ডায়াসপোরা এবং আমাদের ঐক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী এখন অন্যতম প্রধান আলোচ্য একটি বিষয় হলো অভিবাসন ও অভিবাসী। জর্জ ফ্লয়েডের মৃত্যুর মতো ঘটনা আমাদের অনেক কিছু ভাবার জোগান দিয়েছে। যদিও মানব ইতিহাসে অভিবাসন প্রথম থেকেই গুরুত্বপূর্ণ, তথাপি সাম্প্রতিক সময়ে বিদ্যাজাগতিক এবং রাষ্ট্রীয় নীতিনির্ধারণী কর্মকাণ্ডগুলোতে অভিবাসন উল্লেখ্যযোগ্য আগ্রহের জায়গা করে নিয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশের মানুষ যতই অভিবাসনের মাধ্যমে অন্য দেশে নিজের অবস্থান গড়ে তুলছে, ততই যেন নিজেদের বিচ্ছিন্ন করে ফেলছে।

বিশ্বজুড়ে বহু কারণে মানুষ বাস্তুত্যাগী হয়, নানা বাস্তবতায় নিজ দেশের বাইরে স্থায়ীভাবে বাস করে। সংখ্যায় তারা বাড়ছে, সেই সূত্রে বিদেশেও নিজের পরিচিত সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তুলছে। বলা হয়ে থাকে, স্বেচ্ছায় সশরীরে বাঙালি দেশ ছাড়লেও মানসিকভাবে তাদের অনেকে দেশেই বসবাস করেন।
নাইন–ইলেভেনের পরে জর্জ বুশ জুনিয়র দুনিয়ার সঙ্গে যে সভ্যতার যুদ্ধ বা যে ধর্মযুদ্ধ শুরু করে দিয়েছিল, তখন থেকে আমেরিকান মুসলমানদের গুড মুসলিম হয়ে যেতে বলেছিল। বলা হয় এই গুড মুসলিম প্রকল্প আসলে পশ্চিমা সন্ত্রাসবাদের পক্ষে কিছু অনুগত মুসলিমদের জড়ো করার পাঁয়তারা ছাড়া আর কিছুই না। এই প্রকল্পটি অনেক টাই ইমপ্লান্ট হয়েছে বাংলাদেশিদের মধ্যে।

নাইন–ইলেভেনের সময় বা এরপর অন্যান্য দেশের মুসলমানদের মতো চলতি পথে কম–বেশি বাংলাদেশি আমেরিকানদেরও লাঞ্ছিত হতে দেখা গেছে। এর জন্য তখনো কাউকে তেমন একটা প্রতিবাদী হতে দেখা যায়নি। এখনো কম–বেশি বাংলাদেশি আমেরিকান হেইট ক্রাইমের শিকার হচ্ছে। ঐক্যের প্রশ্নে বাংলাদেশিদের চেয়ে ভারতীয় ও নেপালি কমিউনিটির মধ্যে বেশি ঐক্য পরিলক্ষিত হয়।

নিউইয়র্কের জার্সি সিটি সংলগ্ন এলাকায় হাডসন নদী থেকে ৪ জুলাই দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজন বাংলাদেশি-আমেরিকান তরুণ উমাইর সালেহ (২৩)। এ রকম বিচ্ছিন্নভাবে আমরা প্রতিনিয়ত নানা অঘটনের সংবাদ পেয়ে থাকি। যা শুধু পরিবার পর্যন্তই আহাজারি শোনা যায়। এর বাইরে কোন দুর্ঘটনার জন্য কমিউনিটির কাউকে বড় গলায় এগিয়ে আসতে দেখা যায়নি।

আমেরিকার বাঙালি কমিউনিটির মধ্যে একাত্মতা, বড় নিজ নিজ সম্প্রদায়ের মধ্যে একাত্মতা বলতে আমরা কি দেখি? হাতে গোনা কয়েকটা পিকনিক! পিকনিককেন্দ্রিক সামাজিক কমিউনিটির জন্ম হচ্ছে। সবাই যার যার মতো বা অনেকটা পরিবারকেন্দ্রিক কমিউনিটি। কেউ মারা গেলে আঞ্জুমানে মফিদুলের মতো কাজ কর্ম করা। কেউ অসুস্থ হলে সাহায্য–সহযোগিতার জন্য কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে দেখা যায়।

বাংলাদেশিদের মধ্যে যদি জর্জ ফ্লয়েডের মতো কোন সহিংস ঘটনা ঘটে, সে ক্ষেত্রে আমাদের সম্প্রদায় কতটা সংহতি দেখাতে পারবে? সংঘবদ্ধ সংহতির জন্য আমাদের মধ্যে কতটা ঐক্য আছে এবং নিজেদের বন্ধন গড়বার মতো দেশিরা কতটা আগ্রহী—এ সবই এখন ভাবনায় আসে।

