সভাপতি পদ না ছাড়লে সরিয়ে দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানকে পদ থেকে সরে যেতে বলেছেন ছাত্রলীগের নিউইয়র্ক শাখার সাবেক নেতারা। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানকে পদ থেকে সরে যেতে বলেছেন ছাত্রলীগের নিউইয়র্ক শাখার সাবেক নেতারা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ করে তাঁকে পদ থেকে সরে যেতে বলেছেন ছাত্রলীগের নিউইয়র্ক শাখার সাবেক নেতারা। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, ড. সিদ্দিক পদ না ছাড়লে তাঁকে সরিয়ে দিতে ‘তলবি’ সভা আহ্বান করা হবে। 

১২ নভেম্বর রাতে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ড. প্রদীপ রঞ্জন কর। সাবেক ছাত্রনেতা ও যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক কাজী কয়েস ও প্রচার সম্পাদক এনামের (দুলাল মিয়া) যৌথ পরিচালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ছাত্রনেতা ও যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য হিন্দাল কাদির বাপ্পা।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের উপদেষ্টা ড. মহসীন আলী, ডা. মাসুদুল হাসান, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়কারী ও যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাদশা, দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. এখতিয়ার আলী, শরীফ কামরুল আলম হীরা, আশরাফ মাসুক প্রমুখ।
নিউইয়র্কে জ্যাকসন হাইটসে মামুন’স টিউটোরিয়ালে ৫ নভেম্বর জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ড. সিদ্দিকুর রহমান বলেন, ‘কতিপয় গর্দভ ছাত্রলীগ নেতার কারণে জাসদের সৃষ্টি হয়। জাসদ সৃষ্টি না হলে বঙ্গবন্ধুর এভাবে মৃত্যু হতো না। বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র তৈরি করেছিল জাসদ। বঙ্গবন্ধু জীবিত থাকলে বাংলাদেশ আজ সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্রে পরিণত হতো।’
সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাদের সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউ জার্সি শাখা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুজন আহমদ সাজু, সাবেক সাধারণ সম্পাদক টিপু সুলতান, নিউ জার্সির নেতা হাবিবুর রহমান হাবিব, শামিম আহমেদ, মহিলা লীগের যুগ্ম সম্পাদক রুমানা আক্তার, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি দুরুদ মিয়া রনেল, সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ জয়, হেলাল মাহমুদ, আবদুস সহীদ দুদু, সিরাজ সরকার, জিয়াউর রহমান মোরশেদ, নাফিসুর রহমান তুরান, ইলিয়ার রহমান, জালাল আহমেদ, টুটুল আহমেদ, আমিনুল হক পান্না, জিল্লু আহমেদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, নিউইয়র্কে ৭ নভেম্বর সিপাহি জনতার অভ্যুত্থান ও সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষপূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্র শাখা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিদ্দিকুর রহমান। সভায় তিনি ছাত্রলীগের সাবেক নেতাদের অশালীন ভাষা ব্যবহার করে দেশ ও জাতির সামনে হেয় প্রতিপন্ন করার অপপ্রয়াস চালিয়েছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ছাত্রলীগ যাদের গাত্রদাহের কারণ, তাদের আওয়ামী লীগ করার আর কোনো অধিকার নেই। ড. সিদ্দিকের এক-এগারোর ভূমিকাও রহস্যময়। সম্প্রতি তথাকথিত ফারাক্কা প্রতিরোধ কমিটি অর্থাৎ বিএনপি নেতা আজাহারুল হক মিলন কর্তৃক আয়োজিত সভায় ড. সিদ্দিক বলেন, এখনই সময় ভারতকে প্রতিরোধের।
লিখিত বক্তব্যে বলা হয়, নেত্রীর নির্দেশে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ সবার সামনে ঘোষণা দিয়েছিলেন ৯০ দিনের মধ্যে একটি সম্মেলন প্রস্তুতি কমিটি ও সম্মেলনের তারিখ নির্ধারণ করতে হবে। তিনি কৌশলে কার্যকরী কমিটির সভা বাতিল করে নির্বাচনের আগে কোনো সম্মেলন হবে না বলে ঘোষণা দেন। কেন্দ্রের নির্দেশ অমান্য করে নিজেকে ক্ষমতাধর প্রমাণ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে বলা হয়, জাসদের নেতা হাসানুল হক ইনু জাসদের ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চেয়েছেন। ড. সিদ্দিকুর রহমান সেই ভুলকে সত্য প্রমাণিত করার অপচেষ্টায় লিপ্ত। এটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। বর্তমানে জাসদ আমাদের বন্ধুপ্রতিম সংগঠন। বঙ্গবন্ধুকন্যা মহত্ত্ব দেখিয়ে সব বিতর্কের অবসান ঘটিয়ে জাসদকে শরিক জোটের অন্তর্ভুক্ত করেছেন। নির্বাচনের আগে ড. সিদ্দিকুর রহমান উসকানিমূলক বক্তব্য দিয়ে কার উদ্দেশ্য চরিতার্থ করতে ব্যস্ত হয়ে উঠেছেন?
সাবেক ছাত্রলীগ নেতারা বলেন, সিদ্দিকুর রহমানের ন্যূনতম আত্মসম্মান জ্ঞান থেকে থাকলে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন। অন্যথায় নেত্রীর নির্দেশ অমান্য ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সুনির্দিষ্ট প্রমাণ থাকায় ৯০ দিন পার হলে গঠনতন্ত্র মোতাবেক একজন সিনিয়র সদস্যের সভাপতিত্বে ড. সিদ্দিকুর রহমানকে তলবি সভা ডেকে অব্যাহতি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা প্রদীপ রঞ্জন কর দলীয় গঠনতন্ত্রের ১১ ধারার কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সম্মেলন ডাকা না হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তলবি সভা ডাকা হবে। উপদেষ্টা মাসুদুল হাসান সিদ্দিকুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করেন। সিদ্দিকুর রহমানের তীব্র সমালোচনা করে উপদেষ্টা মহসীন আলী বলেন, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না।
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী কয়েস বলেন, যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের বর্তমান কমিটি তাঁর নেতৃত্বে দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাদশা ছাত্রলীগ-সম্পর্কিত সিদ্দিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সম্মেলন না হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেবেন সাধারণ নেতা-কর্মীরা।
দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, সিদ্দিকুর রহমান কখনো ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তিনি একজন হাইব্রিড আওয়ামী লীগ নেতা। প্রচার সম্পাদক তাঁর পদত্যাগ দাবি করেন।
তাঁর বক্তব্য নিয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের সংবাদ সম্মেলন এবং তাঁর পদত্যাগের দাবির বিষয়ে যোগাযোগ করেও সিদ্দিকুর রহমানকে পাওয়া যায়নি। তিনি বর্তমানে দেশে অবস্থান করছেন বলে জানানো হয়েছে।