ট্রুডোকে হিটলারের সঙ্গে তুলনা করে মাস্কের টুইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাস্টিন ট্রুডো ও ইলন মাস্ক
ছবি: রয়টার্স

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে জার্মানির যুদ্ধবাজ নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করে টুইট পোস্ট করার পর তা আবার পরে মুছে দিয়েছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্থানীয় সময় বুধবার মধ্যরাতের কিছু আগে এ টুইট করেন মাস্ক। টুইটটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা টুইটারে আলোড়ন তৈরি করে।

অবশ্য পরদিন বৃহস্পতিবার দিনের মাঝামাঝি সময়ে টুইটটি মুছে দেন মাস্ক। টুইট করা ও তা মুছে দেওয়ার বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও।

টুইটারে মাস্ক বেশ জনপ্রিয়। টুইটারে তাঁর ৭৪ মিলিয়ন অনুসারী আছে।

কানাডায় ট্রুডো সরকারের জারি করা বাধ্যতামূলক টিকাসহ করোনা–সংক্রান্ত বিধিনিষেধের বিরুদ্ধে দেশটির ট্রাকচালকেরা বিক্ষোভ করছেন। এই ট্রাকচালকদের সমর্থনেই মাস্ক টুইটটি করেছেন বলে প্রতীয়মান হয়।

মাস্ক গত জানুয়ারি মাসের শেষ দিকেও কানাডার বিক্ষোভরত ট্রাকচালকদের সমর্থনে টুইট করেছিলেন।

কানাডায় ট্রাকচালকেরা কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করছেন। বিক্ষোভকারী ট্রাকচালকেরা সড়ক ও সেতু অবরুদ্ধ করে রেখেছেন। কানাডার এ বিক্ষোভ আন্তর্জাতিক অঙ্গনেও আলোচিত হচ্ছে।

বিক্ষোভকারীদের দমাতে জরুরি আইন ব্যবহারের ঘোষণা দিয়েছেন ট্রুডো। বিক্ষোভে জড়িত ব্যক্তিদের ব্যাংক হিসাব জব্দের হুমকি দিয়েছেন তিনি।