>

বিরোধের কারণ অভিবাসী ইস্যু
ট্রাম্প-টার্নবুল ফোনালাপের পর শরণার্থী পুনর্বাসনের একটি চুক্তি প্রশ্নের মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি ওই ‘নির্বোধ চুক্তি’ যাচাই করে দেখবেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এবং মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর সঙ্গে ফোনালাপে কড়া ভাষায় কথা বলেছেন। ওয়াশিংটন পোস্ট লিখেছে, টার্নবুলের সঙ্গে নিজের ওই আলাপচারিতাকে ‘এখন পর্যন্ত সবচেয়ে খারাপ’ আখ্যা দিয়েছেন ট্রাম্প। আর নিয়েতোকে হুমকি দিয়ে তিনি বলেছেন, দেশের ‘বাজে লোকদের’ যদি মেক্সিকোর সেনাবাহিনী সামলাতে না পারে, মার্কিন সেনারা সেখানে যাবে।
ট্রাম্প-টার্নবুল ফোনালাপের পর দুই দেশের মধ্যে শরণার্থী পুনর্বাসনের একটি চুক্তি প্রশ্নের মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট এ বিষয়ে টুইটারে লিখেছেন, তিনি ওই ‘নির্বোধ চুক্তি’ যাচাই করে দেখবেন।
ওবামা প্রশাসন অস্ট্রেলিয়ায় আশ্রয়প্রার্থী প্রায় ১ হাজার ২৫০ জনকে যাচাইসাপেক্ষে নেওয়ার আশ্বাস দিয়েছিল। অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করে নাউরু ও পাপুয়া নিউগিনির বন্দীশিবিরে রেখেছিল তাদের। যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনের পরিপ্রেক্ষিতে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী গত শনিবার ফোন করে নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ওই চুক্তির ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট বক্তব্য চান।
যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, টার্নবুলের সঙ্গে ট্রাম্পের ঘণ্টাখানেক কথা বলার সুযোগ ছিল। কিন্তু তিনি ২৫ মিনিট কথা বলার পর আচমকা ফোন রেখে দেন। টার্নবুল ওবামা প্রশাসনের সম্পাদিত চুক্তির মর্যাদা রক্ষার ব্যাপারে আশ্বাস চেয়েছিলেন। কিন্তু ট্রাম্প বলেন, ওই শরণার্থীদের যুক্তরাষ্ট্রে জায়গা দিলে তা ‘বোস্টনে হামলাকারীদের মতো নতুন কোনো বোমাবাজকে আশ্রয় দেওয়ার শামিল’ হবে।
যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার আনুষ্ঠানিক বিবৃতিতে অবশ্য দুই নেতার এ রকম বাদানুবাদের বিষয়টি প্রকাশ করা হয়নি। তবে ট্রাম্প শরণার্থী গ্রহণের ওই চুক্তির ব্যাপারে সংশয় জানিয়ে গত বুধবার টুইটারে লিখেছেন, ‘আপনারা এটা বিশ্বাস করেন? ওবামা প্রশাসন অস্ট্রেলিয়া থেকে হাজারো অবৈধ অভিবাসী নিতে রাজি হয়েছিল? কেন? আমি এই নির্বোধ চুক্তি পর্যালোচনা করে দেখব।’
টার্নবুলও পরে ওই ফোনালাপ প্রসঙ্গে বলেছেন, তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলে হতাশ হয়েছেন। এর আগে তিনি বলেন, দুজনের মধ্যে খোলামেলা আলাপ হয়েছে। ট্রাম্প আগেভাগে ফোন রেখে দেন বলে অস্ট্রেলীয় একটি বেতার কেন্দ্রের খবর নাকচ করে দিয়েছেন টার্নবুল।
এদিকে এপি জানায়, প্রতিবেশী মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর সঙ্গে ট্রাম্পের ফোনালাপের একটি সারসংক্ষেপ তারা সংগ্রহ করেছে। এতে দেখা যায়, গত শুক্রবারের ওই ফোনালাপে ট্রাম্প বলেন, মেক্সিকোর সেনারা দেশটির ‘বাজে লোকদের’ নিয়ন্ত্রণে যথেষ্ট উদ্যোগী না হলে মার্কিন সেনারা তাদের থামাতে যাবে।
বাজে লোক বলতে ট্রাম্প সম্ভবত মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করা লোকদের প্রতি ইঙ্গিত করেছেন। ওই সারসংক্ষেপে মেক্সিকোর প্রেসিডেন্টের কোনো জবাব পাওয়া যায়নি। এপি বলছে, এ থেকে প্রেসিডেন্ট ট্রাম্প রুদ্ধদ্বারের আড়ালে কী কূটনীতির চর্চা করছেন, সে বিষয়ে একটা ধারণা পাওয়া যায়। নির্বাচনী প্রচারাভিযানে যে রকম লাগামহীন কথাবার্তা বলতেন, প্রেসিডেন্ট হওয়ার পর বিশ্বনেতাদের সঙ্গেও একই ভাষায় কথা বলছেন।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা ওই ফোনালাপের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। মেক্সিকোর পররাষ্ট্র সম্পর্ক বিভাগ এপিকে বলেছে, ‘আপনারা যেসব নেতিবাচক মন্তব্যের উল্লেখ করেছেন, ওই ফোনালাপে সেগুলো ছিল না। বরং সবকিছু গঠনমূলক ছিল।’
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট এবং মিত্র প্রতিবেশী দেশ মেক্সিকোর নেতা সম্প্রতি সীমান্তে দেয়াল তৈরি নিয়ে বেশ কয়েক দফা পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। অবৈধ অভিবাসন ঠেকাতে সীমান্তে দেয়াল নির্মাণ করে তার খরচ মেক্সিকোর কাছ থেকেই আদায় করার কথা বলে আসছেন ট্রাম্প। তবে সম্প্রতি দুই নেতা এ নিয়ে প্রকাশ্যে কথা না বলতে একমত হন।