
ইরানের সঙ্গে সম্পাদিত পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তিতে থাকা অন্য দেশগুলো বলছে, তারা চুক্তিতে অনড় থাকবে। ট্রাম্প বিশ্বকে ঝুঁকিপূর্ণ করে ফেলছেন বলে মত অনেকের।
শুক্রবার ট্রাম্প ঘোষণা করেন, যেকোনো মুহূর্তে চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যেতে পারে। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে সৌদি আরব ও ইসরায়েল।
এর জবাবে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, যুক্তরাষ্ট্র এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি একঘরে হয়ে পড়েছে। তিনি প্রশ্ন রাখেন, ‘কোনো একটি দেশের প্রেসিডেন্ট কি বহুপক্ষীয় আন্তর্জাতিক একটি চুক্তিকে এককভাবে অকার্যকর করতে পারেন? মনে হচ্ছে, তিনি (ট্রাম্প) হয়তো ভুলে গেছেন এটি ইরান এবং যুক্তরাষ্ট্রের মাঝে দ্বিপক্ষীয় চুক্তি নয়।’
চুক্তিতে অংশ নেওয়া কয়েকটি দেশ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য। ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ফেদেরিকা মগেরিনি বলেছেন, এই চুক্তি দ্বিপক্ষীয় নয়; বরং আন্তর্জাতিক চুক্তি। এটা স্পষ্ট যে কোনো একটি দেশের প্রেসিডেন্টের হাতে এই চুক্তি বাতিল করে দেওয়ার ক্ষমতা নেই।
২০১৫ সালে ইরানের সঙ্গে এই ঐতিহাসিক পরমাণু চুক্তি করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানি। চুক্তির আওতায় ইরান নিজেদের পরমাণু কর্মসূচি স্থগিত রাখার ব্যাপারে একমত হয়। এর বিনিময়ে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা আংশিক তুলে নেওয়া হয়। তবে শুরু থেকে এই চুক্তি নিয়ে সমালোচনামুখর ছিলেন ট্রাম্প।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জিকমার গ্যাব্রিয়েল এক রেডিও সাক্ষাৎকারে বলেছেন, পরমাণু চুক্তি বাতিল করে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হলে দেশটি পুনরায় পরমাণু অস্ত্রের দিকে ঝুঁকে পড়তে পারে। এর ফলে ইউরোপের কাছে যুদ্ধ বেধে যাওয়ার ঝুঁকি রয়েছে।