ডেমোক্রেটিক পার্টির সমর্থকদের বিদ্রূপ আর ক্ষোভের ঝড় থেকে ট্রাম্পের এক সমর্থককে বাঁচিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার নর্থ ক্যারোলাইনায় ডেমোক্রেটিক পার্টির এক সমাবেশে এ ঘটনা ঘটে।
সমাবেশে ওবামার বক্তব্যের সময় সেখানে সেনাসদস্যের পোশাক পরা এক ট্রাম্প সমর্থককে দেখা যায়। তিনি কিছুই বলছিলেন না। শুধু ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাচনী পোস্টার নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এতেই বাধে বিপত্তি। ডেমোক্র্যাট সমর্থকেরা একযোগে ‘হিলারি, হিলারি’ বলে স্লোগান দেওয়া শুরু করেন। তাঁদের চিৎকার ক্রমেই জোরালো হতে থাকে। আর তা থামানোর চেষ্টা করে ব্যর্থ হন ওবামা। সমর্থকদের চুপ করে আসনে বসার অনুরোধ জানিয়ে ওবামা আবারও বলেন, ‘আপনাদের মনোযোগ ধরে রাখার কথা বলেছিলাম। কিন্তু আপনারা তা করছেন না। আমি কী বলছি, সেটা শুনুন।’
সমর্থকদের চিৎকার কিছুটা কমে এলে ওবামা বলেন, ‘আমাদের দেশে বাক্স্বাধীনতা আছে। তিনি কিছুই করছেন না। শুধু তাঁর পছন্দের প্রার্থীকে সমর্থন করছেন। তাঁকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আমাদের তাঁকে সম্মান করা উচিত। তাঁকে আর বিদ্রূপ করবেন না।’