ট্রাম্প-রুবিও কাদা ছোড়াছুড়ির চূড়ান্ত
হিউস্টনে বৃহস্পতিবার রিপাবলিকান দলের দশম বিতর্কে সিনেটর মার্কো রুবিওর হাতে বেধড়ক মার খাওয়ার পর দলটির প্রধান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার বদলা নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন।
বিতর্কে সুবিধা না করতে পারলেও শুক্রবার একাধিক সভা ও টিভি সাক্ষাৎকারে ট্রাম্প রুবিওকে অতি দুর্বল একজন ‘ছিঁচকাঁদুনে’ বলে উপহাস করেন। ৬ ফেব্রুয়ারি নিউ হ্যাম্পশায়ারে এক বিতর্কে নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি রুবিওকে শেখানো কথা ‘তোতা পাখির মতো কপচানোর’ জন্য বিদ্রূপ করেছিলেন। ট্রাম্প সে কথা মনে করিয়ে বলেন, সেদিন বিতর্কের সময় রুবিও শুধু যে ঘামছিলেন তা-ই নয়, সম্ভবত ভীতসন্ত্রস্ত হয়ে মূত্র ত্যাগ পর্যন্ত করে ফেলেছিলেন। সহাস্যে তিনি বলেন, ‘তাঁর পায়ের কাছে আমি দেখি পানি জমে আছে, সেটা কী?’
রুবিও-ও ছেড়ে দেওয়ার পাত্র নন। বৃহস্পতিবারের বিতর্কে ট্রাম্পের নাজেহাল অবস্থার উল্লেখ করে রুবিও ডালাসে এক সভায় বলেন, সেদিন বিতর্কের বিরতির সময় ট্রাম্প প্রথমে তাঁর ঠোঁটের ওপর ঘাম লিপস্টিক দিয়ে ঘষলেন, তারপর পূর্ণদৈর্ঘ্য একখানা আয়না চেয়ে নিলেন। কেন, অত বড় আয়নার দরকার কী? মহা হাস্যরোলের মধ্যে রুবিও বলেন, ট্রাম্পই সম্ভবত তাঁর প্যান্টে প্রস্রাবের দাগ লেগে আছে কি না, তা পরখ করতে চাইছিলেন।
ট্রাম্প-রুবিও এই কাদা-ছোড়াছুড়ির মধ্যে নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি শুক্রবার ট্রাম্পকে ‘সেরা রিপাবলিকান প্রার্থী’ আখ্যা দিয়ে তাঁর প্রতি সমর্থন প্রকাশ করেন।
সাউথ ক্যারোলাইনায় হিলারির প্রত্যাশা: এদিকে গতকাল শনিবার সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মনোনয়নের লড়াইয়ে হিলারি ক্লিনটন চূড়ান্ত ধরনের বিজয় প্রত্যাশা করছিলেন। আগামী মঙ্গলবারের গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার আগে প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের চেয়ে এগিয়ে থাকার আশা ছিল তাঁর।