
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের সাবেক প্রধান জেমস কোমি বলেছেন, তাঁকে বরখাস্ত করা এবং তাঁর সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতের বিষয়ে ‘মিথ্যা’ বলেছে ট্রাম্পের প্রশাসন। কারণ, হোয়াইট হাউস চেয়েছে তাঁকে, বিশেষ করে এফবিআইয়ের দুর্নাম করতে।
ওয়াশিংটনের স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সকালে মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের গোয়েন্দাবিষয়ক কমিটির ঐতিহাসিক শুনানিতে এ কথা বলেন কোমি। ওয়াশিংটনে এ শুনানিই ছিল দুদিন ধরে সব আগ্রহের কেন্দ্রবিন্দু। বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচারিত হয় এ শুনানি।
ব্যর্থতার অভিযোগ তুলে গত ৯ মে কোমিকে বরখাস্ত করেন ট্রাম্প। তখন তিনি গত বছরের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের বিষয়টি তদন্ত করছিলেন। শুনানিতে কোমি বলেছেন, ‘আমার মতে, রাশিয়া নিয়ে তদন্তের কারণেই আমাকে বরখাস্ত করা হয়। আমি যেভাবে তদন্ত করছিলাম, তা কোনো না কোনোভাবে তাঁর (ট্রাম্প) ওপর চাপ সৃষ্টি করছিল, তাঁকে বিব্রত করছিল। তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়াই ছিল আমাকে বরখাস্ত করার উদ্দেশ্য।’ তাঁর বরখাস্তের বিষয়ে ট্রাম্প প্রশাসন যে একেক সময় একেক কথা বলেছে, সেটাকেই মিথ্যা হিসেবে অভিহিত করেন সাবেক এফবিআই-প্রধান।
তবে কোমির এই অভিযোগের বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ সান্ডার্স গতকালই বলেছেন, ‘আমি জোর দিয়েই বলতে পারি, প্রেসিডেন্ট মিথ্যাবাদী নন এবং এ রকম কথা বলা মানে তাঁকে অপমান করা।’
শুনানিতে কোমির কাছে জানতে চাওয়া হয়, নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের যে অভিযোগ তিনি তদন্ত করছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিলেন কি না? জবাবে এফবিআইয়ের সাবেক প্রধান বলেন, ‘আমার জানামতে তিনি তা করেননি।’ প্রেসিডেন্টের সঙ্গে তাঁর যে কথাবার্তা হয়েছে, তা বিচারে বাধাদানের চেষ্টা বলে মনে করেন কি না? এ প্রশ্নের উত্তরে কোমি বলেন, ‘এটা বলা আমার কাজ বলে মনে হয় না। তবে আমি একে খুবই বিরক্তিকর, উদ্বেগজনক বিষয় হিসেবে দেখেছি।’
শুনানির আগে সিনেট কমিটির কাছে একটি লিখিত বিবৃতি পাঠিয়েছিলেন কোমি। এতে তিনি বিশদ বিবরণ দেন, ট্রাম্প কীভাবে রুশ তদন্তের বিষয়টি তাঁর সামনে উপস্থাপন করেন এবং ট্রাম্পের তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ফ্লিনের বিরুদ্ধে তদন্ত বন্ধের জন্য বলেন। ফ্লিনের বিষয়ে তদন্ত বন্ধ করতে ট্রাম্প তাঁকে যে অনুরোধ করেন, তা খুবই বিরক্তিকর ছিল বলে শুনানিতে মন্তব্য করেন কোমি।