ট্রাম্পের সংস্কার উদ্যোগে অভিবাসীরা উৎকণ্ঠায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহু অভিবাসীর দেশ যুক্তরাষ্ট্রে অভিবাসনব্যবস্থায় নাটকীয় পরিবর্তন আসছে বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পুরোনো পদ্ধতির অভিবাসনব্যবস্থায় কাজ হচ্ছে না। যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য মেধাভিত্তিক অভিবাসনব্যবস্থা চালু করার অভিপ্রায় জানিয়েছেন তিনি।

পারিবারিক বা অন্যান্য প্রচলিত অভিবাসন-প্রক্রিয়া থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার উদ্যোগ চলছে। অন্যান্য পশ্চিমা দেশের মতো সেখানেও এখন অভিবাসনবিরোধী মনোভাব চাঙা। রাজনৈতিক এ বাস্তবতার সুযোগ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন আইনে কী পরিবর্তন আনবেন—মার্কিন অভিবাসী মহলে এ নিয়ে চলছে উদ্বেগ-উৎকণ্ঠা। গত মঙ্গলবার কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন অভিবাসন নিয়ে তাঁর পরিকল্পনার কথা বলেছেন।
কংগ্রেসে বক্তব্য দেওয়ার আগেই মার্কিন গণমাধ্যমের কাছে দেওয়া বক্তব্যে বলেছেন, অভিবাসন আইনের সংস্কার নিয়ে তিনি আইনপ্রণেতাদের সঙ্গে সমঝোতা করতে ইচ্ছুক। এ নিয়ে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের সমঝোতার কথা বলেছেন তিনি। যদিও মঙ্গলবার সন্ধ্যায় কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি বলেছেন, কানাডাসহ বিভিন্ন দেশে মেধাভিত্তিক অভিবাসন হওয়ার ফলে দেশগুলো লাভবান হচ্ছে, অথচ আমেরিকার অভিবাসন প্রবাহে অদক্ষ লোকজনের বিরামহীন প্রবেশ ঘটছে। এসব অদক্ষ লোকজনের পেছনে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। এ পুরোনো অভিবাসন পদ্ধতির অবসান ঘটানো হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২০০৭ সালে অভিবাসন আইনের সংস্কার নিয়ে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ কাজ করেছিলেন। আমেরিকায় বসবাসরত ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীর জন্য কর্মদক্ষতার বিষয়টি অগ্রাধিকার দেওয়ার একটি বিধান রাখা হয়েছিল সে সময়। জর্জ বুশের সময় পেরিয়ে অভিবাসনবান্ধব হিসেবে পরিচিত বারাক ওবামা ক্ষমতায় আসেন ২০০৮ সালে। তাঁর অন্যতম প্রতিশ্রুতি ছিল অভিবাসন আইন সংস্কার। ক্ষমতায় থাকা অবস্থায় বারাক ওবামা অভিবাসন আইন সংস্কার নিয়ে ব্যর্থ হয়েছেন। তখন ডেমোক্র্যাট দল নিজেরাই ঐক্যবদ্ধ হতে পারেনি। গত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়ে পরিস্থিতি আরও জটিল হয়েছে। অভিবাসনবিরোধিতা উসকে দিয়ে নিজের সমর্থকদের মধ্যে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের ব্যাপারে তিনি কোনো আপস করছেন না। অভিবাসনের সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তা জড়িয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসনবিরোধী উদ্যোগ নিচ্ছেন একের পর এক। সাতটি মুসলিম প্রধান দেশ থেকে ভ্রমণসংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করে তাঁর অভিবাসনবিরোধী যাত্রা শুরু করেন। ব্যাপক প্রতিবাদ হয়েছে যুক্তরাষ্ট্রের শহরগুলোতে। আদালতে নির্বাহী আদেশ প্রদান নিয়ে হোঁচট খাওয়ার পর এবারে ভিন্ন পথে হাঁটছেন ট্রাম্প। সবাইকে নিয়ে অভিবাসন আইন সংস্কারের কথা বলে আমেরিকার পুরো অভিবাসনব্যবস্থাকেই পাল্টে দেওয়ার কথা বলছেন তিনি।

