ট্রাম্পের সম্মেলনে যেতে চান না নামী তারকারা

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড শহরে শুরু হচ্ছে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন। চতুর্থ দিনে ডোনাল্ড ট্রাম্পকে দলের সর্বসম্মত প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার কথা। সে উদ্দেশ্য মাথায় রেখে ট্রাম্প নিজে দলীয় ঐক্যের ওপর জোর দিয়েছেন।
ট্রাম্প আশা করেছিলেন, প্রাতিষ্ঠানিক রাজনীতিকদের বদলে তিনি ক্রীড়া, সংগীত ও চলচ্চিত্র জগতের নামজাদা তারকাদের সম্মেলনে বক্তা হিসেবে হাজির করাবেন। কিন্তু তাঁদের অনেকেই নানা ছুতোয় সম্মেলনে আসার ব্যাপারে অপারগতা প্রকাশ করেছেন। বিস্তর টানাহেঁচড়ার পর যাঁরা অংশ নিতে সম্মত হয়েছেন, তাঁদের বেশির ভাগই বড়জোর দ্বিতীয় শ্রেণির তারকা।
গত রোববার সিবিএস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন, তাঁর মনোনয়নের প্রশ্নে দলে বিভক্তি রয়েছে। এই বিভক্তি কাটিয়ে উঠতে এবং রক্ষণশীলদের মধ্যে নিজের সমর্থন জোরদার করতেই তিনি ইন্ডিয়ানার গভর্নর মাইক পেন্সকে রানিং মেট হিসেবে নির্বাচন করেছেন।
দলীয় ঐক্যের ব্যাপারে ট্রাম্পের এই আশা সত্ত্বেও ক্লিভল্যান্ডে ঐক্যের বদলে অনৈক্যের সুরই শোনা যাচ্ছে বেশি। দলের অনেক শীর্ষস্থানীয় নেতা সম্মেলনে অংশ নিচ্ছেন না।
ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ ওয়াশিংটন পোস্ট পত্রিকায় এক উপসম্পাদকীয়তে ট্রাম্পের ব্যাপারে তাঁর আপত্তি কোনো রাখঢাক ছাড়াই ব্যাখ্যা করেছেন। এই নিবন্ধের শিরোনাম, ‘ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টি অথবা আমেরিকার ভবিষ্যৎ নয়’। এ থেকেই বুশের মোদ্দা কথা বেরিয়ে এসেছে। তিনি বলেছেন, আগামী চার মাস রাজনৈতিক প্রচার অত্যন্ত ‘মনোরঞ্জনমূলক’ হবে। তবে সে প্রচার শেষে যে প্রেসিডেন্ট নির্বাচন হবে, তার ফলে দেশে ভালো অবস্থা ফেরার কোনো আশা নেই। বাছাইপর্বের প্রতিযোগিতায় ট্রাম্পের কাছে পরাস্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান জেব বুশ।
জেব বুশ সম্মেলনে অংশ নিতে রাজি না হলেও ট্রাম্পের বেশির ভাগ সাবেক প্রতিদ্বন্দ্বী ভাষণ দিতে রাজি হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ, নিউজার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি ও সাবেক শল্য চিকিৎসক বেন কারসন।
ট্রাম্প বিখ্যাত ফুটবল খেলোয়াড় টিমটিবোকে আমন্ত্রণ করেন। খেলার মাঠে হাঁটু মুড়ে প্রার্থনার জন্য বিখ্যাত এই খেলোয়াড় জানিয়ে দিয়েছেন, তিনি আসতে পারবেন না। একসময়ের টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের নাম শোনা গেলেও এখন জানা গেছে তিনিও আসছেন না। ট্রাম্পের মেয়ে ইভানকা ও তার ইহুদি স্বামী জ্যারেড কুশনার সিনাগগ বা গির্জার প্রধান যাজক হ্যাসকেল লুকস্টাইনকে আমন্ত্রণ করেছিলেন। লুকস্টাইন জানান, রাজনৈতিক বিতর্ক এড়ানোর অজুহাতে তিনিও সম্মেলনে আসছেন না।
তবে ট্রাম্পের জন্য সুখবর, কংগ্রেসে রিপাবলিকান স্পিকার পল রায়ান ও সিনেটে রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল দুজনেই নিশ্চিত করেছেন, তাঁরা সম্মেলনে নির্ধারিত সময়ে ভাষণ দেবেন। জানা গেছে, ট্রাম্পের পক্ষে ওকালতি করার বদলে এই দুই শীর্ষস্থানীয় নেতা তাঁদের ভাষণে রিপাবলিকান এজেন্ডা ব্যাখ্যায় বেশির ভাগ সময় ব্যয় করবেন।