ট্রাম্পের সফরের বিরুদ্ধে পিটসবার্গে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিটসবার্গের রাস্তায় হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। ছবি: এএফপি
পিটসবার্গের রাস্তায় হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ শহরে হাজারো মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, পিটসবার্গের রাস্তায় প্রায় দেড় হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন।

গত শনিবার পিটসবার্গের একটি সিনাগগে বন্দুকধারীর গুলিতে নিহত ব্যক্তিদের জন্য শোকও প্রকাশ করেন বিক্ষোভকারীরা।

ইহুদি ধর্মাবলম্বীদের উপাসনালয়টি পিটসবার্গের প্রাণকেন্দ্র থেকে আট কিলোমিটার পূর্বে স্কুইরেল হিল আবাসিক এলাকায় অবস্থিত। গত শনিবার ধর্মীয় আচার পালনের জন্য উপাসনালয়ে সমবেত হয়েছিলেন বেশ কয়েকজন ইহুদি ধর্মাবলম্বী। এ সময় বন্দুকধারীর গুলিতে অন্তত ১১ জন ইহুদি নিহত হন।

পিটসবার্গের ট্রি অব লাইফ সিনাগগে শ্রদ্ধা জানাতে ফার্স্ট লেডি মেলানিয়াকে সঙ্গে নিয়ে ট্রাম্প শহরটিতে যান। ট্রাম্পের এই সফরের বিরুদ্ধে বিক্ষোভে বিভিন্ন শ্রেণি-পেশা-বয়স–ধর্মের লোকজন অংশ নেন।

বিক্ষোভকারীরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড বহন করেন। প্ল্যাকার্ডে ‘প্রেসিডেন্টের প্রতি ঘৃণা, আমাদের অঙ্গরাজ্য ত্যাগ করো’, ‘হত্যাযজ্ঞ নিয়ে মিথ্যাচার করেছেন ট্রাম্প’ প্রভৃতি স্লোগান লেখা ছিল।

ট্রাম্পের কাছে পিটসবার্গের একদল ইহুদি নেতার লেখা খোলা চিঠি পড়ার মধ্য দিয়ে বিক্ষোভ শুরু হয়। চিঠিতে বলা হয়, সিনাগগে গুলিতে হতাহত হওয়ার দায় ট্রাম্পের।