ডাবলিন সাহিত্য পুরস্কার ও কানাডার প্রেক্ষাপট
বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে যতগুলো সাহিত্য পুরস্কার রয়েছে, তার মধ্যে ইন্টারন্যাশনাল ডাবলিন লিটারারি অ্যাওয়ার্ড বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অর্থমূল্যে সেটি এক লাখ ইউরো এবং বই নির্বাচনে বিশেষ পদ্ধতি থাকায় এই পুরস্কারটি পুরো দুনিয়ার সাহিত্যামোদীদের নজর কাড়তে সক্ষম হয়েছে। ১৯ নভেম্বর ঘোষিত হয়েছে ২০১৯ সালে প্রদেয় পুরস্কারের প্রাথমিক তালিকা। এতে মোট ১৪১টি উপন্যাসের নাম ঘোষণা করা হয়েছে। অর্থাৎ মোট ১৪১টি উপন্যাস পুরস্কারের বিধি অনুযায়ী জমা পড়েছে। সব মহাদেশের ইংরেজিতে লেখা বা ইংরেজিতে অনুবাদ করা উপন্যাসগুলোর মধ্যে ওই দীর্ঘ তালিকায় রয়েছে ১২টি কানাডীয় উপন্যাসও। উল্লেখ করা যেতে পারে, এ পর্যন্ত দুজন কানাডীয় ঔপন্যাসিক গত ২২ বছরে এই পুরস্কারে ভূষিত হয়েছেন। আগামী বছরের ৪ এপ্রিল ঘোষণা করা হবে ১০টি উপন্যাসের সংক্ষিপ্ত তালিকা এবং ১২ জুন ঘোষণা হবে চূড়ান্ত পুরস্কার।
এই পুরস্কারের তত্ত্বাবধানে রয়েছে ডাবলিন সিটি কাউন্সিল। শুরুতে পুরস্কারটির নাম ইন্টারন্যাশনাল আইএমপিএসি ডাবলিন লিটারারি অ্যাওয়ার্ড থাকলেও ২০১৫ সাল থেকে এটি বর্তমান নাম গ্রহণ করেছে। পৃথিবীর ১৭৭টি দেশের ৪০০টি লাইব্রেরি সিস্টেম এই পুরস্কারের জন্য উপন্যাসের মনোনয়ন করে থাকে। শর্ত একটিই—উপন্যাসটি হতে হবে ইংরেজি ভাষায় লেখা অথবা অন্য যেকোনো ভাষা থেকে ইংরেজি ভাষায় অনূদিত। জানিয়ে রাখা যেতে পারে, অনূদিত কোনো উপন্যাস পুরস্কারের জন্য বিবেচিত হলে মূল লেখক পান ৭৫ হাজার ইউরো এবং অনুবাদক পান ২৫ হাজার। সংগঠনের ওয়েবসাইট বলছে, এ পর্যন্ত মোট নয়বার অনূদিত উপন্যাস চূড়ান্ত পুরস্কার পেয়েছে।
এই পুরস্কারের জন্য মনোনীত বইগুলো ওই বছরেই প্রকাশিত হওয়ার দরকার হয় না। যেমন ২০১৯ সালের জন্য মনোনীত বইগুলো প্রকাশের সময়কাল হলো ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। অনুবাদের ক্ষেত্রে অনুবাদ গ্রন্থটি প্রকাশের সাল ওই একই। তবে মূল গ্রন্থ ২০১৩ সালের ১ জানুয়ারি থেকে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হতে হবে।
চলতি বছর যে ১৪১টি উপন্যাসের নাম চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে সেগুলো এসেছে ৪১টি দেশের ১১৫টি শহরের ১৬টি ভাষা থেকে। এবারের দীর্ঘ তালিকায় কানাডীয় ১২টি উপন্যাস ছাড়া রয়েছে অস্ট্রেলিয়ার ১৪টি, নিউজিল্যান্ডের দুটি, আমেরিকার ৪০টি, ইংল্যান্ডের ১৮টি ও অনূদিত ৩৯টি উপন্যাস।
বিশ্বখ্যাত যে ঔপন্যাসিকদের বই এবারের দীর্ঘ তালিকায় রয়েছে তাঁরা হলেন—সালমান রুশদী, পিটার ক্যারে, জয়েস ক্যারল ওটস প্রমুখ। গত আড়াই দশকে বিশ্বখ্যাত যেসব লেখক এই পুরস্কারটি ঘরে তুলেছেন তাদের মধ্যে রয়েছেন হের্তা মুলার (১৯৯৮), ওরহান পামুক (২০০৩) প্রমুখ।
