ট্রাম্পের 'ব্যর্থতার' ১০০ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের শততম দিন গতকাল শনিবার নিউইয়র্ক ও ওয়াশিংটনসহ বিভিন্ন শহরে তাঁর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা হোয়াইট হাউসে ট্রাম্পের এই সময়কে ‘ব্যর্থতার’ ১০০ দিন হিসেবে অভিহিত করেছে। বিশেষ করে তাঁর জলবায়ু নীতির নিন্দা করে তারা।
‘পিপলস ক্লাইমেট মার্চ’ নামের এক কর্মসূচির অংশ হিসেবে গতকাল এই বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। রাজধানী ওয়াশিংটনে ক্যাপিটল হিলের কাছ থেকে দুপুর সাড়ে ১২টায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউসের দিকে অগ্রসর হয়ে ওয়াশিংটন মন্যুমেন্টে গিয়ে থামে। কর্মসূচির মূল স্লোগান ছিল, ‘উই রিসিস্ট। উই বিল্ড। উই রাইজ’ (আমরা প্রতিবাদ করি। আমরা গড়ি। আমরা জাগ্রত হই)।’
‘পিপলস ক্লাইমেট মার্চ’ কর্মসূচির আয়োজকেরা তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে জনতার প্রতিরোধ কতটা কার্যকর, তা আমরা ইতিমধ্যে দেখেছি। ট্রাম্পকেয়ার? তুলে নেওয়া হয়েছে। মুসলিম নিষেধাজ্ঞা? আটকে গেছে।’
যুক্তরাষ্ট্রের অন্য শহর ও বিশ্বের বিভিন্ন দেশেও গতকাল ট্রাম্পবিরোধী বিক্ষোভ হয়েছে। নিউইয়র্কে বিক্ষোভকারীরা ট্রাম্পকে ব্যঙ্গ করে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে। যেমন ‘১০০ দিন? আমার মনে হয় এটা ভুয়া খবর’, ‘কেউ কি জানত, স্বাস্থবিমা নীতি এতটা জটিল’, ‘অভিশংসনের পথে ১০০ দিন’, ‘প্রতিরোধের ১০০ দিন’ এবং ‘বোমা ফেলা কোনো প্রতিরোধ নয়, এটা হত্যা’ ইত্যাদি।