ড. করিম: অ্যান আনসাং হিরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজমুল করিম
নাজমুল করিম

‘কখনো ভেবো না আজকে তুমি যে অবস্থানে এসেছ, তা শুধু নিজের চেষ্টায় এসেছ—somebody had pulled you up. So help others. ‘এই কথাটি ড.নাজমুল করিমের শুধু উপদেশই না, এই কথাটি একবাক্যে ব্যক্তি নাজমুল করিমের পরিচয়। গত ২১ জুন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রবাদপুরুষ আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। কিন্তু শিক্ষক নাজমুল করিমের চেয়ে তাঁর ব্যক্তিত্ব, তার গুণগ্রাহী ছাত্রদের মনে তাঁর উপস্থিতি অমলিন করে রাখে। তিনি নেদারল্যান্ডসে একটি কনফারেন্সে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করতে যান এবং সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ড. করিম ১৯৭২ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি শেষ করে সেখানেই শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার থেকে ১৯৭৭ সালে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। সর্বশেষ তিনি টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন হিসেবে কর্মরত ছিলেন। তিনি টেক্সাস টেক ইউনিভার্সিটি, কলোরাডো স্টেট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অফ টেক্সাসে প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি হল্যান্ড, কানাডা, ডেনমার্ক ও আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। 

৩০ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে ড. করিমের প্রায় ২৫০টির বেশি প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয় এবং আমন্ত্রিত বক্তা হিসেবে বিভিন্ন সম্মেলন, সভা–সেমিনারে চার শ-এর বেশি বক্তব্য দেন। তাঁর প্রকাশিত ‘কেমিক্যাল বায়োপ্রসেস কন্ট্রোল’ বইটি পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। তিনি ছিলেন আমেরিকান ইনস্টিটিউট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ফেলো। পারিবারিক পরিচয়ে ড. করিম আওয়ামী লীগের প্রয়াত নেত্রী রাশেদা মহীউদ্দিনের মেজো ভাই।

ড. করিমের সাফল্যমণ্ডিত জীবনকে ক্ষুদ্র পরিসরে বর্ণনা করা দুষ্কর। একজন সফল গবেষক হিসেবে তাঁকে যেমন সবাই চেনেন, একইভাবে অসাধারণ বক্তা হিসেবে তিনি ছিলেন সমান জনপ্রিয়। বাঙালি, বাংলা সাহিত্যে অনবদ্য দখল ছিল ড. করিমের। একাধারে জনপ্রিয় শিক্ষক, গবেষক, বন্ধুবৎসল এবং সদা হাস্যোজ্জ্বল মানুষ হিসেবেই ড. নাজমুল করিমকে আমরা দেখতে পাই।

আমেরিকায় পড়তে আসা বাংলাদেশি ছাত্রদের জন্য ড. করিম ছিলেন একাধারে নিবেদিতপ্রাণ শিক্ষক, পথপ্রদর্শক। জীবনের নানাদিকের সঙ্গে ড. করিম ছাত্রদের দিয়েছেন জীবন দর্শন, রবীন্দ্র সাহিত্যের পাঠ। তাঁর অনুপস্থিতিতে বাংলাদেশি ছাত্ররা একজন বন্ধু ও অভিভাবক হারাল।