পাঠকের সুবিধার জন্য জানিয়ে রাখা যেতে পারে, চলতি বছরের ১৩ জুন ২০১৮ সালের ইন্টারন্যাশনাল ডাবলিন লিটারারি অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়, সেটি পেয়েছেন স্বাগতিক দেশ আয়ারল্যান্ডের ঔপন্যাসিক মাইক ম্যাককরম্যাক। পুরস্কারপ্রাপ্ত উপন্যাসটির নাম ‘সোলার বোনস’। গত পুরস্কারের জন্য মোট ১৫০টি উপন্যাসকে দীর্ঘ তালিকায় রাখা হয়েছিল। ষোলজন কানাডীয় ঔপন্যাসিক ওই তালিকায় যোগ হলেও সেরা দশে তাঁদের কেউ স্থান পাননি। গতবারের দীর্ঘ তালিকায় ছিলেন আনোশ ইরানি, ম্যাডেলিন থিয়েন, ক্যাথরিনা ভ্যারমেট এবং লিসা মুরের মতো খ্যাতিমান কানাডীয় ঔপন্যাসিক। গত বছর সবচেয়ে বেশি যে উপন্যাসটি মনোনয়ন পেয়েছিল সেটির রচয়িতা হলেন পাকিস্তানের মহসিন হামিদ। আর উপন্যাসটি হলো ‘এক্সিট ওয়েস্ট’। এই উপন্যাসটি চলতি বছরও সর্বাধিক মোট নয়টি লাইব্রেরি থেকে মনোনয়ন পেয়েছে।
কানাডার যে কয়েকটি লাইব্রেরি ব্যবস্থা এই পুরস্কারের জন্য বই মনোনয়ন দিয়ে থাকে সেগুলো হলো—টরন্টো, ভ্যাঙ্কুভার, উইনিপেগ, ক্যালগেরি, হ্যালিফ্যাক্স, অটোয়া, সেইন্ট জন, নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড লাবরাডর, কেপ ব্রেটন প্রভৃতি শহরের পাবলিক লাইব্রেরি। টরন্টো পাবলিক লাইব্রেরি থেকে যে তিনটি উপন্যাসের নাম এবার মনোনয়ন দেওয়া হয়েছিল, সেগুলো হলো ডেভিড চ্যারিয়ান্ডির ‘ব্রাদার’, এলিস ম্যাকডরমটের ‘দ্য নাইনথ আওয়ার’ এবং পূর্বোল্লিখিত মহসিন হামিদের ‘এক্সিট ওয়েস্ট’। যদিও ‘ব্রাদার’ ছাড়া বাকি দুটিই অকানাডীয় লেখকের রচিত। ‘ব্রাদার’ উপন্যাসটি ২০১৭ সালে ৫০ হাজার ডলারের রজার্স রাইটারস ট্রাস্ট ফিকশান পুরস্কার জিতেছিল। বৃহত্তর টরন্টো শহরের স্কারবরো এলাকার প্রেক্ষাপটে রচিত ওই উপন্যাসটি চলতি বছর ১০ হাজার ডলার মূল্যের টরন্টো বুক অ্যাওয়ার্ডও পেয়েছে। জানা যায়, কানাডার মোট পাঁচটি লাইব্রেরি চলতি বছর ‘ব্রাদার’-এর নাম পাঠিয়েছে।
কানাডা থেকে পাঠানো অন্য যে সব উপন্যাস তালিকায় রয়েছে সেগুলো হলো—ইডেন রবিনসনের ‘সন অব অ্যা ট্রিকস্টার’, বারবারা গওডির ‘লিটল সিস্টার’, ওয়াইন জনস্টোনের ‘ফাস্ট¯স্নো লাস্ট লাইট’, ক্যাথলিন উইন্টারের ‘লস্ট ইন সেপ্টেম্বর’, ওমর আল আকাদের ‘আমেরিকান ওয়ার’, জ্যানি চ্যাঙের ‘ড্রাগন স্প্রিংস রোড’, জোয়ে লেই পিটারসনের ‘নেকস্ট ইয়ার ফর সিওর’, গ্যারি কলিন্সের ‘দ্য লাস্ট বিওথুক’, জসলিন পারের ‘আনসার্টেন ওয়েটস অ্যান্ড মিজারস’, ব্রিগেট ক্যানিঙের ‘দ্য গ্রেটেস্ট হিটস অব ওয়ানডা জেইনস’ এবং ইলান মাসতাই রচিত ‘অল আওয়ার রং টুডেজ’ ইত্যাদি। আদিবাসী লেখক ইডেন রবিনসন বিভিন্ন সাহিত্য পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় থাকা ছাড়াও ২০১৭ সালে ৫০ হাজার ডলার মূল্যের ফেলোশিপ পেয়েছিলেন। এই তালিকার বাইরে দক্ষিণ কোরিয়ার একটি উপন্যাসের অনুবাদক হিসেবে ভ্যাঙ্কুভারের অনুবাদক জ্যানেট হঙের নাম প্রাথমিক তালিকায় রয়েছে।
