
যুক্তরাষ্ট্রের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা জোর দিয়ে বলেছেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই’ দেশটির হ্যাকাররা মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির কম্পিউটার হ্যাক করেছিল। গতকাল বৃহস্পতিবার সিনেটে শুনানিতে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জেমস ক্ল্যাপার এ দাবি করে বলেন, পুতিন কেন এ নির্বাচনে হস্তক্ষেপ করেছিলেন, তা আগামী সপ্তাহেই প্রকাশিত হবে।
শুনানিতে জেমস ক্ল্যাপার ছাড়াও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান মাইকেল রজার্স এবং প্রতিরক্ষা গোয়েন্দা দপ্তরের আন্ডার সেক্রেটারি মারসেল লেট্রে অংশ নেন। সিনেটের সশস্ত্র বাহিনীবিষয়ক কমিটিকে তাঁরা জানান, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে বিপর্যস্ত করতে ডেমোক্রেটিক পার্টির কম্পিউটার হ্যাক করার ঘটনা রাশিয়ার বহুমুখী প্রচেষ্টাগুলোর একটি।
জেমস ক্ল্যাপার বলেন, প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রচারণায় মস্কো অবশ্যই হস্তক্ষেপ করেছে এবং তাদের এই সাইবার হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় হুমকি’। এই হ্যাকিংয়ের কারণেই অপপ্রচার, তথ্যবিভ্রাট এবং ভুয়া সংবাদ প্রকাশ হওয়ার মতো ঘটনাগুলো ঘটেছে।
গোয়েন্দাপ্রধানেরা সিনেটের সশস্ত্র বাহিনীবিষয়ক কমিটিকে এক যৌথ বিবৃতিতে বলেন, ‘আমরা নির্ণয় করেছি, নির্বাচন সামনে রেখে তথ্য চুরি এবং প্রকাশের নির্দেশ একমাত্র রাশিয়ার শীর্ষ কর্তৃপক্ষই দিতে পারে।’ তাঁরা বলেন, প্রযুক্তিতে রাশিয়ার যে দক্ষতা, তা যুক্তরাষ্ট্রের সরকার, সামরিক বাহিনী, কূটনীতি, বাণিজ্যিক ও স্পর্শকাতর অবকাঠামো এবং অন্য মুখ্য বিষয়গুলোর জন্য হুমকি।
নির্বাচনে রুশ হস্তক্ষেপের এই অভিযোগকে কেন্দ্র করে ওবামা প্রশাসন সম্প্রতি রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেয়। যুক্তরাষ্ট্রে কর্মরত ৩৫ জন রুশ কূটনীতিককে সে দেশত্যাগে ৭২ ঘণ্টার সময় বেঁধেও দেওয়া হয়। এর জবাবে রাশিয়াও একই পদক্ষেপ নেবে বলে ধারণা করা হলেও একদম শেষ মুহূর্তে পুতিন তা নাকচ করে দেন। রুশ প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে ট্রাম্প টুইটারে ‘স্মার্ট পদক্ষেপ’ বলে মন্তব্য করেন। তাঁর এমন পুতিনভক্তিও সমালোচকদের মনে সন্দেহের সৃষ্টি করেছে।
এদিকে গোয়েন্দাদের দাবির সত্যতা নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন নির্বাচনে রিপাবলিকান পার্টির বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এই হবু প্রেসিডেন্টকে আজ শুক্রবার নির্বাচনে রুশ হ্যাকারদের ‘কাণ্ডকীর্তি’ সম্পর্কে বিস্তারিত জানানোর কথা। তার আগেই ট্রাম্প ব্যঙ্গ করে বলেছেন, তিনি গোয়েন্দা গোষ্ঠীর ‘বড় ফ্যান’ হয়ে গেছেন। এখন পর্যন্ত তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কেউ প্রতিক্রিয়া না দেখালেও উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে সমর্থন জানিয়ে তাঁর টুইটে অসন্তোষ ব্যক্ত করেছেন নেতৃস্থানীয় কয়েকজন রিপাবলিকান নেতা।
অ্যাসাঞ্জ মঙ্গলবার দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পূর্বমুহূর্তে তাঁর প্রতিষ্ঠানের ফাঁস করা ডেমোক্রেটিক পার্টির তথ্যগুলোর উৎস রাশিয়া ছিল না। তাঁর এ বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বুধবার সকালে ট্রাম্প টুইট করে বলেন, অ্যাসাঞ্জ বলেছেন, ‘১৪ বছর বয়সী এক কিশোর জন পোডেস্টার ই-মেইল হ্যাক করে থাকতে পারে’—কেন ডিএনসি এত বেখেয়াল? এই ইস্যুতে মার্কিন গণমাধ্যমের ভূমিকার
সমালোচনা করে আরেক টুইটে ট্রাম্প বলেন, ‘তারা এতটাই অসৎ, যা কারও জানারও বাইরে।’
ওই দিনই মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান এক বেতার অনুষ্ঠানে অ্যাসাঞ্জকে ‘রাশিয়ার চাটুকার’ হিসেবে আখ্যায়িত করেন।