ডালাসের ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দুকধারীর গুলিতে নিহত পুলিশসদস্য ব্রেন্ট থম্পসনের সহকর্মী কিয়েকা ওয়ালেস কান্নায় ভেঙে পড়েন। যুক্তরাষ্ট্রের ডালাস অঙ্গরাজ্যের পুলিশ সদর দপ্তরে তৈরি অস্থায়ী স্মৃতিস্তম্ভের কাছ থেকে গত শুক্রবার তোলা ছবি l রয়টার্স
বন্দুকধারীর গুলিতে নিহত পুলিশসদস্য ব্রেন্ট থম্পসনের সহকর্মী কিয়েকা ওয়ালেস কান্নায় ভেঙে পড়েন। যুক্তরাষ্ট্রের ডালাস অঙ্গরাজ্যের পুলিশ সদর দপ্তরে তৈরি অস্থায়ী স্মৃতিস্তম্ভের কাছ থেকে গত শুক্রবার তোলা ছবি l রয়টার্স

যুক্তরাষ্ট্রের ডালাসে কৃষ্ণাঙ্গ বন্দুকধারীর গুলিতে পুলিশের পাঁচ সদস্য নিহত হওয়া নিয়ে দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে। হত্যাকারী সাবেক মার্কিন সেনাসদস্য মিকা জেভিয়ার জনসন (২৫) পুলিশের রোবট বোমায় নিহত হয়েছেন।
ডালাসের মেয়র মাইক রাউলিং শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পুলিশ ও শ্বেতাঙ্গদের ওপর ক্ষুব্ধ জনসন একাই পুলিশ হত্যাকাণ্ডের জন্য দায়ী।
ন্যাটোভুক্ত দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের জন্য পোল্যান্ডে অবস্থানরত প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, অনেকে যেমনটা বলছেন, মার্কিন সমাজ বর্ণগতভাবে ততটা বিচ্ছিন্ন নয়। এ ঘটনায় ওবামা তাঁর ইউরোপ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন। ওয়াশিংটনে মার্কিন আইনপ্রণেতারা একে অন্যকে দায় চাপানো ছাড়াও আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন এবং পুলিশ-কৃষ্ণাঙ্গ বিতর্কে জড়িয়ে পড়েছেন।

.
.

লুইজিয়ানা ও মিনেসোটাতে পুলিশের হাতে দুজন কৃষ্ণাঙ্গ নিহতের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বড় বড় নগরে প্রতিবাদ হয়। তারা পুলিশের বিদ্বেষমূলক আচরণের প্রতিবাদ জানাতে থাকে। নাগরিক অধিকার আন্দোলনে সক্রিয় সংগঠনসহ উদারনৈতিক বিভিন্ন মহলকে প্রতিবাদে যোগ দিতে দেখা যায়। নিউইয়র্ক থেকে ফ্লোরিডা পর্যন্ত প্রতিবাদ সমাবেশ শান্তিপূর্ণ ছিল। রক্ষণশীল হিসেবে পরিচিত টেক্সাসের ডালাসে মিশ্রবর্ণের লোকজনের প্রতিবাদ শোভাযাত্রা শান্তিপূর্ণ ছিল। প্রতিবাদ সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পাশের ভবন থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটে। পুলিশের ব্যাপক উপস্থিতিতে গুলিবর্ষণের ঘটনায় বিশৃঙ্খল হয়ে ওঠে পুরো নগর। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ হয়ে যে যার নিরাপদ অবস্থানের দিকে ছুটে যেতে দেখা যায়। একের পর এক পুলিশ সদস্য মাটিতে লুটিয়ে পড়ার মধ্যেই বন্দুকধারীর অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। একপর্যায়ে আলোচনাও শুরু হয় বন্দুকধারীর সঙ্গে। আলোচনার সময় বন্দুকধারী জনসন বলেন, কৃষ্ণাঙ্গদের প্রতি পুলিশের আচরণে তিনি ক্ষুব্ধ। যতটা সম্ভব পুলিশ এবং বিশেষ করে শ্বেতাঙ্গ পুলিশ হত্যাই তাঁর লক্ষ্য বলে জনসন জানান। একপর্যায়ে পুলিশ বন্দুকধারী জনসনের অবস্থান শনাক্ত করে রোবট বোমা দিয়ে তাঁকে ধরাশায়ী করতে সক্ষম হয়। ইতিমধ্যে পাঁচজন পুলিশ কর্মকর্তার মৃত্যু ঘটে। জনসনের ছোড়া গুলিতে আরও সাত পুলিশসহ নিরপরাধ প্রতিবাদকারীও আহত হন।
পুলিশ পরে নিহত জনসনের বাড়ি তল্লাশি করে। তাঁর কম্পিউটারে বোমা তৈরির তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে। এ ছাড়া বোমা তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র, যুদ্ধকৌশলের বইপত্র পাওয়া গেছে। পাঁচ পুলিশ হত্যাকাণ্ডের পর ধারণা করা হয়েছিল, ঘটনাটির সঙ্গে জঙ্গি ও সন্ত্রাসীদের যোগসূত্র থাকতে পারে। জনসন মার্কিন সেনাসদস্য হিসেবে আফগানিস্তানে দায়িত্ব পালন করেছেন। এ পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা যাচাই করে দেখা হচ্ছে।
এদিকে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনার পর ক্ষোভ সামাল দিতে প্রেসিডেন্ট বারাক ওবামা প্রতিবারের মতো এবারও বক্তব্য দিয়েছেন। ডালাসে পাঁচ পুলিশ নিহত হওয়ার সময়টিতে প্রেসিডেন্ট ওবামা ন্যাটোভুক্ত দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের জন্য পোল্যান্ডে ছিলেন। সেখান থেকে দেওয়া তাঁর বক্তব্যে প্রেসিডেন্ট ওবামা ডালাসে পুলিশের প্রাণহানিকে লোমহর্ষ বলে উল্লেখ করে ডালাসের জনগণ ও পুলিশের পাশে দাঁড়াবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তাঁর ইউরোপের অন্যান্য দেশ সফরের কর্মসূচি ছিল। তবে শুক্রবার রাতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হোজে আরনেস্ট জানিয়েছেন, প্রেসিডেন্ট ওবামা তাঁর সফর সংক্ষিপ্ত করছেন। দেশে ফিরেই ওবামার ডালাস সফরের কথা।
ডালাসে বন্দুকধারীর গুলিতে পাঁচ পুলিশের প্রাণহানির পর ক্যাপিটল হিলেও নতুন করে উত্তেজনা দেখা যায়। ডেমোক্র্যাট আইনপ্রণেতারা আবারও আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন নিয়ে রিপাবলিকান দলের অনীহার কথা বলেন।