এবার আসা যাক এই পুরস্কাপ্রাপ্ত কানাডীয় দুই লেখক প্রসঙ্গে। প্রথমবার কানাডার ঘরে পুরস্কারটি আসে ২০০১ সালে। সেবার পুরস্কারটি পান ‘নো গ্রেট মিসচিফ’ উপন্যাসের লেখক অ্যালিস্টেয়ার ম্যাকলিয়েড (১৯৩৬-২০১৪)। অ্যালিস্টেয়ার সারা জীবনে ওই একটি উপন্যাসই লিখেছিলেন যেটি মর্যাদাবান এই পুরস্কারটি পায়। ওই উপন্যাসটি ছাড়াও অ্যালিস্টেয়ার লিখেছেন গোটা বিশেক ছোটগল্প। এর আগে প্রথম বছর ১৯৯৬ সালে যে কানাডীয় লেখকের নাম সংক্ষিপ্ত তালিকায় ছিল তিনি হলেন জেন উরুকহার্ট, তাঁর উপন্যাসের নাম ছিল ‘অ্যাওয়ে’। জেন কিন্তু পরের বছর বিচারমণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে আরেকজন কানাডীয় লেখককে বিচারক হিসেবে আমরা পেয়েছি। তিনি হলেন বিপুলসংখ্যক প্রবন্ধগ্রন্থ ও উপন্যাসের লেখক ও স্বনামধন্য সম্পাদক আলবার্তো ম্যানগুয়েল।
এরপর মার্গারেট অ্যাটউডের নাম ১৯৯৮ (এলিয়াস গ্রেস) এবং ২০০২ (দ্য ব্লাইন্ড অ্যাসাসিন) সালে মোট দুইবার সংক্ষিপ্ত তালিকায় উঠলেও তিনি পুরস্কার পাননি। ১৯৯৮ সালে গাই ডেন্ডারহেগের নামও সংক্ষিপ্ত তালিকায় ছিল। গাইয়ের উপন্যাস ছিল ‘দ্য ইংলিশম্যানস বয়’। ১৯৯৭ ও ২০০৪ সালে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন রহিনতন মিস্ত্রি। ‘অ্যা ফাইন ব্যালান্স’ এবং ‘ফ্যামিলি ম্যাটারস’-এর মতো বহুল আলোচিত উপন্যাস হলেও তিনিও পুরস্কারটি পাননি। দ্বিতীয়বার কানাডায় পুরস্কারটি আসে ২০০৮ সালে, রাওই হেজ পান তাঁর উপন্যাস ‘ডি নিরোজ গেম’-এর জন্য। সেটি ছিল রাওইয়ের লেখা প্রথম গ্রন্থ। এই লেখকের চতুর্থ উপন্যাস ‘বইরুত হেলফায়ার সোসাইটি’ নিয়ে বর্তমানে চলছে ব্যাপক আলোচনা। ইতিমধ্যে অন্য যে সব কানাডীয় লেখকের নাম সংক্ষিপ্ত উঠেছে, তাঁরা হলেন ডেনিস বক (২০০৩), ডগলাস গ্লোভার (২০০৫), ফ্রান্সিস ইতানি (২০০৫), টমাস হোয়ারটন (২০০৬), মাইকেল ক্রামি (২০১১) এবং ডেভিড বার্গেন (২০১২) প্রমুখ। উপন্যাসগুলো হলো যথাক্রমে—‘দ্য অ্যাশ গার্ডেন’, ‘এলে’, ‘ডিফেনিং’, ‘লোগোগ্রিফ’, ‘গ্যালোর’ ‘দ্য ম্যাটার উইথ মরিস’।
ইন্টারন্যাশনাল ডাবলিন লিটারারি অ্যাওয়ার্ডে সংক্ষিপ্ত তালিকায় আসা বা চূড়ান্তভাবে জয়ী লেখকদের প্রকাশকদের থাকে বিশেষ কিছু দায়িত্ব। শুরুতে ১২ কপি বই পাঠিয়ে কাজ শুরু হলেও সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত হলে প্রকাশক ৬০ কপি বই জমা দিতে বাধ্য থাকেন। আর যে বইটি চূড়ান্ত হয়, সেটির প্রকাশককে পুরস্কারের আয়োজকদের কাছে তার ৩০০ কপি বই পৌঁছে দিতে হয়।