ট্রাম্পের শেখার আছে অনেক কিছু

দেখতে দেখতে প্রেসিডেন্ট ট্রাম্পের এক বছর পেরিয়ে গেল। গণমাধ্যমের সুবাদে জানা গেল, তাঁর কাজের অনুমোদন হলো ৩৮ শতাংশ, এক বছর পর ওবামার ছিল ৫০ শতাংশ, ক্লিনটনের ছিল ৫৪ শতাংশ এবং প্রেসিডেন্ট বুশের ছিল ৮৩ শতাংশ।
এ কথা সবারই জানা, ট্রাম্প দেশে ও বিশ্বব্যাপী তাঁর কর্মকাণ্ড নানা ধরনের বিতর্কের জন্ম দিয়েছেন। সম্প্রতি তাঁর সঙ্গে ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ সিনেটরদের এক যৌথ সভায় আফ্রিকা ও অন্যান্য কম উন্নত দেশ থেকে আমেরিকায় অভিবাসী আগমনকে কেন্দ্র করে তিনি ওই সব দেশকে ‘শিট হোল’ বলেছেন, যার ঠিক বাংলা আক্ষরিক অর্থ নেই, তবে কথাটাতে ‘নোংরা’ বোঝানো হয়েছে।
আমেরিকা বিশাল দেশ। এর অর্থনীতিও বিশাল। আমেরিকার অর্থনীতি খারাপ হলে তা সারা পৃথিবীতে প্রভাব ফেলে। তবে শুধু অর্থনৈতিক উন্নতি দিয়ে আজকের দুনিয়ায় উন্নয়ন মাপা হয় না। মানবিক উন্নয়নের সূচকে বিশ্বের বহু দেশ এমনকি বাংলাদেশও আমেরিকার চেয়ে কোনো কোনো ক্ষেত্রে এগিয়ে।
আমেরিকার প্রেসিডেন্ট কেন আফ্রিকার দেশকে ‘শিট হোল’ বলেছেন, আফ্রিকার দেশ বতসোয়ানা তা আমেরিকার কাছ থেকে জানতে চেয়েছে। না, তারা কোনো হুমকি দেয়নি, কোনো অস্ত্রের মহড়াও দেয়নি, তারা তা কূটনৈতিকভাবে আমেরিকার কাছে জানতে চেয়েছে। আর তাই প্রথমেই আমেরিকাকে শিখতে হবে কূটনীতি।
আমেরিকার দক্ষিণের কোনো কোনো অঙ্গরাজ্যের মানুষের গড় আয়ু বাংলাদেশের মানুষের চেয়ে কম। দুর্যোগ (সাইক্লোন) মোকাবিলায় বাংলাদেশ যে রকম দক্ষতা অর্জন করেছে, আমেরিকা এত উন্নত হয়েও তা অর্জন করতে পারেনি। ২০০৫ সালে নিউ অরলিন্স যখন হারিকেনের আঘাতে লন্ডভন্ড হয়েছে, তখন বলা হয়েছিল বাংলাদেশ কীভাবে তা মোকাবিলা করে, আমেরিকাকে তা শিখতে হবে। পরিবেশ উন্নয়নে বাংলাদেশে পলিথিনের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ হলেও আমেরিকায় তা এখনো সম্ভব হয়নি।
আফ্রিকার ছোট্ট একটা দেশ সিয়েরা লিওনের সরকার সেখানকার গর্ভবতী মা ও পাঁচ বছর বয়সী শিশুর জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবার ব্যবস্থা করেছে। অন্যদিকে আমেরিকায় এখনো বিষয়টি রাষ্ট্রীয় পর্যায়ে পর্যাপ্ত নজর পায়নি। আমেরিকায় শিশু জন্ম দেওয়ার সময় মাতৃমৃত্যুর হার যুক্তরাজ্যের চেয়ে ৫ গুণ বেশি।
কেনিয়া ও বাংলাদেশের যত মানুষ মুঠোফোনের মাধ্যমে অর্থ লেনদেন করে, আমেরিকা এখনো তার ধারেকাছেও নেই। জানা যায়, কেনিয়ার ৮৮ শতাংশ মানুষ মুঠোফোনের মাধ্যমে অর্থের লেনদেন করে। বাংলাদেশের পরিসংখ্যান জানা না গেলেও এর পরিমাণ যে আমেরিকার চেয়ে বেশি তা সন্দেহাতীত।
মেয়েরা সার্ভিকল বা গর্ভাশয়ের একটি অংশের ক্যানসারে যাতে আক্রান্ত না হয়, সে জন্য একটি টিকা দেওয়া হয়। আফ্রিকার আরেক ছোট্ট দেশ রুয়ান্ডা সেখানে সবার মধ্যে এই টিকাদানের কর্মসূচি নিয়েছে। আশা করা যায়, ২০২০ সালের মধ্যে তারা সেখান থেকে এই রোগ নির্মূল করতে পারবে। আমেরিকা সেই তুলনায় অনেক পিছিয়ে।
বুকের দুধ শিশুর জন্য অতি প্রয়োজনীয়, আফ্রিকা ও এশিয়ার অনেক ক্ষুদ্র দেশে যেখানে বেশির ভাগ মা তাদের শিশুদের বুকের দুধ পান করায়, সেই তুলনায় আমেরিকায় মাত্র ২০ ভাগ মা শিশুর জন্মের ৬ মাস পর্যন্ত বুকের দুধ পান করান।
উন্নয়নশীল ও অনুন্নত বিশ্বের বেশির ভাগ দেশের মানুষই একাধিক ভাষা জানে, আমেরিকানরা জানে মাত্র একটি ভাষা—ইংরেজি। এ–সম্পর্কিত একটি চুটকিও আছে—যদি কেউ দুটি ভাষা জানে, তবে তাকে বলে বাই লিংগুয়াল, যদি তিনটি ভাষা জানে তবে বলে ট্রাইলিংগুয়াল আর যদি একটি ভাষা জানে তাকে বলে আমেরিকান।
সারা পৃথিবী যেখানে মাপের ক্ষেত্রে মেট্রিক পদ্ধতি ব্যবহার করে, আমেরিকা সেখানে এখনো সনাতন পদ্ধতি (পাউন্ড, মাইল) ব্যবহার করে। দেখা গেছে আমেরিকাতে অভিবাসীদের সন্তানের কলেজে যাওয়ার হার আমেরিকান পরিবারের চেয়েও বেশি।