যুক্তরাষ্ট্রের নির্বাচন ২০১৬: আর বাকি ২ দিন
ট্রাম্পের সম্ভাবনা বাড়ছে, জয় পেতে মরিয়া হিলারি
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র দুই দিন বাকি। এই শেষ প্রহরে ভোটসংগ্রামে প্রতিটি দরজায় টোকা দিচ্ছেন হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প। শেষ মুহূর্তে এসে নিজের সম্ভাবনা দেখতে পেয়ে আরও বেশি উঠেপড়ে লেগেছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। আর দীর্ঘদিনের প্রত্যাশিত জয় হাতছাড়া হওয়ার আশঙ্কায় মরিয়া হয়ে প্রচার চালাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারিও।
হিলারি ও ট্রাম্প উভয়েই মাত্র গুটি কয়েক অঙ্গরাজ্যে বারবার ফিরে আসছেন, কারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ধারণ করবে ‘ব্যাটেল গ্রাউন্ড’ হিসেবে পরিচিত এই কয়েকটি অঙ্গরাজ্যই। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য তাঁদের কমপক্ষে ২৭০টি ইলেক্টোরাল ভোট সংগ্রহ করতে হবে। এক সপ্তাহ আগেও ভাবা হচ্ছিল এসব রাজ্য হিলারি তাঁর ব্যাগে ঢোকাতে পেরেছেন। কিন্তু সর্বশেষ জনমত জরিপে দেখা যাচ্ছে, এসব রাজ্যের কোনো কোনোটিতে ট্রাম্প এগিয়ে অথবা হিলারির সঙ্গে
সমানে সমান পাল্লা দিচ্ছেন। সিএনএন যে নতুন ইলেক্টোরাল মানচিত্র প্রকাশ করেছে, তাতে এই মুহূর্তে হিলারির ব্যাগে রয়েছে ২৬৮টি ভোট, ট্রাম্প ২০৪। গত ১৫ মাসে এই প্রথম সিএনএনের ইলেক্টোরাল মানচিত্রে হিলারির খাতে ২৭০টির কম ইলেক্টোরাল ভোট দেখানো হলো। অন্যদিকে ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমস-এর হিসাবে হিলারি ২৭০-এর বেশি ইলেক্টোরাল ভোট পাচ্ছেন। এই দুই পত্রিকার গৃহীত জাতীয় জনমত জরিপেও হিলারি ট্রাম্পের চেয়ে গড়পড়তা ৩ পয়েন্টে এগিয়ে।
হিলারি ও ট্রাম্প উভয়েই জানেন, আগাম ভোটে এগিয়ে থাকা সম্ভব হলে নির্বাচনের চূড়ান্ত ফলে তাঁদের সুবিধাজনক অবস্থায় থাকা সম্ভব হবে। ভাবা হচ্ছে, এ বছর মোট ভোটারের প্রায় ৪০ শতাংশ আগাম ভোটে অংশ নেবেন। ইতিমধ্যে ২ কোটি ২০ লাখ ভোটার ভোট দিয়ে ফেলেছেন। ফ্লোরিডার মতো গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে গতকাল শনিবার ছিল আগাম ভোটের শেষ দিন। সে জন্য হিলারি ও ট্রাম্প উভয়েই শনিবার সকাল থেকেই সেখানে নির্বাচনী সমাবেশ করেছেন। উভয়েই তাঁদের সমর্থকদের একই কথা বলছেন, ‘বিলম্ব নয়, এখনই ভোট দাও।’
হিলারি আশা করেছিলেন, মাঠপর্যায়ে তাঁর শক্তিশালী ব্যবস্থাপনার কারণে আগাম ভোটে তিনি এগিয়ে থাকবেন। মোট আগাম ভোটের হিসাবে সে কথা সত্যি হলেও গুরুত্বপূর্ণ বিবেচিত রাজ্যসমূহে সে কথা সত্যি প্রমাণিত হয়নি। তিনি এখনো ভোটারদের মধ্যে যথেষ্ট উত্সাহের সঞ্চার করতে পারেননি। ভাবা হয়েছিল, নর্থ ক্যারোলাইনায় এই রাজ্যের উল্লেখযোগ্য আফ্রিকান-আমেরিকান ভোটার বিপুল ব্যবধানে তাঁর পক্ষে ভোট দেবেন। সে কারণে এই রাজ্যকে হিলারির ‘রক্ষাকবচ’ হিসেবে নামকরণ করা হয়েছিল। ২০০৮ ও ২০১২ সালে এই রাজ্যের আফ্রিকান-আমেরিকান ভোটাররা ওবামাকে সহজ বিজয় এনে দিয়েছিলেন। কিন্তু হিলারির বেলায় দেখা যাচ্ছে, ২০১২-এর তুলনায় এখন পর্যন্ত তাঁর পক্ষে আফ্রিকান-আমেরিকানদের সম্ভাব্য ভোটের পরিমাণ প্রায় ১৬ শতাংশ কম। অন্যদিকে, শ্বেতকায় ভোটারদের আগাম ভোটে অংশগ্রহণ বেড়েছে ১৫ শতাংশ, যার অধিকাংশই গেছে ট্রাম্পের বাক্সে।
তবে হিলারির জন্য আশার কথা, হিস্পানিক ভোটাররা এ বছর আগের যেকোনো সময়ের চেয়ে অধিক সংখ্যায় ভোট দিচ্ছেন। তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যারিজোনা ও নেভাদায় এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে হিস্পানিকদের আগাম ভোটের পরিমাণ আগের তুলনায় ১০ থেকে ১২ শতাংশ বেশি।
হিলারির পক্ষে আফ্রিকান-আমেরিকান ও তরুণদের উৎসাহ যে যথেষ্ট নয়, সে কথার প্রমাণ মেলে শুক্রবার ক্লিভল্যান্ডে। শিল্পী বিয়নস ও তাঁর স্বামী জে সি জেকে সঙ্গে নিয়ে হিলারি যে শোভাযাত্রায় অংশ নেন, কনসার্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এসব ভোটারের অনেকে সভাস্থল ত্যাগ করেন। ২০০৮ সালে এই ক্লিভল্যান্ডেই ওবামার শোভাযাত্রায় ৮০ হাজার দর্শকের সমাগম হয়েছিল। তাঁর সঙ্গে ছিলেন পপ তারকা ব্রুস স্প্রিংস্টিন, কিন্তু শোভাযাত্রার প্রধান তারকা ছিলেন ওবামা। তিনি ভাষণ শেষ না করা পর্যন্ত একজন শ্রোতাও সে শোভাযাত্রা ত্যাগ করেননি।