
আমেরিকা প্রবাসী সিলেটবাসীর উদ্যোগে শিক্ষাবিদ ড. এম এ মোমেনকে ৪ অক্টোবর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বেলোজিনো ক্লাব হাউসে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা আগামী জাতীয় নির্বাচনে সিলেট-১ আসনে তাঁকে মনোনয়ন দেওয়ার জন্য আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানানো হয়েছে। সংবর্ধনার জবাবে এম এ মোমেন বলছেন, সিলেটের উন্নয়নে পুরো সিলেটবাসীর মুখপাত্র হিসেবে তিনি আজীবন কাজ করে যাবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ রাজনীতিবিদ সৈয়দ বসারত আলী। ইফজুল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথিদের মধ্যে ছিলেন নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদ, যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরী, ঢাকা উত্তরের প্যানেল মেয়র আলেয়া সরওয়ার ডেইজি, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, এনামসহ সিলেট অঞ্চলের বিভিন্ন কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও বর্তমানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. এম এ মোমেন সংবর্ধনা অনুষ্ঠানে বলেন, বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। বিশ্বের প্রধান তিনটি শীর্ষ অর্থনৈতিক উন্নতির দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন হচ্ছে মানবিকভাবে। এ অগ্রযাত্রা আমাদের অব্যাহত রাখতে হবে।
ড. মোমেন বলেন, বাংলাদেশের দ্রুত উন্নয়ন হলেও সিলেট অঞ্চলে উন্নয়নের কোনো মেগা প্রকল্প নেই। তিনি সিলেটের উন্নয়নের একজন তদবিরকারী হিসেবে নিজেকে উল্লেখ করে বলেন, প্রবাসীদের নিজ নিজ অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান।
ঢাকা উত্তরের প্যানেল মেয়র আলেয়া সরোয়ার ডেইজি বলেন, জননেত্রী শেখ হাসিনা কখনো সিদ্ধান্ত নিতে ভুল করেন না। ড. মোমেনকে সিলেট-১ আসন থেকে নির্বাচনের সুযোগ দেওয়া হলে সিলেটবাসী তাঁর পেছনে ঐক্যবদ্ধ থাকবে।