যু্ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত স্বাস্থ্যবিমা আইন আপাতত ভোটে যাচ্ছে না বলে জানিয়েছেন সিনেটে রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল। অতি গোপনীয়তার সঙ্গে প্রস্তুত করা নতুন খসড়ার পেছনে ট্রাম্পের নিজ দলেই পর্যাপ্ত সমর্থন নেই। সোমবার এক বিবৃতিতে মিচ ম্যাককনেল বলেছেন, ‘ওবামাকেয়ার’ বাতিল ও তার স্থানে নতুন স্বাস্থ্যবিমা আইন গৃহীত হবে না, এটা স্পষ্ট। তাই এই প্রশ্নে ভোটাভুটিতে যাওয়ার বদলে আপাতত সিনেট ওবামাকেয়ার বাতিল দুই বছরের জন্য বিলম্বিত করার প্রশ্নে ভোটাভুটি করবে।
প্রস্তাবিত নতুন স্বাস্থ্যবিমা আইন বিপদের সম্মুখীন—এ কথা টের পাওয়ার পর উদ্বিগ্ন প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার রিপাবলিকান পার্টির নেতৃস্থানীয় সদস্যদের হোয়াইট হাউসে ডেকে পাঠিয়েছিলেন। উদ্দেশ্য, সিনেটে আইনটি পাস করার রণকৌশল নির্ধারণ। প্রেসিডেন্টের সঙ্গে ওই বৈঠক শেষ হওয়ার আগেই আরও দুজন রিপাবলিকান সিনেটর জানান, তাঁরা কোনো অবস্থাতেই এই খসড়ার পক্ষে ভোট দেবেন না। এ নিয়ে মোট চারজন সিনেটর এই খসড়ার ব্যাপারে তাঁদের আপত্তির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন।
নতুন স্বাস্থ্যবিমা আইনের পক্ষে পর্যাপ্ত সমর্থন নেই—এ কথা জানার পর সোমবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটে বলেন, নতুন আইন প্রণয়নের বদলে রিপাবলিকানদের উচিত হবে প্রথমে ওবামাকেয়ার পুরোপুরি বাতিল করা। তারপর একদম প্রথম থেকে নতুন স্বাস্থ্যবিমা আইন প্রণয়নের কাজ শুরু করতে হবে।
স্বাস্থ্যবিমা ভোটে দিতে এই ব্যর্থতা ট্রাম্প ও ম্যাককনেল উভয়ের জন্যই বড় ধরনের পরাজয়। ২০১০ সালে ওবামার আমলে স্বাস্থ্যসেবা আইনটি গৃহীত হওয়ার পর থেকেই তা বাতিলের জন্য আদাজল খেয়ে লড়ছেন ম্যাককনেল। অন্যদিকে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতা গ্রহণের প্রথম দিনই তিনি ওবামাকেয়ার বাতিল করে নতুন আইন চালু করবেন।
এর আগে মে মাসে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে শুধু রিপাবলিকান সদস্যদের সমর্থনে একটি খসড়া স্বাস্থ্যবিমা আইন গৃহীত হয়। অনেক জোরাজুরির পর সেই খসড়া গৃহীত হলেও জরিপ অনুযায়ী এর পক্ষে দেশের মাত্র ১৬ শতাংশ মানুষের সমর্থন ছিল। কংগ্রেসের নির্দলীয় বাজেট অফিস নিরীক্ষা করে জানিয়েছিল, এই আইন বাস্তবায়িত হলে মোট ২ কোটি ৪০ লাখ মানুষ তাদের স্বাস্থ্যবিমা হারাবে। মাসাধিককাল গভীর গোপনীয়তায় সলাপরামর্শের পর কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এই খসড়ার ভিত্তিতে নতুন যে সংশোধিত খসড়া প্রস্তুত করা হয়, রিপাবলিকান পার্টির ভেতরে তার পক্ষে কখনোই পুরোপুরি সমর্থন ছিল না। কংগ্রেসের বাজেট অফিস বলেছে, বহু লোক স্বাস্থ্যবিমা হারানো ছাড়াও মাথাপিছু বিমার প্রিমিয়াম নাটকীয়ভাবে বেড়ে যাবে। এ কথা জেনে রিপাবলিকান পার্টির অনেক মধ্যপন্থী সিনেটর বেঁকে বসেন। একাধিক রক্ষণশীল সিনেটরও এই আইনের বিরোধী, তবে তাঁদের আপত্তির কারণ ভিন্ন। আইনটি যথেষ্ট রক্ষণশীল নয় এবং এর মাধ্যমে ওবামাকেয়ার পুরোপুরি বাতিল করা হয়নি, এই যুক্তিতে বিরোধিতা করছেন কেন্টাকির সিনেটর র্যান্ড পল।
রিপাবলিকানদের জন্য অন্য সমস্যা, ওবামাকেয়ারের বিরুদ্ধে অহোরাত্রি সমালোচনা করা সত্ত্বেও মার্কিনদের মধ্যে ৫০ শতাংশ মানুষ তা বাতিলের বিপক্ষে। মাত্র ২৪ শতাংশ মানুষ (যার অধিকাংশই রিপাবলিকান) চায় এই আইন বাতিল হোক। অন্যদিকে রিপাবলিকান নেতৃত্বের প্রস্তাবিত খসড়ার প্রতি সমর্থন আছে মাত্র ১৭ শতাংশের। বলা বাহুল্য, কোনো ডেমোক্র্যাট এই খসড়ার পক্ষে নন। ভোটাভুটি হলে রিপাবলিকানদের নিজ দলের কমপক্ষে ৫০ জন সদস্যের সমর্থন চাই। সিনেটে তাঁদের রয়েছে ৫২ জন সদস্য। ফলে অবস্থার পরিবর্তন না হলে পরাজয় অনিবার্য।