ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করছেন আবে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বিদেশি নেতা হিসেবে দেখা করছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য সম্মেলনে যোগ দিতে পেরু যাওয়ার পথে গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাত্রাবিরতি করার কথা আবের। এরই ফাঁকে ম্যানহাটনে ট্রাম্পের সদর দপ্তরে স্থানীয় সময় গতকাল সন্ধ্যায় দুই নেতার সাক্ষাৎ হওয়ার কথা।
ট্রাম্প-আবের এই বৈঠক অনেক দিক থেকেই গুরুত্বপূর্ণ। ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিতে চলা ট্রাম্পের পররাষ্ট্রনীতি সম্পর্কে এ বৈঠকে আবে ধারণা নেওয়ার চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে।
‘অনিশ্চিত’ প্রতিবেশী উত্তর কোরিয়াকে রুখতে জাপান পারমাণবিক শক্তিধর হওয়ার চেষ্টা করবে উল্লেখ করে ট্রাম্প প্রচারণার সময় বিভিন্ন মন্তব্য করেছিলেন। এ ছাড়া জাপানকে নিরাপত্তা দিতে সে দেশে অবস্থানরত মার্কিন সেনাবাহিনীর খরচ মেটাতে টোকিওকে আরও অর্থ দিতে হবে বলেও দাবি জানিয়েছিলেন তিনি। দাবি না মানলে ওই অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছিলেন। মার্কিন সেনাদের সহায়তা ও জাপানে মার্কিন ঘাঁটি চালানোর ব্যয় বাবদ বর্তমানে ওয়াশিংটনকে ১৭০ কোটি ডলার করে দিচ্ছে টোকিও।
আবে ও ট্রাম্পের বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য সম্পর্ক নিয়েও আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। দুই দেশের মধ্যে বর্তমানে বার্ষিক বাণিজ্যের পরিমাণ ২২ হাজার কোটি মার্কিন ডলার।
গতকাল দেশত্যাগের আগে শিনজো আবে বলেছিলেন, তিনি ট্রাম্প সরকারের সঙ্গে ‘আস্থা গড়ে তুলতে’ এবং ‘সমৃদ্ধি এবং বিশ্বশান্তির জন্য’ একসঙ্গে কাজ করতে চান।