
ওহাইও রাজ্যের ক্লিভল্যান্ডে রিপাবলিকান পার্টির কনভেনশনের প্রধান আকর্ষণ ছিলেন ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প। গত সোমবার সম্মেলনের প্রথম দিন নিজের স্বামীকে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব ছিল তাঁর। স্লোভেনিয়া বংশোদ্ভূত এই সাবেক মডেল ও ব্যবসায়ী যথেষ্ট যোগ্যতার সঙ্গে সে দায়িত্ব পালন করেছেন। তবে শেষটা ভালো হয়নি। কারণ, মেলানির ভাষণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই খবর ছড়িয়ে গেল, সে ভাষণ ২০০৮ সালে মিশেল ওবামা তাঁর স্বামী বারাক ওবামাকে পরিচয় করিয়ে দিতে যে ভাষণ দিয়েছিলেন, তা থেকে চুরি করা। ফলে প্রথম দিন নির্বিঘ্নে শেষ হলেও বিতর্কে জড়িয়ে পড়ল রিপাবলিকান কনভেনশন।
দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন নিশ্চিত হওয়ার পর সম্মেলনের চতুর্থ দিন ট্রাম্পের ভাষণ দেওয়ার কথা। কিন্তু প্রচলিত নিয়ম বদলে প্রথম দিনই তিনি আবির্ভূত হন এই দিনের প্রধান আকর্ষণ তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে পরিচয় করিয়ে দিতে।
চার দিনের এই সম্মেলনকে ট্রাম্প বিষয়ভিত্তিকভাবে সাজিয়েছেন। প্রথম দিনের বিষয় ছিল, ‘মেক আমেরিকা সেফ অ্যাগেইন’ (যুক্তরাষ্ট্রকে আবার নিরাপদ করুন)। অধিকাংশ বক্তাই প্রেসিডেন্ট ওবামা ও তাঁর সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের হাতে দেশের মানুষ কতটা ‘নিরাপত্তাহীন’ ও বিশ্বের মানুষের কাছে এই দেশ এখন কী রকম ‘পরিহাসের বিষয়’ হয়ে পড়েছে, তার ফিরিস্তি হাজির করেন।
নির্বিঘ্নে প্রথম দিন গেলেও দিনের প্রথম ভাগে ট্রাম্প-বিরোধী শিবিরের একটি ‘মিনি বিদ্রোহ’ দলের নেতাদের সামাল দিতে হয়। ‘ট্রাম্প ঠেকাও’ গোষ্ঠী অনেক আগে থেকেই বলে এসেছে, সম্মেলনে আসা ডেলিগেটরা তাঁদের নিজের ইচ্ছেমতো ভোট দেবেন। কিন্তু দলের নীতিনির্ধারকেরা সে বিপদ এড়াতে যে ‘নিয়মাবলি’ ইতিমধ্যে চূড়ান্ত করেছেন, তাতে ডেলিগেটদের অবস্থান পরিবর্তনের সুযোগ রাখা হয়নি। এই সব নিয়ম শুধু কণ্ঠভোটে অনুমোদনের উদ্যোগ নেওয়া হলে সম্মেলনকক্ষে উপস্থিত অঙ্গরাজ্যের প্রতিনিধিরা উচ্চ স্বরে ‘রোল কল’ ভোটের দাবি তোলেন। এতে প্রতিনিধিদলগুলো নিজেদের ইচ্ছেমতো ভোট দিতে পারত। কিন্তু দলীয় নেতৃত্ব সে দাবি অগ্রাহ্য করেন। পরে দলের একাধিক নেতা টিভি সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন।
সন্ধ্যার দিকে মঞ্চে আসেন এমন সব বক্তা, যাঁরা ওবামা-হিলারির অনুসৃত নীতির ফলে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তাব্যবস্থায় ‘বিঘ্ন ঘটার’ নজির তুলে ধরেন। এই পর্যায়ের উল্লেখযোগ্য বক্তা ছিলেন প্যাট্রিসিয়া স্মিথ। তাঁর ছেলে শ্যন স্মিথ ২০১২ সালে লিবিয়ার বেনগাজিতে সন্ত্রাসী হামলায় নিহত হন। প্যাট্রিসিয়া বলেন, ‘আমি এই হত্যার জন্য হিলারি ক্লিনটনকে ব্যক্তিগতভাবে দায়ী করি। হিলারিকে জেলে পাঠানো উচিত।’
রাত সোয়া ১০টায় আলো-আঁধারিমাখা পরিবেশে নাটকীয়ভাবে মঞ্চে প্রবেশ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি স্ত্রী মেলানিয়াকে পরিচয় করিয়ে মঞ্চ ত্যাগ করেন। পাঁচ-ছয় সপ্তাহ ধরে মেলানিয়া তাঁর ভাষণ রপ্ত করেছেন, এ কথা ট্রাম্পের দপ্তর থেকে আগেই বলা হয়েছিল। কোনো ভীতি ছাড়া নির্ভুলভাবে টেলিপ্রম্পটার থেকে তাঁর জন্য লিখিত ভাষণ পড়ে শোনান মেলানিয়া। তাঁর মোদ্দা বক্তব্য ছিল, ট্রাম্পের মতো এমন দরদি ও আদর্শ স্বামী ও পিতা আর নেই। মেলানিয়া বলেন, ‘আমি তাঁর সঙ্গে ১৮ বছর সংসার করছি। প্রথম দেখার সময় থেকেই আমি জানি ডোনাল্ড তাঁর দেশকে কতটা ভালোবাসে।’
কিন্তু ট্রাম্প-পত্নীর ভাষণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জানা গেল, সে ভাষণের এক বড় অংশ ২০০৮ সালে ডেমোক্রেটিক পার্টির কনভেনশনে মিশেল ওবামার দেওয়া ভাষণ থেকে অবিকল তুলে নেওয়া। রাত দুইটার দিকে বিবৃতিতে ট্রাম্পের একজন মুখপাত্র স্বীকার করেন, মেলানিয়ার ভাষণে ‘অন্যান্য ব্যক্তির ভাষণের অংশবিশেষ’ অন্তর্ভুক্ত করা হয়েছে। ট্রাম্প নিজে এক টুইটার বার্তায় বলেন, মেলানিয়াকে পরিচয় করিয়ে দেওয়া ছিল এক ভীষণ সম্মানজনক অভিজ্ঞতা। ভাষণটির অংশবিশেষ যে চুরি করা, তা নিয়ে অবশ্য কোনো মন্তব্য করেননি তিনি। মেলানিয়া ট্রাম্প ওই ভাষণের কয়েক মিনিট আগে এনবিসি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, খুব সামান্য সাহায্য নিয়ে তিনি নিজেই ভাষণটি লিখেছেন।