আমেরিকার অভিবাসীদের নিয়ে নতুন খেলায় নেমেছে ট্রাম্প প্রশাসন। এবার এই চালটি আসছে আদমশুমারির হাত ধরে। আমেরিকায় এবারই প্রথম ঘরে ঘরে লোক গণনার সময় নাগরিকত্ব সম্পর্কিত প্রশ্ন করা হবে। অর্থাৎ আদমশুমারির নামে আমেরিকায় ছড়িয়ে থাকা বৈধ-অবৈধ অভিবাসীদের চিহ্নিত করার কাজটি সেরে ফেলবে প্রশাসন। এ নিয়ে এরই মধ্যে আমেরিকাজুড়ে শুরু হয়েছে প্রতিবাদ।
আমেরিকার ২০২০ সালের আদমশুমারিতে নাগরিকত্ব সম্পর্কিত প্রশ্ন যোগ করা নিয়ে এরই মধ্যে আমেরিকাজুড়ে বিতর্ক শুরু হয়েছে। এক দিকে শুরু হয়েছে প্রতিবাদ। আর অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানাচ্ছে। নড়েচড়ে বসছেন ডেমোক্র্যাট নেতারা। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলার প্রস্তুতি নিচ্ছে প্রায় দুই ডজন নগরী।
নাগরিক সংগঠনগুলো বলছে, অভিবাসন বিরোধী নতুন এ ট্রাম্পীয় কৌশল যে করেই হোক ঠেকাতে হবে। না হলে এর প্রভাব শুধু অভিবাসীদের ওপরই নয়, মার্কিন রাজনীতি ও অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করবে।
২০২০ সালের আদমশুমারিতে নাগরিকত্ব বিষয়ে প্রশ্ন যোগ করার বিষয়টি বিবেচনাধীন বলে ২৬ মার্চ জানায় মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। সঙ্গে সঙ্গেই ডেমোক্রেটিক পার্টি এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের কঠোর আপত্তির জানান দেয়। পরে বাণিজ্যমন্ত্রী উইলবার রস আদমশুমারিতে নাগরিকত্ব সম্পর্কিত প্রশ্ন পুনঃসংযোজনের ঘোষণা দেন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। এতে যুক্তি হিসেবে রস বলেন, ‘আমাদের দেশে অনেক আগে থেকেই নাগরিকত্ব সংক্রান্ত তথ্য সংগ্রহের রেওয়াজ আছে।’
প্রসঙ্গত, আদমশুমারিতে নাগরিকত্ব সম্পর্কিত তথ্য সংগ্রহের রেওয়াজ আমেরিকায় থাকলেও তা বহু আগের বিষয়। ১৯৫০ সাল থেকে আমেরিকায় হওয়া আদমশুমারিগুলোয় নাগরিকত্ব সংক্রান্ত কোনো প্রশ্ন ছিল না।
এই প্রশ্ন সংযোজনের অন্যতম প্রস্তাবক অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স। এই ক্ষেত্রে তাঁর যুক্তি, আদমশুমারির মাধ্যমে আমেরিকার বিভিন্ন স্তরে জনপ্রতিনিধিত্বের আসন-সংখ্যা নির্ধারিত হয়। প্রেসিডেন্ট নির্বাচনে ইলেক্টরাল কলেজ ভোটের সংখ্যাও এই গণনা অনুযায়ীই স্থির হয়। ফলে এই ধরনের প্রশ্ন ভোটাধিকার আইন আরও ভালোভাবে প্রয়োগ করতে বিচার মন্ত্রণালয়কে সাহায্য করবে।
ডেমোক্রেটিক পার্টি এ সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে বলেছে, এ ধরনের প্রশ্ন আদমশুমারিতে জুড়ে দিলে সঠিক লোকগণনা ব্যাহত হবে। এই প্রশ্নের কারণে কোনো কোনো অভিবাসী নির্ধারিত ফর্ম পূরণে নিরুৎসাহিত হবেন। কারণ অনেকেই একে বর্তমানে অবৈধ অভিবাসী বিতাড়নে ট্রাম্পের অভিযানকে সহজতর করার পন্থা হিসেবে দেখছেন।
এই বিষয়ে উইলবার রসের মত, ‘আমেরিকান নাগরিকদের প্রায় ৯০ শতাংশ এমন প্রশ্নকে বাড়তি আরোপিত বলে মনে করেন না। আর নাগরিক নন এমন ব্যক্তিবর্গের ৭০ শতাংশ ইতিপূর্বে করা আমেরিকান কমিউনিটি জরিপে সঠিকভাবেই এই প্রশ্নের জবাব দিয়েছেন। সুতরাং তাদের জন্যও এ প্রশ্ন বাড়তি প্রয়োগ নয়।’
