ট্রাম্পের সংশোধিত আদেশের বিরুদ্ধেও মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছয়টি দেশের ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংশোধিত নির্বাহী আদেশের বিরুদ্ধে হাওয়াইতে মামলা হয়েছে। সংশোধিত ওই আদেশের বিরুদ্ধে এটাই প্রথম মামলা।

আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের প্রথম নির্বাহী আদেশের বিরুদ্ধে যে কয়টি অঙ্গরাজ্য মামলা করেছিল, তার মধ্যে হাওয়াই অন্যতম। নতুন নির্বাহী আদেশ সম্পর্কে হাওয়াইয়ের অ্যাটর্নি জেনারেল বলেছেন, এই নতুন সংস্করণটি মৌলিকভাবে প্রথম আদেশের মতোই। এ আদেশকে তিনি ‘মুসলিম নিষেধাজ্ঞা ২.০’ বলে অভিহিত করেছেন।

১৬ মার্চ থেকে কার্যকর হতে যাওয়া নতুন এ আদেশে প্রধানত ছয়টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে ৯০ দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সব শরণার্থীর জন্য ১২০ দিনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নতুন আদেশে নিষিদ্ধের তালিকায় রয়েছে ছয়টি দেশ—ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন। প্রথম নিষেধাজ্ঞার তালিকায় ছিল ইরাক। তবে দেশটির সরকারের সর্বোচ্চ পর্যায়ের লবিংয়ের পর সে দেশকে নিষিদ্ধ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

হাওয়াইয়ের মামলায় দ্রুত ট্রাম্পের সংশোধিত আদেশ বাতিলের আহ্বান জানানো হয়েছে। আদালত এ মামলা শুনানির জন্য ১৫ মার্চ দিন ধার্য করেছেন।
হাওয়াইয়ের এ মামলা সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে আগে বলা হয়েছিল, এমন আদেশ জারি করার অধিকার প্রেসিডেন্টের রয়েছে।

মার্কিন ফেডারেল আদালতের নির্দেশে প্রথম দফার নির্বাহী আদেশ স্থগিত হওয়ার পর সংশোধিত এই নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। এ আদেশও আইনি চ্যালেঞ্জের মুখে পড়ল।