ট্রাম্পের 'ফোন প্রত্যাখ্যান করায়' বরখাস্ত হন ভারারা
নিউইয়র্কের সাবেক শীর্ষস্থানীয় ফেডারেল আইন কর্মকর্তা (প্রসিকিউটর) প্রীত ভারারা সংবাদমাধ্যমকে বলেছেন, তাঁকে বরখাস্ত করার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকবার অস্বাভাবিক টেলিফোন করেছিলেন।
ভারারা অভিযোগ করেন, ট্রাম্পের ও রকম টেলিফোন নির্বাহী বিভাগ এবং স্বাধীন অপরাধ তদন্তকারীদের মধ্যেকার প্রচলিত সীমারেখা অতিক্রম করেছিল। তৃতীয় টেলিফোনটি তিনি (ভারারা) প্রত্যাখ্যান করেন। এরপরই তাঁকে বরখাস্ত করা হয়।
ভারারার এ মন্তব্যের বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি। ওবামা প্রশাসনের আমলে নিযুক্ত ভারারা ম্যানহাটনের শীর্ষ ফেডারেল প্রসিকিউটরের পদে কাজ করেছেন। তিনি বলেন, ট্রাম্পের সঙ্গে তাঁর গত বছরের শেষ দিকে দেখা হয়। এরপর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প ‘একধরনের সম্পর্ক রক্ষার’ চেষ্টা করেন। তাঁর (ভারারা) মতে, প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ট্রাম্পের এ রকম আচরণ ‘অনুচিত’ ছিল। অথচ প্রেসিডেন্ট ওবামা সাড়ে সাত বছরে একবারও ফোন করেননি।