ডানকিন ডোনাটস বর্জনের সিদ্ধান্ত নিউইয়র্ক গোয়েন্দা পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে ডানকিন ডোনাটসের এমন অসংখ্য শাখা রয়েছে
নিউইয়র্কে ডানকিন ডোনাটসের এমন অসংখ্য শাখা রয়েছে

নিউইয়র্ক নগরীর পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা চেইন রেস্টুরেন্ট ডানকিন ডোনাটস বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। জানা যায়, ডানকিন ডোনাটসের ব্রুকলিন শাখার কর্মীরা বিরাগের বশবর্তী হয়ে নিউইয়র্ক নগরীর দুজন গোয়েন্দা পুলিশ অফিসারকে আইসক্রিম সরবরাহ করতে অস্বীকৃতি জানানোয় তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
নিউইয়র্ক পোস্ট জানায়, নগরীর পুলিশ বিভাগের ডিটেক্টিভস এনফোর্সমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মিখাইল প্যালাডিনো ডানকিন ডোনাটস বর্জনের নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, ‘ডানকিন ডোনাটস কর্মীদের এ আচরণ দুর্ভাগ্যজনক এবং পক্ষপাতমূলক। বিষয়টি আমরা এড়িয়ে যেতে পারি না। ডানকিন ডোনাটস কর্তৃপক্ষ ক্ষমা না চাওয়া পর্যন্ত এ বর্জন অব্যাহত থাকবে।’
জানা যায়, গোয়েন্দা স্কোয়াডের দুই সদস্য ৩০ জুলাই ১৯৯৩ আটলান্টিক অ্যাভিনিউর ডানকিন রেস্টুরেন্টে আইসক্রিমের অর্ডার দিয়ে লাইনে দাঁড়ান। কিন্তু কাউন্টারে আসার পর তাঁরা আইসক্রিম পাননি। বিষয়টি কাউন্টারে জানানো হলে উপস্থিত ডানকিন কর্মী দাবি করেন, তিনি দুই পুলিশের কাছ থেকে কোনো অর্ডার পাননি। এরপর কর্তৃপক্ষ পুলিশ সদস্যকে নতুন করে অর্ডার দিতে বলেন। কিন্তু উপস্থিত কর্মী দুই পুলিশকে সেবা দিতে অস্বীকৃতি জানান। তাঁর দাবি, দুই পুলিশ লাইনে না দাঁড়িয়ে সরাসরি কাউন্টারে এসে অর্ডার দেন। কিন্তু কাউন্টার অর্ডারের জন্য নয়, অর্ডারের সামগ্রী নেওয়ার জন্য।
এ বিষয়ে ডানকিনের ম্যানেজার বলেন, ‘পুলিশ কাউন্টারে পাঁচ মিনিট দাঁড়িয়ে ছিল, যা অন্যরা পছন্দ করেননি এবং জনৈক কাস্টমার এ কারণে রেস্টুরেন্ট থেকে চলে যান। আমরা সবার সেবা করি। সবাইকে প্রত্যাশিত খাবার পরিবেশন করি। পুলিশের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ রয়েছে। দুই পুলিশ ভুল করে অর্ডার না দিয়েই সরাসরি কাউন্টারে দাঁড়িয়েছিলেন।’ তবে ম্যানেজার নিউইয়র্ক পোস্টকে এ-সংক্রান্ত ভিডিও ফুটেজ দেখাতে অস্বীকৃতি জানান।