ট্রাম্পের সাফল্য কামনা করলেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর আনুষ্ঠানিক ভাষণে তাঁকে অভিনন্দন জানালেন প্রেসিডেন্ট বারাক ওবামা। আজ বুধবার হোয়াইট হাউসে দেওয়া ভাষণে অভিনন্দন জানিয়ে তাঁর সাফল্য কামনা করেন তিনি। ওবামা নবনির্বাচিত প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।

নির্বাচনে ট্রাম্পের বিজয়ের পরপরই বিবৃতি দিয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন ওবামা। তিনি ট্রাম্পকে কাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানোর কথাও বলেন। যাতে করে ক্ষমতা হস্তান্তর সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়।

ওবামা তাঁর ভাষণের শুরুতেই নির্বাচনী প্রচারণার সময়কার কথা স্মরণ করে বলেন, ‘এটা বলতে কোনো দ্বিধা নেই যে, ট্রাম্পের সঙ্গে আমার বিস্তর মতভিন্নতা রয়েছে। আট বছর আগে নির্বাচনের সময় জর্জ ডব্লিউ বুশের সঙ্গেও এ ধরনের ভিন্নতা ছিল​। কিন্তু বুশ সে সময় ক্ষমতা হস্তান্তরে যে দক্ষতা দেখিয়েছিলেন তা তুলনাহীন।’
ওবামা বলেন, ‘আমিও সেই পদ্ধতি অনুসরণ করে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুষ্ঠু করার জন্য নির্দেশ দিয়েছি।’ তিনি বলেন, ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর আমাদের সংবিধানের একটি বৈশিষ্ট্য।