যুক্তরাষ্ট্রের অভিবাসনব্যবস্থায় পারিবারিক অভিবাসনের সংখ্যাই বেশি। একজন মার্কিন নাগরিক তাঁর আপনজনকে অভিবাসনের জন্য আবেদন করতে পারেন। এ ধরনের অভিবাসনের ফলে ব্যাপকসংখ্যক অদক্ষ অভিবাসীর প্রবেশ ঘটে। মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউশনের দেওয়া তথ্য মতে, ২০১৪ সালে আমেরিকায় ১০ লাখেরও বেশি লোকের অভিবাসন ঘটেছে। এর মধ্যে ৬৪ শতাংশই পারিবারিক অভিবাসনে আসা। এর বাইরে চাকরি নিয়ে, রাজনৈতিক আশ্রয় নিয়ে এবং ডিভি লটারি নিয়ে আসা লোকজনের অভিবাসনও ঘটেছে। প্রথম প্রজন্মের এসব অভিবাসীর অধিকাংশ যুক্তরাষ্ট্রে অদক্ষ কর্মজীবী হিসেবেই কাজ করে থাকেন। অভিবাসীদের দ্বিতীয় প্রজন্মই আমেরিকায় সাফল্যে, কর্মে সবচেয়ে উজ্জ্বল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মেধাভিত্তিক অভিবাসনব্যবস্থা চালু করলে আমেরিকার অনেক অর্থের সাশ্রয় হবে। তিনি বলেছেন, আমেরিকার শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাবে এবং অভিবাসী পরিবারগুলোও উপকৃত হবে। বিশ্লেষকেরা বলছেন, অর্থনীতির হিসাবটি এমন সহজ নয়।

নিউইয়র্ক টাইমস তাদের এ-সংক্রান্ত প্রতিবেদনে বলেছে, অদক্ষ অভিবাসীরা আমেরিকার অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। আমেরিকার সেবা খাত, নির্মাণসহ নিম্ন মজুরির কাজ এসব অদক্ষ অভিবাসী দ্বারাই চালিত। মেধাভিত্তিক অভিবাসন পরিকল্পনায় এসব ক্ষেত্রে কর্মীর সংকট দেখা দেবে বলে মনে করা হচ্ছে।
কার্যত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন সংস্কারের নামে কী করতে চাচ্ছেন, এ নিয়ে নিশ্চিত নন কোনো মহলই। ভ্রমণনিষেধাজ্ঞা প্রদান করে জারি করা প্রথম নির্বাহী আদেশের পর আরেকটি নির্বাহী আদেশ জারি করা হবে বলে খোদ প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন। এখনো এ নিয়ে আর কোনো নির্বাহী আদেশ জারি হয়নি। হঠাৎ করে মেধাভিত্তিক অভিবাসনব্যবস্থা চালু করার কথা বলে প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো ভিন্ন কিছু করতে চাচ্ছেন বলে সন্দেহ করা হচ্ছে। অভিবাসীদের মধ্যে ডেমোক্র্যাটদের সমর্থক বেশি। সংগত কারণেই এসব অভিবাসীর পারিবারিক অভিবাসনে আসা নতুন অভিবাসীদের ডেমোক্র্যাট দলের ভোট ব্যাংক হিসেবে মনে করা হয়। সংশয়-সন্দেহে পড়া অভিবাসী গ্রুপগুলো মনে করছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৫০ বছর থেকে চলে আসা আমেরিকার স্বাভাবিক অভিবাসন প্রবাহ বদলে দেওয়ার ফন্দি করছেন। আইনপ্রণেতাদের সুস্পষ্ট প্রস্তাবনা বা আলোচনা ছাড়া অভিবাসন আইনের গুরুতর কোনো পরিবর্তন কাম্য নয় অভিবাসী গ্রুপগুলোর। এর মধ্যে অভিবাসন নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৃহৎ পরিকল্পনাকে আঁচ করার চেষ্টা করা হচ্ছে সব মহল থেকেই।