
আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের ট্রয় নগর কর্তৃপক্ষের বিরুদ্ধে ধর্মীয় বৈষম্যের অভিযোগ উঠেছে। এই নগরে গির্জা, সিনাগগসহ অন্যান্য ধর্মের অনুসারীদের উপসনালয় থাকলেও মসজিদ নির্মাণের অনুমতি দিচ্ছে না কর্তৃপক্ষ। মুসলমান কমিউনিটির পক্ষ থেকে কয়েক দফায় আবেদন করা হলেও নানা অজুহাতে তারা আবেদন খারিজ করে। মুসলমানদের ধর্মীয় স্থাপনা নির্মাণে ন্যায়সংগত অনুমতি না দেওয়ায় ফেডারেল সরকারের পক্ষ থেকে নগর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
১৯ সেপ্টেম্বর মিশিগান পূর্ব জোনের ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে এই মামলাটি করা হয়েছে। মামলাটি করেছে ফেডারেল সরকারের বিচার বিভাগ। এতে ট্রয় নগরের বিরুদ্ধে স্থানীয় মুসলিম কমিউনিটিকে মসজিদ নির্মাণে অনুমতি না দিয়ে তাদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ আনা হয়েছে।
মামলায় বলা হয়েছে, গত বছর ওকল্যান্ড কাউন্টি কমিউনিটি ফেডারেল আইন অমান্য করে মুসলিম কমিউনিটির মসজিদ নির্মাণের আবেদন প্রত্যাখ্যান করেছে, যা রিলিজিয়াস ল্যান্ড ইউজ অ্যান্ড ইনস্টিটিউশনালাইজড অ্যাক্ট–২০০০ (আরএলইউআইপিএ) আইনের পরিপন্থী। ট্রয় নগর কর্তৃপক্ষ মসজিদ নির্মাণের অনুমোদন না দিয়ে উল্টো যারা আবেদন করেছিল, তাদের ওপর অযাচিত বিধিনিষেধ আরোপ করেছে। তাদের চাপে রাখতে নগরী এমন করেছে বলে বিচার বিভাগের দায়ের করা মামলায় বলা হয়েছে।
ইউএস সিভিল রাইটস ডিপার্টমেন্টের সহকারী অ্যাটর্নি জেনারেল এরিক ড্রেইব্যান্ড বলেন, ‘জোনিং আইন যা মসজিদ, গির্জা, সিনাগগ এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে অন্যান্য সংস্থার তুলনায় কম আনুকূল্য দেখায়। স্থানীয় সরকার যেন যেকোনো বিশ্বাসের মানুষের প্রতি বৈষম্যমূলক আচরণ না করে, ফেডারেল বিচার বিভাগ সেটি নিশ্চিত করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।’
মিশিগান পূর্বাঞ্চল জোনের ইউএস অ্যাটর্নি জেনারেল ম্যাথু স্নাইডার এক বিবৃতিতে বলেন, ট্রয় নগর কর্তৃপক্ষ অন্য প্রতিষ্ঠানগুলোর মতো ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকেও সমান গুরুত্ব দিতে বাধ্য।
মিশিগান অঙ্গরাজ্যের ট্রয় নগরে বাংলাদেশি আমেরিকান কমিউনিটির নেতা প্রকৌশলী ড. মো. নুরুল আমিনের নেতৃত্বে অ্যাডাম কমিউনিটি সেন্টার নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৫/৭ বছর ধরে একটি মসজিদ নির্মাণের চেষ্টা করে আসছেন। কিন্তু ট্রয় নগরের অসহযোগিতার কারণে তা আলোর মুখ দেখেনি। এই শহরে প্রায় তিন হাজার মুসলমানের বসবাস। অসংখ্য চার্চ ও অন্যান্য ধর্মাবলম্বীদের ৭৩টি উপাসনালয় থাকলেও আজ অবধি কোনো মসজিদ প্রতিষ্ঠার কোনো অনুমোদন নগরের কাছ থেকে পাওয়া যায়নি। তারা নানা টালবাহানা করে বারবার এই আবেদন ফিরিয়ে দেয়।
