ডালাসে ৫ পুলিশকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে বিক্ষোভের সময় দায়িত্বরত পুলিশের ওপর ছোড়া গুলিতে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে বিক্ষোভের সময় দায়িত্বরত পুলিশের ওপর ছোড়া গুলিতে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে পুলিশের গুলিতে দুই কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে আড়াল থেকে ছোড়া গুলিতে পাঁচ পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ডালাস পুলিশ প্রধান ডেভিড ব্রাউন বলেন, বিক্ষোভ চলাকালে গুপ্তঘাতকের ছোড়া গুলিতে ১০ পুলিশ আহত হন। পরে সন্দেহভাজন এক হামলাকারীর সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয়। এ সময় আরও এক পুলিশ আহত হন। ওই পুলিশ সদস্যকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ব্রাউন বলছেন, পুলিশ সন্দেহভাজন এক হামলাকারীকে একটি গ্যারেজের মধ্যে কোণঠাসা করে ফেলেছে। সেখানে আরও দুজন বন্দুকধারী থাকতে পারে। সন্দেহভাজন হামলাকারীরা বোমা হামলার হুমকি দিয়েছে।
ব্রাউন বলেন, আড়াল থেকে দুজন হামলাকারী পুলিশের ওপর হঠাৎ গুলি ছোড়ে। এতে ডালাস অ্যারিয়া র‍্যাপিড ট্রানজিট এজেন্সির (ডার্ট) এক পুলিশসহ দুজন নিহত হন।
ডালাস পুলিশ বলছে, সন্দেহভাজন একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

হামলার পর ডালাসের ট্রেন ও বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

মিনেসোটার সেন্ট পলের কাছে গত বুধবার পুলিশের গুলিতে ফিল্যান্ডো ক্যাস্টিল (৩২) নামে এক আফ্রিকান বংশোদ্ভূত এক আমেরিকান নিহত হন। এর কয়েক মিনিট পরেই তাঁর বান্ধবী ইন্টারনেটে এ ঘটনার ভিডিও প্রকাশ করে। এর একদিন আগেই আফ্রিকান বংশোদ্ভূত আরেক আমেরিকান অ্যাল্টন স্টার্লিংকে (৩৭) লুজিয়ানায় দুই শ্বেতাঙ্গ পুলিশ গুলি করে হত্যা করে। সামাজিক যোগাযোগের মাধ্যমে এই হত্যাকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক সমালোচনা হয়। এসব হত্যাকাণ্ডের প্রতিবাদেই গতকাল রাতে ডালাসে বিক্ষোভ হয়।