ট্রাম্পের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ১৬ অঙ্গরাজ্যে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জে এফ সেশন
জে এফ সেশন

অনিবন্ধিত তরুণ অভিবাসীদের সুরক্ষায় বিদ্যমান প্রকল্প ডিফারড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল (ডিএসিএ) বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ছয় মাসের মধ্যে কংগ্রেসকে তিনি এ বিষয়ে একটি বিকল্প খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন বলে ৫ সেপ্টেম্বর ঘোষণা দেন ট্রাম্প প্রশাসনের অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস। তবে এরই মধ্যে চ্যালেঞ্জের মুখে পড়েছে ট্রাম্পের এ সিদ্ধান্ত। ৬ সেপ্টেম্বর নিউইয়র্কের ফেডারেল আদালতে ১৬টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা সম্মিলিতভাবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছেন।
৫ সেপ্টেম্বর দেওয়া ঘোষণায় জেফ সেশনস বলেন, ‘বারাক ওবামার সময়ে গৃহীত এ প্রকল্প অভিবাসন আইনের সঙ্গে প্রতারণার শামিল। এটি একটি বিশেষ অংশকে সব ধরনের দায়মুক্তি দিচ্ছে। কিন্তু প্রতি বছর ঠিক কত অভিবাসীকে গ্রহণ করা হবে, তার একটা সীমা থাকা উচিত। এখানে আসা সবাইকেই আমরা গ্রহণ করতে পারি না।’
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে এই ডিএসিএ প্রকল্প গ্রহণ করা হয়েছিল। এ প্রকল্পের আওতায় প্রায় ৮ লাখ তরুণ অভিবাসীকে সুরক্ষা দেওয়া হয়। ‘ড্রিমারস’ নামে পরিচিত এ তরুণ অভিবাসীদের আমেরিকায় থাকার সুরক্ষা দেওয়ার পাশাপাশি প্রকল্পটির আওতায় কাজ ও শিক্ষার সুযোগও দেওয়া হয়। মূলত তরুণ অনিবন্ধিত অভিবাসীদের মধ্যে যারা শৈশবে আমেরিকায় পাড়ি জমিয়েছিল, তাদের আলাদাভাবে ড্রিমারস বলা হয়। অন্য অনিবন্ধিত অভিবাসীদের তুলনায় এদের বিশেষ দৃষ্টিতে দেখা হয়।
এমনকি ট্রাম্প নিজেও বিভিন্ন সময়ে ড্রিমারসদের পক্ষে বিভিন্ন বক্তব্য দিয়েছেন। গত বছরের নির্বাচনী প্রচারণার সময় ডিএসিএ প্রকল্প নিয়ে বিষোদ্‌গার করলেও ক্ষমতা গ্রহণের পর থেকেই তিনি তরুণ অভিবাসীদের বিষয়ে নমনীয় হতে শুরু করেন। এমনকি এ বিষয়ক সিদ্ধান্ত গ্রহণকে ‘এ যাবৎকালের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ হিসেবেও উল্লেখ করেন তিনি। আর সর্বশেষ ১ সেপ্টেম্বর তিনি ড্রিমারসদের প্রতি ‘ভালোবাসা’ও জানান। কিন্তু তাঁর এ ভালোবাসা শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ থেকে বাঁচাতে পারেনি ড্রিমারসদের।
ডিএসিএ প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নিতে কয়েক সপ্তাহ আগে টেক্সাসসহ দশটি অঙ্গরাজ্য হোয়াইট হাউসকে আলটিমেটাম দিয়েছিল। সর্বশেষ ৩ সেপ্টেম্বর হোয়াইট হাউসে এ নিয়ে বৈঠক করেন ট্রাম্প।
এদিকে ডিএসিএ প্রকল্প বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এরই মধ্যে নিউইয়র্কের ফেডারেল আদালতে মামলা করেছেন ১৬টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা। মার্কিন সংবিধানের পাঁচটি ধারা উল্লেখ করে তাঁরা দেখিয়েছেন, ডিএসিএ বাতিলের সিদ্ধান্ত বৈষম্যমূলক মনোভাব থেকে সৃষ্ট, যা মার্কিন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এ ক্ষেত্রে তাঁরা ট্রাম্পের নির্বাচনী প্রচারণাকালে দেওয়া বিভিন্ন উগ্র বক্তব্যকেই তাঁর বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। এর আগে আমেরিকায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ সম্পর্কিত আদেশকেও একই অবস্থান থেকে চ্যালেঞ্জ করা হয়েছিল।
এ বিষয়ক এক বিবৃতিতে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক শ্নেইডারম্যান বলেন, ‘নিউইয়র্ক অঙ্গরাজ্যের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে অভিবাসন। ডিএসিএ বাতিলের বিষয়ে ট্রাম্প প্রশাসনের গৃহীত সিদ্ধান্ত নিষ্ঠুর ও অমানবিক। এটি নিউইয়র্কের ৪২ হাজার অভিবাসীর জন্য বিপর্যয়ের শামিল। কারণ এ প্রকল্পের কারণেই অভিবাসীরা নিজেদের ছায়া থেকে বেরিয়ে একটি সত্যিকারের জীবনযাপন করতে পারছিলেন।’
তবে ১৬ অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলদের এ চ্যালেঞ্জকে যথাযথভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন মার্কিন বিচার বিভাগের মুখপাত্র ডেভিড ও’ম্যালি। সিএনএনকে তিনি বলেন, ‘আইনের সাম্য নিশ্চিত করা ছাড়া কোনোভাবেই দেশের মঙ্গল করা সম্ভব নয়। আর প্রশাসন সাম্য প্রতিষ্ঠার জন্যই এ সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনের এ সিদ্ধান্তের পক্ষে বিচার বিভাগ লড়াই করবে।’
রিপাবলিকান নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যগুলো সরাসরি এ সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো অবস্থান না নিলেও ডেমোক্র্যাটদের পাশাপাশি বহু রিপাবলিকান আইনপ্রণেতাও ড্রিমারসদের পক্ষে অবস্থান রয়েছে। তাদের অনেকেই এ প্রকল্প চালু রাখার বিষয়ে একমত। দীর্ঘদিন ধরে মার্কিন শিক্ষা ও কাজের অনুমতি পাওয়া এসব তরুণকে স্থায়ীভাবে আমেরিকায় রেখে দেওয়ার পক্ষেই মত তাদের। এমনকি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ানও রয়েছেন এ তালিকায়।