ট্রাম্পের সঙ্গে দেখা করবেন না নিহত কমান্ডোর বাবা
ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ২৮ জানুয়ারি ইয়েমেনে একটি সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন। ওই অভিযান চালানোর সময় নিহত হয়েছিলেন মার্কিন বিশেষ বাহিনী নেভি সিলের কমান্ডো উইলিয়াম রায়ান ওয়েনস। তাঁর বাবার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন ট্রাম্প। কিন্তু সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন রায়ানের বাবা বিল ওয়েনস।
গত রোববার মার্কিন গণমাধ্যম মায়ামি হেরাল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল ওয়েনস বলেন, ‘আমি দুঃখিত, আমি তাঁর সঙ্গে (ট্রাম্প) দেখা করতে চাই না। সরকারের উচিত আমার সন্তানের মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখা।’ দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মাথায় ট্রাম্পের এ ধরনের অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে বিল ওয়েনস বলেন, ‘প্রেসিডেন্টকে জবাব দিতে হবে। দায়িত্ব নেওয়ার সপ্তাহখানেকের মাথায় তিনি কেন এ ধরনের অভিযানের নির্দেশ দিলেন।’
রায়ানের বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন, আগের দুই বছরে ইয়েমেনে মার্কিন সামরিক সদস্যদের নামানো হয়নি। হঠাৎ করেই এ ধরনের প্রদর্শনী অভিযানের কী প্রয়োজন ছিল?