ট্রাম্পের সঙ্গ ত্যাগে রিপাবলিকানদের প্রতি আহ্বান

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে রিপাবলিকান পার্টিকে সতর্ক করে দিয়েছেন সাবেক রিপাবলিকান সিনেটর জন ড্যানফোর্থ। ওয়াশিংটন পোস্ট-এ ২৪ আগস্ট প্রকাশিত এক মন্তব্য প্রতিবেদনে তিনি বলেছেন, রিপাবলিকান পার্টিকে ধ্বংস করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ দলকে বাঁচাতে হলে ট্রাম্পের সঙ্গে দলের দ্রুত বিচ্ছেদ ঘটাতে হবে।
ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত প্রতিবেদনটির শিরোনাম ছিল ‘ট্রাম্প ঠিক তাই, রিপাবলিকানরা যা নয়’। এ মন্তব্য প্রতিবেদনে মিসৌরির সাবেক এই সিনেটর নিজ দলের সদস্যদের ট্রাম্প সম্পর্কে সতর্ক করে দেন। এতে তিনি লেখেন, ‘রিপাবলিকান বন্ধুদের বলছি: ডোনাল্ড ট্রাম্পকে আমরা রিপাবলিকান পার্টির নতুন ব্যাখ্যা ও পরিচয় হাজির করতে দিতে পারি না। এ ভয়ংকর মানুষটি আমাদের দলকে ধ্বংস করছে। আর এটি এখন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। ট্রাম্পের বিভেদ সৃষ্টিকারী কর্মকাণ্ড ও বক্তব্য রিপাবলিকান পার্টির মূল বাণীর জন্য হুমকিস্বরূপ।’
ড্যানফোর্থ লেখেন, ‘গৃহযুদ্ধকালে ঐক্যের ভিতের ওপর সৃষ্টি হয়েছে রিপাবলিকান পার্টির। এ দল মহান নেতা আব্রাহাম লিঙ্কনের। আর তিনি (ট্রাম্প) এ দলের প্রতিষ্ঠাকালীন মূল ভিত্তি—ঐক্যের বিপরীতে দাঁড়িয়েছেন।’
প্রসঙ্গত, নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে দায়িত্ব গ্রহণের পরও বিভিন্ন বিভেদমূলক বক্তব্য প্রদানের কারণে ট্রাম্প বরাবরই সমালোচনার কেন্দ্রে রয়েছেন। এ বিষয়ক সিএনএনের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনী প্রচারের সময় আমেরিকার বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠী ও নারীদের বিষয়ে বিভেদমূলক বক্তব্য দেন ট্রাম্প। ক্ষমতা গ্রহণের পরও এর ব্যত্যয় হয়নি। সর্বশেষ শার্লটসভিলের ঘটনায় তাঁর একধরনের সম্মতি প্রদানকে কেন্দ্র করে আবারও সমালোচনা শুরু হয়। এর আগে সামরিক বাহিনীতে ট্রান্সজেন্ডারদের নিযুক্তিতে নিষেধাজ্ঞার কথা বলেও তিনি সমালোচিত হন।
এ বিষয়ে ড্যানফোর্থ লেখেন, তাঁর (ট্রাম্প) বার্তা হচ্ছে, ‘তুমি আমাদের কেউ নও’, যা একটি বহুত্ববাদী সমাজের ঘোর বিরোধী। আর তাঁর সামনে যখন আমেরিকানদের একতাবদ্ধ করার সুযোগ আসে, তখন তিনি তা করেন হিংসাত্মক বক্তব্য প্রদানের মাধ্যমে। আমাদের ইতিহাসে তিনিই সবচেয়ে বিভেদ সৃষ্টিকারী প্রেসিডেন্ট। জাতীয় রাজনীতিতে জর্জ ওয়ালেসের (অ্যালাবামার সাবেক গভর্নর) পর এ ধরনের ব্যক্তি আর দেখা যায়নি।’
এ অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে রিপাবলিকান পার্টি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে ড্যানফোর্থ দলটির কংগ্রেস সদস্যদের প্রতি ট্রাম্পকে চ্যালেঞ্জ জানানো ও রিপাবলিকান পার্টিকে ট্রাম্পমুক্ত করার আহ্বান জানান। তিনি লেখেন, ‘দল ও জাতির স্বার্থেই আমাদের রিপাবলিকানদের ট্রাম্প থেকে বিযুক্ত হতে হবে। তার বিভেদমূলক বিভিন্ন কর্মকাণ্ড ও কৌশলের সুস্পষ্ট ও প্রকাশ্য বিরোধিতার মাধ্যমে আমাদের জানিয়ে দিতে হবে যে ট্রাম্প যা করছেন, তা রিপাবলিকান চেতনা থেকে উৎসারিত নয়।’