ট্রাম্পের সাবেক প্রচার প্রধানের বাসায় এফবিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল ম্যানাফোর্ট
পল ম্যানাফোর্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের সাবেক প্রধান পল ম্যানাফোর্টের বাড়িতে তল্লাশি করেছে এফবিআই। গত ২৬ জুলাই তার আলেক্সান্দ্রিয়ার বাড়িতে এ তল্লাশি চালানো হয়। গত বছর অনুষ্ঠিত নির্বাচনে রুশ সংশ্লিষ্টতার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ তল্লাশি হয়।

ঘটনাটি সম্পর্কে অবগত এমন ব্যক্তিদের বরাত দিয়ে ৯ আগস্ট এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
সংবাদমাধ্যমটি জানায়, ২৬ জুলাই ভোরে কোনো কিছু না জানিয়েই এফবিআই কর্মকর্তারা পল ম্যানাফোর্টের বাড়িতে হাজির হন। এ সময় তাঁদের কাছে সার্চ ওয়ারেন্ট ছিল। ওই ওয়ারেন্টে তল্লাশিকারীদের প্রয়োজনীয় যে কোনো কিছু জব্দ করার ক্ষমতা দেওয়া হয়। তল্লাশির পর ম্যানাফোর্টের বাড়ি থেকে বেশ কিছু নথিপত্র জব্দ করা হয়। তবে ম্যানাফোর্ট তদন্ত কমিটির সামনে এসব নথিপত্র আগেই হাজির করেছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এর আগের দিনই মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্তের জন্য গঠিত সিনেট ইনটেলিজেন্স কমিটিতে সাক্ষ্য দিয়েছিলেন ম্যানাফোর্ট। এর পরদিনই এ বিনা নোটিশের তল্লাশি ম্যানাফোর্টের ওপর তদন্ত কমিটির আস্থাহীনতার প্রমাণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাঁদের মতে, এ তল্লাশি ম্যানাফোর্টের কাছে একটি বার্তা পাঠিয়েছে।
বিশেষ কৌশলী রবার্ট মুয়েলার ম্যানাফোর্টকে জানাতে চাইছেন যে, তাঁর বিরুদ্ধে তদন্ত কঠোরভাবেই পরিচালনা করা হবে।
এ বিষয়ে হোয়াইট হাউস ঘনিষ্ঠ এক পরামর্শক ওয়াশিংটন পোস্টকে বলেন, এফবিআই এ নথিপত্রগুলো চাইলে তারা তা সরাসরি ম্যানাফোর্টকে বলতে পারত। সে ক্ষেত্রে তিনি নিজেই এসব নথি সংস্থাটিকে দিতে পারতেন।
ম্যানাফোর্টের বাসা থেকে নথিপত্র জব্দের কারণ এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে বিশেষ কৌশলী রবার্ট মুয়েলারের মুখপাত্র জশ স্টুয়েভের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। একইভাবে ম্যানাফোর্টর আইনজীবী রেজিনাল্ড ব্রাউনও কোনো মন্তব্য করেননি।
সময়ের সঙ্গে ম্যানাফোর্টের বিষয়ে আরও কঠোর হয়ে উঠছেন মুয়েলার। এমনকি তাঁর পেশাগত ও ব্যক্তিগত জীবনের বিষয়েও তিনি তদন্ত করছেন। ম্যানাফোর্টের ঘনিষ্ঠরা বলছেন, নির্বাচনে রুশ হস্তক্ষেপের প্রশ্নে মুয়েলার ম্যানাফোর্টকেই সামনে নিয়ে আসছেন। মূলত ট্রাম্প ঘনিষ্ঠদের আইনের হাত থেকে বাঁচাতেই মুয়েলার ম্যানাফোর্টকে হেনস্তা করা হচ্ছে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, রুশ আইনজীবী নাতালিয়া ভেসেলনিৎসকায়ার সঙ্গে ট্রাম্প জুনিয়র বৈঠক করেছিলেন গত বছরের ৯ জুন। ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান মনোনয়ন পাওয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যে এ বৈঠক হয়। এতে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটনের বিষয়ে বিধ্বংসী কিছু তথ্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন রুশ আইনজীবী। ওই বৈঠকে ট্রাম্পের তখনকার প্রচার প্রধান পল ম্যানাফোর্ট ও ইভানকা ট্রাম্পের জীবনসঙ্গী জ্যারেড কুশনার উপস্থিত ছিলেন।