জুলিয়াস সিজার নিয়ে এই বিতর্কের একটা লাভ হয়েছে, এই নাটকের প্রতি আগ্রহ অসম্ভব বেড়ে গেছে।