ট্রাম্পের সফর নিয়ে ৫টি জানার বিষয়
ক্ষমতা গ্রহণের চার মাস পর প্রথম বিদেশ সফরের সূচনায় গতকাল শনিবার সৌদি আরব পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নয় দিনের এ সফরে মধ্যপ্রাচ্য ছাড়াও ইউরোপে যাবেন তিনি। ট্রাম্পের আলোচিত এ সফর সম্পর্কে জানার উল্লেখযোগ্য পাঁচটি বিষয়:
১
ক্ষমতায় যাওয়ার আগেই অভিবাসী ও মুসলিমবিরোধী মনোভাব স্পষ্ট জানিয়ে অনেককে ক্ষুব্ধ করে তোলা ট্রাম্প সৌদিতে ইসলাম ধর্মের ওপর বক্তৃতা দেবেন। তবে মুসলিমদের তিনি অপছন্দ করেন না, এটা প্রমাণ করতে হলে ট্রাম্পকে ভালোই কাঠখড় পোড়াতে হবে। ক্ষমতায় এসেই সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা-সংবলিত নির্বাহী আদেশে সই করেছেন তিনি, যদিও পরে তা ছয় দেশে নামিয়ে আনেন। বিক্ষোভ, আদালতের হস্তক্ষেপ, নানা সন্দেহ-সংশয়ে পড়ে এই নির্বাহী আদেশ একেবারে শুরুর দিন থেকেই বিতর্কিত হয়ে রয়েছে। ট্রাম্পের জন্য এ এক দুঃস্বপ্নই।
২
সৌদি আরব থেকে ইসরায়েল যাবেন ট্রাম্প। জেরুজালেমে ইহুদিদের ধর্মীয় স্থান ওয়েস্টার্ন ওয়াল তিনি সফর করবেন। ইসরায়েল নিয়ে ট্রাম্পের নীতিও অস্পষ্ট ও বিতর্কিত। ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইসরায়েল দূতাবাস তেলআবিব থেকে সরিয়ে বিরোধপূর্ণ জেরুজালেমে নেওয়াকে সমর্থন করেন। এর মানে, তিনি জেরুজালেম নগরকে ইসরায়েলের রাজধানী হিসেবে মেনে নেবেন। ট্রাম্প এ অবস্থানে অটল থাকলে তা ফিলিস্তিন ও আরব নেতাদের ক্ষুব্ধ করে তুলবে।
৩
ইতালি সফরে গিয়ে ভ্যাটিকানে বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গেও ট্রাম্পের বৈঠক করার কথা রয়েছে। প্রেসিডেন্ট হিসেবে পোপের সঙ্গে এটা হবে তাঁর প্রথম সাক্ষাৎ। গত বছরের নির্বাচনী প্রচারের সময় মেক্সিকো থেকে অবৈধ অভিবাসী আসা ঠেকাতে সীমান্তে দেয়াল নির্মাণ করতে ট্রাম্পের প্রতিশ্রুতির দিকে ইঙ্গিত করে পোপ বলেছিলেন, ‘যিনি
এমন পদক্ষেপ নেবেন তিনি খ্রিষ্টান নন।’ এ বক্তব্যকে প্রকাশ্যে ‘অবমাননাকর’ বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প।
৪
বেলজিয়ামের ব্রাসেলসে দুই দিন থাকবেন ট্রাম্প। ন্যাটোর সদর দপ্তর ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কার্যালয়ে যাবেন তিনি। এ সময় বেলজিয়ামে ট্রাম্পবিরোধী বড় বিক্ষোভ হবে বলে মনে করা হচ্ছে। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ন্যাটোকে ‘সেকেলে’ বলে আখ্যায়িত করেন। তিনি ইইউ জোটেরও সমালোচনা করে ইঙ্গিত দেন, যুক্তরাজ্যকে অনুসরণ করে আরও কিছু দেশ এ জোট ছাড়ার পদক্ষেপ নিতে পারে। তবে প্রেসিডেন্ট হয়ে তিনি এই উভয় বক্তব্য থেকে পিছু হটেন।
৫
ট্রাম্প যেদিন ন্যাটোর সদর দপ্তর পরিদর্শনে যাবেন, সেদিনই জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বৈঠক করবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে। ম্যার্কেল ও ট্রাম্প ন্যাটোর বৈঠকে বক্তৃতা করবেন। তবে ম্যার্কেল এর আগে ওবামার সঙ্গে বার্লিনের ব্রান্ডেনবুর্গ গেটে এক অনুষ্ঠানে বক্তব্য দেবেন। ওই ঐতিহাসিক গেটের স্থানেই একসময় ছিল বার্লিন দেয়াল। এখানে ওবামা দেয়াল তোলার বিপদ নিয়ে যে কথা বলবেন, তাকে নিঃসন্দেহে বর্তমান প্রেসিডেন্টের প্রতি সাবেক প্রেসিডেন্টের খোঁচা হিসেবেই দেখা হবে।