২০১৯ সালের ১৯ জুন ট্রয়ের জোনিং বোর্ড অ্যাডাম সিসির দাখিল করা মসজিদ নির্মাণের আবেদন শেষবারের মতো অগ্রাহ্য করে। উপায়ান্তর না দেখে, অ্যাডাম সিসি কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস, মিশিগানের (কেয়ার-মিশিগান নামে পরিচিত) দ্বারস্থ হয়।
তাদের সহায়তায় ট্রয় নগরের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস ট্রয় নগর কর্তৃপক্ষকে অ্যাডাম সিসির সঙ্গে সমঝোতায় আসার আহ্বান জানায়। ট্রয় কর্তৃপক্ষ সেই আবেদন অগ্রাহ্য করলে ডিপার্টমেন্ট অফ জাস্টিস ব্যাপারটি আমলে নেয়। প্রাথমিক তদন্তে মুসলিম কমিউনিটির ওপর ট্রয় নগর কর্তৃপক্ষের ধর্মীয় বৈষম্যমূলক আচরণের প্রমাণ পায়। তার ওপর ভিত্তি করে ১৯ সেপ্টেম্বর নগর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করে বিচার বিভাগ।
এ প্রসঙ্গে অ্যাডাম সিসির প্রেসিডেন্ট, মামলার অন্যতম বাদীদের একজন প্রকৌশলী ড. মো. নুরুল আমিন বলেন, ‘ট্রয় মিশিগানের সবচেয়ে বৈচিত্রময় শহর। এখানে অন্য সব ধর্মের মানুষের মতো প্রায় তিন হাজার মুসলমান ধর্মাবলম্বীও বসবাস করে। সবার উপাসনালয় আছে, কিন্তু আমাদের নেই। তারা চায়, আমরা অন্য শহরে গিয়ে আমাদের উপাসনালয় তৈরি করে সেখানে উপাসনা করি। এটি অন্যায়, আমরা বছরের পর বছর ধরে এই শহরে বসবাস করি। কেন আমাদের অন্য কোনো শহরে গিয়ে মসজিদ নির্মাণ করতে হবে। আমরা আশা করি, আমাদের মসজিদের অনুমোদন বেআইনিভাবে অগ্রাহ্য করে নগর কর্তৃপক্ষ যে অন্যায় করেছে, মহামান্য আদালতের রায়ের মধ্যমে সেটার অবসান হবে।’
মামলা দায়েরের খবর প্রচার হলে স্থানীয় প্রায় সব গণমাধ্যমে তা ফলাও করে প্রচার করা হয়। সঙ্গে মুসলিম কমিউনিটি ট্রয় নগরে তাদের একটি উপাসনালয় প্রতিষ্ঠায় কীভাবে হেনস্তার শিকার হয়েছে, কতটা সংগ্রাম তাদের করতে হয়েছে, সেসব সবিস্তারে তুলে ধরে। সবার একটাই প্রশ্ন, অন্য সব ধর্মের উপাসনালয় থাকলে মুসলমানদের কেন থাকতে পারবে না। এটি ধর্মীয় বৈষম্যমূলক আচরণ, যা আইনের পরিপন্থী।
ট্রয় শহরের রচেস্টার সড়কের ওপর সাকুরা এশিয়ান রেস্টুরেন্টের লাগোয়া একটি ভবনে অ্যাডাম কমিউনিটি সেন্টার। এই শহরের প্রথম একটি মসজিদ নির্মাণের জন্য আবেদন করা হয় এবং ট্রয় নগর কর্তৃপক্ষ জোনিং আইন অমান্য করার অজুহাত দেখিয়ে তাদের সেই আবেদন ফিরিয়ে দেয়।