ট্রাম্পের 'বহিষ্কার অভিযান' শুরু
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীদের গ্রেপ্তার ও বহিষ্কার করা শুরু করেছে।
নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প জানিয়েছিলেন, ২০ থেকে ৩০ লাখ অভিবাসী, যাঁরা ‘বড় ধরনের’ অপরাধের সঙ্গে যুক্ত, এমন ব্যক্তিদের অগ্রাধিকারের ভিত্তিতে বহিষ্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু নতুন নির্দেশ অনুযায়ী দেশের অধিকাংশ কাগজপত্রবিহীন অভিবাসী বহিষ্কারের আওতায় পড়তে পারেন। অভিবাসী ও বিভিন্ন রাজনৈতিক গ্রুপের তরফ থেকে এই নির্দেশের বিরুদ্ধে ইতিমধ্যে প্রবল প্রতিরোধের সৃষ্টি হয়েছে।
গত মঙ্গলবার হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের মন্ত্রী জন কেলির স্বাক্ষরিত যে নীতিমালা প্রকাশিত হয়েছে, তাতে বলা হয়েছে, দোষী সাব্যস্ত হয়েছেন, এমন ব্যক্তি ছাড়াও যাঁরা নাগরিক কল্যাণ সুবিধা গ্রহণের ক্ষেত্রে মিথ্যা সোশ্যাল সিকিউরিটি নম্বর ব্যবহার করেছেন বা সড়ক পরিবহন আইন ভঙ্গের দায়ে অভিযুক্ত হয়েছেন, এমন অবৈধ অভিবাসীরাও বহিষ্কৃত হতে পারেন।
অভিবাসীদের নিয়ে কাজ করা সংস্থা ‘ড্রাম’-এর একজন মুখপাত্র প্রথম আলোকে জানিয়েছেন, নিউইয়র্কে গত বুধবার পর্যন্ত আটক হয়েছেন ৪১ জন। তবে তাঁদের মধ্যে কোনো বাংলাদেশি নেই। ওই মুখপাত্র জানান, এখন পর্যন্ত যে কজন বাংলাদেশি বহিষ্কৃত হয়েছেন, তাঁদের ব্যাপারে আদালত রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকার করেছেন। ট্রাম্পের বর্তমান বহিষ্কারাদেশের সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই। তবে বৈধ কাগজপত্র না থাকার কারণে চাকরি ত্যাগ অথবা বাসস্থান বিক্রির উদ্যোগ গ্রহণ না করার পরামর্শ দেন তিনি।
ড্রাম কর্মকর্তারা জানিয়েছেন, অভিবাসী বাংলাদেশিরা যাঁরা বহিষ্কারের আশঙ্কায় ভীত, তাঁদের সাহায্যের জন্য তাঁরা জরুরি আইনি সাহায্যের ব্যবস্থা নিতে যাচ্ছেন। এদিকে ট্রাম্প প্রশাসন কাগজপত্রবিহীন অভিবাসীদের অপরাধের বিষয়ে ব্যাপক প্রচারের ব্যবস্থা নিচ্ছে। তারা অপরাধী হিসেবে চিহ্নিত, এমন অভিবাসীদের ব্যক্তিগত পরিচয় গোপন রাখার যে নিয়ম বর্তমানে চালু রয়েছে, তা রদ করার এবং অভিবাসীদের গ্রেপ্তারের ব্যাপারে স্থানীয় পুলিশকে ব্যাপক ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মার্কিন নাগরিক অধিকার ইউনিয়নের (এসিএলইউ) নিউইয়র্ক শাখার নির্বাহী পরিচালক ডোনা লিবারম্যান এক বিবৃতিতে বলেছেন, ট্রাম্পের নতুন বহিষ্কারাদেশ বাস্তবায়িত হলে নিউইয়র্ক শহরে হাজার হাজার অভিবাসী পরিবার বিপদের মুখে পড়বে। পরিবারের সদস্যরা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন।
এসিএলইউ জানিয়েছে, টেক্সাসে কাগজপত্রহীন অভিবাসীদের সাহায্যকল্পে তারা ইতিমধ্যে জরুরি টেলিফোন-সেবা চালু করেছে। বিভিন্ন স্থানীয় মানবাধিকার ও আইনি সংস্থার যৌথ উদ্যোগে স্থাপিত এই হটলাইনে যেকোনো ব্যক্তি টেলিফোনের মাধ্যমে আইনি সাহায্য পাবেন অথবা কোনো অভিবাসন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হবেন। অভিবাসী-প্রধান অন্যান্য শহরেও এ ধরনের আইনি সাহায্য প্রদানের ব্যবস্থা করা হচ্ছে।