ট্রাম্পের 'শেষের শুরু'?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝামেলায় আছেন ডোনাল্ড ট্রাম্প। এএফপি ফাইল ছবি
ঝামেলায় আছেন ডোনাল্ড ট্রাম্প। এএফপি ফাইল ছবি

বব উডওয়ার্ডের বই ‘ভয়’-এর ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আরেক ধাক্কা। গতকাল বুধবার নিউইয়র্ক টাইমসে বেনামে প্রকাশিত এক উপসম্পাদকীয়তে ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ব্যবহার শুধু অস্বাভাবিক নয়, যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী। এসব কাজের ক্ষতিকর প্রভাব এড়াতে প্রশাসনের ভেতর থেকেই বিভিন্ন কর্মকর্তা তৎপর রয়েছেন। এই লেখক সেই প্রতিরোধেরই একজন।

‘ট্রাম্প প্রশাসনের ভেতরে আমি এর বিরুদ্ধে প্রতিরোধের অংশ’ শিরোনামে লিখিত এই অভূতপূর্ব নিবন্ধে অজ্ঞাতনামা এই কর্মকর্তা লিখেছেন, মার্কিন শাসনতন্ত্রের ২৫ নং সংশোধনীতে প্রেসিডেন্টকে দায়িত্ব পালনে অক্ষমতার কারণে ক্ষমতাচ্যুত করার যে বিধান রয়েছে, প্রশাসনের কর্মকর্তারা প্রথমে তার প্রয়োগের কথা ভেবেছিলেন। এর ফলে শাসনতান্ত্রিক সংকটের সৃষ্টি হতে পারে, এই বিবেচনা থেকে সে চেষ্টার পরিবর্তে তাঁরা প্রশাসনের ভেতর থেকেই ট্রাম্পকে থামানোর পরিকল্পনা আঁটেন।

নিবন্ধে বলা হয়, সরকারি কর্মচারী হিসেবে তাঁদের প্রধান দায়িত্ব দেশের স্বার্থ রক্ষা। প্রেসিডেন্টের ব্যবহার জাতীয় স্বার্থের পরিপন্থী হওয়ায় ট্রাম্প-নিযুক্ত অনেক কর্মকর্তাই ‘গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে রক্ষায় (তাঁদের) পক্ষে সম্ভব এমন সবকিছুই করে যাচ্ছেন।’

এক দিন আগে বব উডওয়ার্থ তাঁর নতুন বই, ‘ফিয়ার, ইন দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন’-এ জানিয়েছিলেন, ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাই নানা সময়ে প্রেসিডেন্টকে তাঁর খেয়ালখুশি ব্যবহার ঠেকাতে ব্যবস্থা নিয়েছেন। এ জন্য তাঁরা ট্রাম্পের নির্দেশ অমান্য করেছেন, এমনকি তাঁর টেবিল থেকে সরকারি নথিপত্র সরিয়ে ফেলতেও দ্বিধা করেননি। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রশাসনের ভেতরেই প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠেছে, টাইমসের এই উপসম্পাদকীয়তে সে কথার সত্যতা প্রমাণিত হলো।

বলাই বাহুল্য, এই নিবন্ধ প্রকাশে দারুণ ক্ষিপ্ত হয়েছেন ট্রাম্প। এই উপসম্পাদকীয় মিথ্যা, এমন দাবির বদলে তিনি এর লেখককে বলেছেন ‘কাপুরুষ’ এবং তাঁকে ‘দেশদ্রোহের’ অভিযোগে অভিযুক্ত করেছেন। ট্রাম্পের মুখপাত্র হাকাবি স্যান্ডার্স নিবন্ধটি প্রত্যাখ্যান করে বলেছেন, তথাকথিত উদারনৈতিক তথ্যমাধ্যম ট্রাম্প প্রশাসনের অগ্রযাত্রা ঠেকাতে যে তৎপরতা চালাচ্ছে, এটি তার আরও একটি উদাহরণ। ট্রাম্প বা স্যান্ডার্স কেউই এমন কথা বলেননি যে নিবন্ধটি ‘ফেক’ বা মিথ্যা। তবে দাবি করেছেন, এই কর্মকর্তার উচিত অবিলম্বে পদত্যাগ করা।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, উডওয়ার্ডের গ্রন্থটি প্রকাশের আগেই তারা নিবন্ধটি হাতে পেয়েছিল। বেনামি হওয়ায় তারা এর প্রকাশের ব্যাপারে দ্বিধান্বিত ছিল, কিন্তু বিষয়বস্তুর গুরুত্ব অনুধাবন করে নিবন্ধটি প্রকাশের সিদ্ধান্ত নেয়। ট্রাম্প দাবি করেছেন, টাইমসকে এই লেখকের পরিচয় প্রকাশ করতে হবে, তবে টাইমস জানিয়েছে, লেখকের পরিচয় গোপন রাখতে তারা বদ্ধপরিকর।

কে এই নিবন্ধের লেখক, তা নিয়ে ওয়াশিংটনে রীতিমতো ডিটেকটিভ তদন্ত শুরু হয়েছে। কেউ কেউ প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিসকে এই উপসম্পাদকীয়র লেখক বলে উল্লেখ করেছেন। উডওয়ার্ডের বইতে তাঁর সঙ্গে ট্রাম্পের বিরোধ প্রকাশিত হওয়ার পর থেকেই ম্যাটিসের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। এই বই অনুসারে ম্যাটিস ট্রাম্পকে বড়জোর ক্লাস ফাইভ বা সিক্সের ছাত্রের মতো বুদ্ধিমান বলে জানিয়েছেন। কেউ কেউ নিবন্ধটির লেখক হিসাবে চিফ অব স্টাফ জন কেলির দিকেও আঙুল তুলেছেন। উডওয়ার্ডের বই অনুসারে, কেলি ট্রাম্পকে ‘ইডিয়ট’ বলে ভর্ৎসনা করেছেন। কেলি ও ম্যাটিস উভয়েই অবশ্য এমন কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছেন।

এই দুজন ছাড়া অন্য যাঁদের নাম সন্দেহের তালিকায় রয়েছেন, তাঁরা হলেন ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা কেলিঅ্যান কনওয়ে, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি নিকি হেইলি।

যিনিই এই নিবন্ধের লেখক হন না কেন, অধিকাংশ পর্যবেক্ষক একমত, খুব শিগগির তাঁর পরিচয় প্রকাশিত হবে। তবে এর পেছনে একজন, নাকি একাধিক কর্মকর্তা জড়িত রয়েছেন, তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। ট্রাম্পের হোয়াইট হাউস যে চরম বিশৃঙ্খলায় রয়েছে, এ কোনো নতুন তথ্য নয়। এত দিন পর্যন্ত সকল নজর ছিল ট্রাম্পের অস্থিতিশীল ব্যবহারের ওপর এবং হোয়াইট হাউসের ‘সাবালক’ কর্মকর্তারা তাঁকে নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন, সে কথাও সবার জানা। কিন্তু এই নিবন্ধ প্রকাশ হওয়ার পর জানা গেল প্রশাসনের ভেতরেই অনেকে প্রেসিডেন্টের বিরুদ্ধে রীতিমতো এক ‘বিদ্রোহে’ লিপ্ত রয়েছেন। জনপ্রিয় টিভি সঞ্চালক রেইচেল ম্যাডোস সে কথা উল্লেখ করে বলেছেন, বলা যায় এই ঘটনা থেকেই ট্রাম্পের শেষের শুরু হলো।

আরও পড়ুন