ট্রাম্পের সমালোচনায় আইএমএফ

ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক আরোপের পরিকল্পনার ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনায় মুখর হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানটি বলেছে, এর ফলে শুধু যুক্তরাষ্ট্র নয়, বিভিন্ন দেশও ক্ষতিগ্রস্ত হবে।
ইস্পাত আমদানির ওপর ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প।
তবে আইএমএএফ বলেছে, অন্য দেশও ট্রাম্পের এই পথ অনুসরণ করতে পারে। তারাও জাতীয় নিরাপত্তার জন্যই এ ধরনের কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের পক্ষে যুক্তি তুলে ধরতে পারে।
যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পরিমাণ ইস্পাত সরবরাহ করে কানাডা। দেশটি বলেছে, নতুন করে শুল্ক আরোপ দুই দেশেরই সমস্যা সৃষ্টি করবে।
আগামী সপ্তাহেই প্রেসিডেন্ট ট্রাম্পের এই পরিকল্পনা তুলে ধরার কথা। তবে কানাডা বলেছে, যদি সেই পরিকল্পনা বাতিল না করা হয়, তবে তারা পাল্টা ব্যবস্থা নেবে। যেসব দেশ যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনায় ব্যবস্থা নেওয়ার কথা বলেছে, তাদের মধ্যে কানাডা অন্যতম।
ট্রাম্পের ঘোষণার পর বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক রবার্তো আজিভেদো বলেছেন, ‘বাণিজ্য-যুদ্ধ কারোরই ভালো করে না।’
এরপর প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করেছেন, ‘বাণিজ্য-যুদ্ধ ভালো।’