ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিল করলেন মেক্সিকোর প্রেসিডেন্ট

সীমান্তে দেয়াল নির্মাণের ঘোষণার জের ধরে মেক্সিকোর প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন। মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিতো বৃহস্পতিবার তাঁর এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।
আর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অবিলম্বে দেয়াল নির্মাণ শুরু করার নির্বাহী আদেশ জারি করেন। একই সঙ্গে তিনি নির্বাচনী প্রচারণার মতো বলেছেন, দেয়াল নির্মাণের ব্যয় শেষ পর্যন্ত মেক্সিকো সরকারকেই শোধ করতে হবে।
মেক্সিকো এ ধরনের দেয়াল নির্মাণের বিরোধিতা করে আসছে ও দেয়াল নির্মাণের কোনো ব্যয় তারা পরিশোধ করবে না বলে আগেই জানিয়ে দিয়েছে। বাণিজ্য চুক্তির ভারসাম্য নিয়ে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে এমনিতেই শীতল সম্পর্ক চলছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের পরই বুধবার রাতে মেক্সিকোর প্রেসিডেন্ট এক বার্তায় যুক্তরাষ্ট্রের সীমান্ত দেয়াল নির্মাণ ও ব্যয়ভার আদায়ের ঘোষণার নিন্দা জানান।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ এবং অবৈধ অভিবাসী ঠেকানোর জন্য মার্কিন কৌশল নিয়ে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়েছে। রাত পেরোতেই মেক্সিকোর প্রেসিডেন্ট তাঁর ওয়াশিংটন সফর বাতিলের ঘোষণা দিলেন।
যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ মেক্সিকো। অভিবাসন নিয়ন্ত্রণ, বাণিজ্য সহযোগিতা, সীমান্ত নিরাপত্তাসহ শ্রম সরবরাহ নিয়ে দু দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক বিদ্যমান ছিল।
আরও পড়ুন...