তিনি বলেন, ‘সঠিক তথ্য পরিসংখ্যানের জন্যই আদমশুমারিতে এই প্রশ্ন যোগ করা হবে। আর নাগরিকত্ব সংক্রান্ত পরিসংখ্যান বিচার মন্ত্রণালয়ের জন্য বেশি গুরুত্বপূর্ণ।’
তবে এ সিদ্ধান্তের ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়কে আইনি লড়াইয়ের মুখে দাঁড়াতে হচ্ছে। এরই মধ্যে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল জ্যাভিয়ার বিসেরা এক টুইট বার্তায় এই ‘বেআইনি নীতি’র বিরুদ্ধে তিনি আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন। একইভাবে নিউইয়র্ক, নিউজার্সিসহ ডেমোক্র্যাট রাজ্যগুলোর অ্যাটর্নি জেনারেলরা ট্রাম্প প্রশাসনের এমন উদ্যোগের বিরুদ্ধে মামলার ঘোষণা দিয়েছেন।
তাঁরা বলছেন, ‘আদমশুমারির ভিত্তিতেই নির্বাচনের ম্যাপ তৈরি হয়। নির্বাচনী এলাকা নির্ধারণ থেকে শুরু করে সরকারি অর্থ বরাদ্দ ও জনপ্রতিনিধির সংখ্যা নির্ধারণসহ অনেক কিছুই এর ওপর নির্ভরশীল। ট্রাম্প প্রশাসন নতুন এ চালকে অভিবাসীদের পীড়ন ও ডেমোক্র্যাটদের রাজনৈতিকভাবে দুর্বল করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
ডেমোক্র্যাট দলের জাতীয় কমিটির প্রধান টম পেরেজ ২৮ মার্চ এক ই-মেইল বার্তায় ট্রাম্প প্রশাসনের এই ‘অপকৌশল’ রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আদমশুমারির সময় ঘরে ঘরে গিয়ে লোক গণনার সময় নাগরিক কিনা এমন প্রশ্নের পরিণাম হবে সুদূর প্রসারী। অনেক লোক তালিকাভুক্তি থেকে পালিয়ে বাঁচতে চাইবে। এই সূত্রে পাল্টে যাবে আমেরিকার রাজনৈতিক মানচিত্র। বহু নগরীতে ফেডারেল ও রাজ্য সুযোগ-সুবিধা প্রাপ্তিতে ব্যাপক গোলমাল দেখা দেওয়ারও আশঙ্কা রয়েছে।
নিউইয়র্ক শহরের নগর-পরিকল্পনা বিভাগের প্রধান ডেমোগ্রাফার জোসেফ জে সালভো নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ‘শহরের মোট জনসংখ্যার ৬০ শতাংশের বেশি হয় অভিবাসী অথবা অভিবাসীর সন্তান। শুমারিতে এই ধরনের প্রশ্নের অন্তর্ভুক্তি বিপর্যয়কর হয়ে উঠতে পারে। কারণ অনেকেই হয়তো ট্রাম্প প্রশাসনের প্রতি অবিশ্বাস থেকে এই প্রশ্ন এড়াতে আদমশুমারিতেই সাড়া দেবেন না। মানুষ এরই মধ্যে একে একটি অভিবাসন সংকট হিসেবে দেখতে শুরু করেছে।’
তিনি বলেন, ‘নিউইয়র্ক শহরের ৮৬ লাখ বাসিন্দার মধ্যে ৩২ লাখই বিদেশি বংশোদ্ভূত। এর মধ্যে ৪৬ শতাংশই অভিবাসী। এই অভিবাসীদের মধ্যে ৫ লাখ আবার অনিবন্ধিত। এরা আবার বিভিন্ন স্থায়ী বাসিন্দার সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। ফলে ৫ লাখ অনিবন্ধিত অভিবাসীর সঙ্গে সঙ্গে বড় একটি জনগোষ্ঠীই শঙ্কিত হয়ে পড়েছে।’
নিয়ম অনুযায়ী, আদমশুমারির তথ্য সরকারের অন্য অংশকে দেওয়ার কথা নয়। কিন্তু ট্রাম্প প্রশাসনের প্রবণতা বলছে, এই আদমশুমারির তথ্যকে তারা অভিবাসন বিষয়ে নিজেদের নীতি কার্যকরে ব্যবহার করতে পারে। আর এই আশঙ্কাই অনেকের মধ্যে বদ্ধমূল হয়ে দাঁড়িয়েছে। ফলে অনেকেই আদমশুমারিতে সাড়া না দেওয়ার আশঙ্কা রয়েছে, যা বিভিন্ন অঞ্চলের সরকারি বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন আঞ্চলিক কর্তৃপক্ষ। বিশেষত নিউইয়র্কের মতো অভিবাসীবান্ধব শহরগুলোর কর্তৃপক্ষ এই আশঙ্কা জোরেশোরে প্রকাশ করেছে।