ট্রেনের দরজায় মাথা আটকা, সাহায্য করল না কেউ!
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পাতালরেলে ট্রেনের দুই দরজার মাঝখানে মাথা আটকে যায় মধ্যবয়সী এক নারীর। মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথোরিটির ইউনিফর্ম পরা এক নারীসহ বেশ কয়েকজন যাত্রী পাশ দিয়ে যান। কিন্তু কেউই তাঁকে সাহায্যের জন্য এগিয়ে যাননি।
এ ঘটনাটি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এ ঘটনার ভিডিও চিত্রটি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে। ১২ ঘণ্টার কম সময়ের মধ্যে ভিডিওটি দেখা হয়েছে ১ কোটি ২০ লাখ বার।
ভিডিও চিত্রটিতে দেখা গেছে, ট্রেনের দুই দরজার মাঝখানে ওই নারীর মাথা আটকা রয়েছে। হাতে থাকা হাতব্যাগটি বাইরের দিকে ঝুলে রয়েছে। শরীরের বাকি অংশ ট্রেনের ভেতরে রয়েছে। ট্রেনটি স্টেশনে থেমে রয়েছে।
তবে অবাক বিষয় হলো এ অবস্থায়ও ওই নারীকে বিচলিত হতে দেখা যায়নি। কারও কাছে তাঁকে সাহায্যও চাইতে দেখা যায়নি। তবে পেছন থেকে এক ব্যক্তির চিৎকার শোনা যায়। তিনি দরজাটি খুলতে কাউকে সাহায্য করতে বলছিলেন।
প্ল্যাটফর্মে থাকা আরেকটি ট্রেন থেকে এক যাত্রী ভিডিওটি করেছেন বলে প্রতীয়মান হয়। ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিওটিতে এক ব্যক্তির মন্তব্য, ‘এই নারীকে কেউ সাহায্য করেননি। তাদের জন্য ধিক্কার।’ আরেকজনের মন্তব্য, ‘মূল বিষয় হলো কেউ তাঁকে সাহায্য করার জন্য থামেনি—এটা আশঙ্কাজনক ব্যাপার।’
যিনি ভিডিওটি করেছেন, তাঁকে তিরস্কার করতে দেখা গেল আরেক ব্যক্তিকে। তাঁর মন্তব্য, ‘...ক্যামেরার পেছনে একজন মানুষ রয়েছেন; যিনি ওই নারীকে সাহায্য করার পরিবর্তে পুরো বিষয়টি ভিডিও করেছেন।...’
তবে ওই নারী শেষ পর্যন্ত কীভাবে উদ্ধার হন, তা দেখার আগেই ভিডিও চিত্রটি শেষ হয়ে যায়। ওই নারী কতটা সময় ওভাবে আটকে ছিলেন, তা-ও পরিষ্কার নয়। নিউইয়র্ক সিটির পাতালরেলের কোন স্টেশনে ঘটনাটি ঘটে এবং ওই নারী আহত হয়েছেন কি না, তা-ও পরিষ্কার নয়।