ডালাসে পুলিশ সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের পুলিশ সদর দপ্তরে গুলি চালিয়েছে এক বন্দুকধারী। তবে শুক্রবার রাতের এ হামলায় কেউ হতাহত হয়নি। পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারী নিহত হয়। খবর এএফপি ও বিবিসির।

ডালাস পুলিশের প্রধান ডেভিড ব্রাউন জানান, স্থানীয় সময় শুক্রবার রাত প্রায় সাড়ে ১২টার দিকে ওই হামলার ঘটনা ঘটে। হামলার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে তাঁদের ধারণা, ব্যক্তিগত আক্রোশ থেকে ওই হামলা করা হয়।

পুলিশপ্রধান জানান, গাড়ি নিয়ে আসা এক ব্যক্তি তাঁদের সদর দপ্তর লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর দ্রুত পালিয়ে যাওয়ার সময় দুটি বস্তু ফেলে যায়। পরে ওই বস্তু দুটি বিস্ফোরিত হয়। পালিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িকে ধাক্কা দিয়ে যায় হামলাকারী। পুলিশ পিছু ধাওয়া করে ১৪ কিলোমিটার দূরে এক রেস্তোরাঁর গাড়ি রাখার স্থানে হামলাকারীর গাড়িটি ঘিরে ফেলে। এরপর হামলাকারীর সঙ্গে তাঁদের যোগাযোগও হয়। একপর্যায়ে পুলিশ দূর থেকে গাড়িটি লক্ষ্য করে গুলি করে। এরপর কয়েক ঘণ্টা গাড়িটি থেকে আরও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে পুলিশ নিশ্চিত করে ওই হামলাকারী গুলিতে নিহত হয়েছে।

ব্রাউন বলেন, ‘সন্দেহভাজন ব্যক্তিটি পুলিশকে বলেছে, আমরা তার ছেলেকে ধরে সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত করেছিলাম। সে কারণেই ক্ষুব্ধ হয়ে সে এ কাজ করেছে।’