ডায়াসপোরা কমিউনিটির একাত্মতার সংজ্ঞা আমাদের কাছে শুধুই এলাকাভিত্তিক পিকনিক। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সম্প্রদায়গত দ্বন্দ্বের পরিবর্তে বাংলাদেশের সব মানুষ একত্রে কাজ করার জন্য আমরা কতটা অঙ্গীকারাবদ্ধ? সবাই এক বাক্যে বলবেন, আমরা এখনো তৈরি নই। কেন তৈরি নই বা কবে নাগাদ তৈরি হব কিংবা তৈরি হতে আমাদের কী কী করা লাগবে—এসব নিয়েও কাউকে আলোচনা করতে শোনা যায় না।

এ প্রসঙ্গে রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর আলী রিয়াজ বলেন, জর্জ ফ্লয়েডের ঘটনা বহু বছরের প্রাতিষ্ঠানিক বৈষম্য থেকে মানুষকে এক করেছে। যেখানে প্রাতিষ্ঠানিক বৈষম্য আছে, সেখানে সংঘাত অনেকটাই অবশ্যম্ভাবী। সে সব বৈষম্য মানুষের চোখের সামনে অনেক বছর ধরেই ঘটেছে বলেই এত মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে বিক্ষোভে নেমেছে। আমাদের কমিউনিটির সঙ্গে এমনটি ঘটলে বাংলাদেশিরা এতটা ঐক্যবদ্ধ হব কি না, সে বিষয়ে সন্দেহ রয়েছে। কারণ, আমাদের ডায়াসপোরা কমিউনিটি এখনো সংঘবদ্ধ হতে পারিনি। এখনো তেমন কথা বলার মতো কেউ তৈরি হননি।

কমিউনিটির ঐক্য নিয়ে কথা বলেছি গ্লোবাল সোশ্যাল এডুকেশনের কমিশনার এবং আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশের সভাপতি গোলাম এম মাতবরের সঙ্গে। তিনি বলেন, তারা অনেক বছর ধরেই বাংলাদেশ কমিউনিটির সঙ্গে কাজ করছেন। তবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আরও সময় লাগবে। এর জন্য আমেরিকায় মূলধারার রাজনীতির সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে।

হয়তো আমাদের আগামী প্রজন্ম এসব নিয়ে কাজ করবে। নিজ নিজ এলাকাভিত্তিক বিভক্ত না থেকে প্রজন্মকে শিক্ষিত করে তুলতে হবে তাদের মাধ্যমে আমেরিকান সমাজে মিশে যেতে হবে।

গোলাম মাতবর আরও উল্লেখ করেন, ডায়াসপোরা এখন শুধু হিব্রু ভাষার সাহিত্য বাইবেলকেই বলা হয় না। ডায়াসপোরাদের মোটাদাগে দেশহীন মানুষ বলে চিহ্নিত করা যেতে পারে। নিজ দেশ থেকে বাধ্য হয়ে বেরিয়ে ভিন্ন স্থানে বসতি করতে হয়েছে, এমন মানুষদেরই প্রতীকী অর্থে ডায়াসপোরা বলে অভিহিত করা হয়।
ডায়াসপোরার এই সীমাবদ্ধ সংজ্ঞাটি এই সময়ে অনেকটাই সম্প্রসারিত হয়েছে। কারণ, শুধু বাধ্য হয়ে যারা দেশ ছেড়েছে তারাই কেবল নয়, যারা স্বেচ্ছায় ভাগ্যান্বেষণে অথবা অন্য কারণে দেশত্যাগী হয়েছে, এখন তাদেরও ডায়াসপোরার অংশ হিসেবে গণ্য করা হয়। অভিবাসীদের দেশ আমেরিকা। গত ২০০ বছরে বিশ্বের নানা প্রান্ত থেকে নানা জাতিগোষ্ঠী এসে দেশটিকে পরিণত করেছে বিশ্বের সেরা দেশে।

বিশ্বে আমেরিকা এখনো সব জাতিগোষ্ঠীর যে এক অবধারিত গন্তব্য। পারিপার্শ্বিক বাস্তবতা বা আর অন্য যেকোনো কারণেই হোক, বাংলাদেশিরাও এখনো আমেরিকার মূল স্রোতোধারার এক উদীয়মান বিচ্ছিন্ন অভিবাসী গোষ্ঠী ছাড়া আর কিছুই নয়।