ট্রাম্পের শীর্ষ আইনজীবী জুলিয়ানি করোনায় আক্রান্ত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনসংক্রান্ত ভুয়া মামলা নিয়ে দৌড়ঝাঁপকারী আইনজীবী রুডি জুলিয়ানি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।
ট্রাম্প বলেছেন, ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতির নির্বাচনের তথ্য উন্মোচনে ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছেন জুলিয়ানি। তাঁকে নিউইয়র্কের ইতিহাসের সেরা মেয়র হিসেবে অভিহিত করে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন ট্রাম্প।
৬ ডিসেম্বর বিকেলে ট্রাম্প টুইট করে জুলিয়ানির সংক্রমিত হওয়ার কথা জানান। তার কয়েক ঘণ্টা আগে জুলিয়ানি ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে যোগ দেন।
টিভি সাক্ষাৎকারে জুলিয়ানি বলেন, জর্জিয়া, মিশিগান, উইসকনসিন ও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের আইনসভাকে এগিয়ে আসতে হবে। সংবিধান অঙ্গরাজ্য আইনসভাকে ক্ষমতা দিয়েছে বলে তিনি উল্লেখ করেন। দুর্নীতি ও জালিয়াতির নির্বাচনকে পাশ কাটিয়ে ইলেক্টোরাল কলেজের ব্যাপারে অঙ্গরাজ্য আইনসভার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
যেকোনো একটি অঙ্গরাজ্যে এমন পরিস্থিতির সূচনা হলে নির্বাচনের বিষয়টি সুপ্রিম কোর্টে যাবে এবং সুপ্রিম কোর্ট এ নিয়ে নির্দেশনা দিতে পারবেন বলে জুলিয়ানি আশা প্রকাশ করেন।
গতকাল রোববার সকালে টিভি সাক্ষাৎকার দেওয়ার সময় জুলিয়ানিকে অসুস্থ দেখা যায়নি। যদিও আগের সপ্তাহে মিশিগানের আইনসভায় এক শুনানির সময় তাঁর পেটের সমস্যার আলামত পান পাশে বসা লোকজন। এ নিয়ে সংবাদমাধ্যমে খবর বের হয়। বেশ কিছু টিভি চ্যানেল রেকর্ড করা শব্দ শুনিয়ে ট্রাম্পের আইনজীবী জুলিয়ানিকে নিয়ে হাস্যরসও করে।
৭৬ বছর বয়সী নিউইয়র্কের সাবেক মেয়র জুলিয়ানি গত ৩ নভেম্বরের নির্বাচনের পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ আইনজীবী হিসেবে আত্মপ্রকাশ করেন।
নির্বাচনপরবর্তী সময়ে বিভিন্ন অঙ্গরাজ্যে ভোট জালিয়াতির অভিযোগে ট্রাম্প শিবিরের পক্ষ থেকে অন্তত ৫০টি মামলা হয়। তার মধ্যে ৩০টি মামলা খারিজ হয়ে গেছে। কোথাও কোনো জালিয়াতির প্রমাণ এখনো ট্রাম্প শিবির দেখাতে পারেনি।
দুই সপ্তাহ আগে জুলিয়ানির ছেলে অ্যান্ড্রু জুলিয়ানি করোনায় সংক্রমিত হন। অ্যান্ড্রু হোয়াইট হাউসের একজন কর্মকর্তা।
হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া, ট্রাম্পের দুই ছেলে, চিফ অব স্টাফ, প্রেস সেক্রেটারিসহ ৩০ জনের বেশি করোনায় সংক্রমিত হয়েছেন।
৩ নভেম্বরের পর জুলিয়ানি একের পর এক সুইং স্টেট পরিদর্শনে গিয়েছেন। তিনি গত বুধবার মিশিগানে, বৃহস্পতিবার জর্জিয়া সফর করে ট্রাম্পের কথিত ভোট জালিয়াতির অভিযোগ নিয়ে অঙ্গরাজ্য আইনপ্রণেতাসহ অন্যদের সঙ্গে সভা করেন। তিনি ঠিক কোথায় কোন সময় সংক্রমিত হয়েছেন, তা জানা যায়নি।
গতকাল জুলিয়ানিকে ওয়াশিংটনের জর্জ টাউন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জুলিয়ানির অসুস্থতার খবর টুইট করে ট্রাম্প বলেছেন, জুলিয়ানি চায়না ভাইরাসে সংক্রমিত হয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে তিনি লড়াই চালিয়ে যাওয়ার কথা আবার জানিয়েছেন।
এদিকে, মিশিগানের প্রত্যন্ত এলাকার আন্ট্রিম কাউন্টির ২২টি ডোমিনিয়ন ভোটিং মেশিন সঠিকভাবে কাজ করেছে কি না, এ নিয়ে ফরেনসিক পরীক্ষার আদেশ দিয়েছেন অঙ্গরাজ্যের একটি আদালত। স্থানীয় এক ভোটারের মামলার পরিপ্রেক্ষিতে মিশিগান অঙ্গরাজ্যের আদালত এ আদেশ দিয়েছেন।
আবেদনে বলা হয়, কাউন্টির ভোট গণনার সময় ব্যালট পেপার কুঁচকানো দেখা গেছে।
আদালতের এ আদেশকে জুলিয়ানি ও ট্রাম্প-সমর্থকেরা নির্বাচনে জালিয়াতি প্রমাণের পক্ষে বড় বিজয় বলে মনে করছেন।
যদিও আদালতের আদেশে কোথাও প্রেসিডেন্ট নির্বাচনের ভোট নিয়ে কোনো কথার উল্লেখ নেই বলে ডেট্রয়েট ফ্রি প্রেস নামের পত্রিকা জানিয়েছে।