ডায়াসপোরা নারী লেখকদের ইংরেজি গল্প সংকলনের মোড়ক উন্মোচন

সম্প্রতি ৩৬ জন নারী লেখকের ইংরেজি ভাষায় লেখা ও অনূদিত ৩৬টি গল্পের সংকলন ‘দ্য গোল্ডেন লিফস’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়ে গেল। জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে ৭ জুন অত্যন্ত আনন্দমুখর পরিবেশে এ উৎসব হয়।
ক্রিয়েটিভ ডিজাইন অ্যান্ড বুক পাবলিকেশন ইউএসএ থেকে প্রকাশিত বইটির প্রকাশ ও সম্পাদনার দুরূহ কাজটি করেছেন একাধারে প্রকাশক, সম্পাদক ও লেখক পপি চৌধুরী এবং বিজ্ঞানী ও লেখক পূরবী বসু। উত্তর আমেরিকায় বসবাসরত ৩৬জন নারী লেখকের গল্প মলাটবন্দী করার জন্য প্রবাসী সব নারীকে কৃতিত্ব দেন তাঁরা। তাঁরা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল হলো ‘দ্য গোল্ডেন লিফস’। এর প্রতিটি নারী লেখক হলেন একেকটি সোনালি পাতা। এই সুন্দর আয়োজন ও প্রশংসনীয় উদ্যোগটি সফল করার পেছনে সবারই কমবেশি ভূমিকা রয়েছে।
বাংলাদেশের বিশিষ্ট প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষের করা নান্দনিক প্রচ্ছদ, ঝকঝকে মলাট, চমৎকার বাঁধাই—সব মিলিয়ে মোট ৩৩৫ পৃষ্ঠার অনবদ্য এ বই প্রথম নজরেই পাঠকের দৃষ্টি কাড়ে। গল্পগুলো যেন আমাদের জীবনেরই খণ্ডচিত্র। স্বদেশ-স্বজন থেকে দূরে, বহু দূরে আটলান্টিকের পাড়ে গড়ে ওঠা প্রবাসজীবনের ডায়াসপোরা গল্পগুলো পাঠকদের মনে হাহাকার তোলে।
প্রাণবন্ত এ প্রকাশনা উৎসব বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়। আমন্ত্রিত বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথম নারী কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। তিনি বলেন, ‘শুধু বাংলা বা ইংরেজিতে সীমাবদ্ধ না থেকে আমাদের এই ডায়াসপোরা সাহিত্য স্প্যানিশ ভাষায়ও অনূদিত হোক—এটাই আমার প্রত্যাশা। কারণ, নিউইয়র্কে ইংরেজির পর স্প্যানিশ হলো দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ভাষা। এ ভাষায় বাঙালি লেখকদের লেখা অনূদিত হলে তা বিপুল জনগোষ্ঠীর কাছে পৌঁছে যাবে।’
পপি চৌধুরী বলেন, ‘নারী লেখকদের নিয়ে এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আজ না পারলেও একদিন আমরা এর সুফল বুঝতে পারব। ইংরেজিতে লেখালেখির কল্যাণে আমাদের লেখকেরা মূলধারার পাঠকমহলে পরিচিতি পাবেন। তাঁরা আমাদের জীবন ও সাহিত্য সম্পর্কে আরও আগ্রহী হয়ে উঠবেন। এভাবেই আমাদের মধ্যে বিদ্যমান যে ব্যবধান, তা আরও দূর হয়ে যাবে। অচিরেই দ্বিতীয় প্রকাশনার কাজ শুরু করা হবে।’
অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৩৯-এর অ্যাসেম্বলি মেম্বার ক্যাটালিনা ক্রুজ, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূর-এ-ইলাহি মিনা, বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, লেখক-সাংবাদিক বেলাল বেগ, গবেষক ড. ধনঞ্জয় সাহা, খানস টিউটোরিয়ালের চেয়ারপারসন নাঈমা খান, অধ্যাপক তাহমিনা জামান, মূলধারার রাজনীতিক মোরশেদুল আলম, ফাদার স্ট্যানলি গোমেজ, রেভারেন্ড জোসেফ বিশ্বাস, উদীচী ইউএসএর সভাপতি জীবন বিশ্বাস, অভিনয়শিল্পী রেখা আহমেদ, লেখক ও অভিনয়শিল্পী লুৎফুন্নাহার লতা, অধ্যাপক হুসনে আরা বেগম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদুল ইসলাম, লেখক-সাংবাদিক সামশাদ হুসাম, কণ্ঠশিল্পী ও লেখক তাহমিনা শহীদ, মুক্তিযোদ্ধা খোরশেদুল ইসলাম, ডা. মনোয়ারা বেগম, কবি সামস আল মমিন, লেখক লিজি রহমান, লেখক ওবায়দুল্লাহ মামুন, সাহিত্য একাডেমির পরিচালক মোশাররফ হোসেন, কবি নাহার ফরিদ খান, কবি আলেয়া চৌধুরী, লেখক নাসরিন চৌধুরী, লেখক জেসমিন আরা, আভার প্রেসিডেন্ট মেহের চৌধুরীসহ আরও অনেকে। মূলধারার বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে লেখক ও চলচ্চিত্র নির্মাতা কারেন গোল্ডফ্ল্যাব, মিজ অ্যান্ড্রিয়া, অধ্যাপক আনিটা বাক্স, কবি সাফিয়া জামি, গেরি গ্রেঞ্জার, সিলসিয়া ডি. রোজারিও, ম্যাগডুলিন গোমেজ, আইরিন ডি রোজারিও, ইসাবেলা ডিয়াসসহ নিউইয়র্কের বাইরে থেকেও অনেকে অনুষ্ঠানে যোগ দেন।
নারীর জয়যাত্রা এখন সর্বত্রই। নারী তার আপন মেধা ও যোগ্যতায় স্থান করে নিচ্ছে সাফল্যের
সর্বোচ্চ শিখরে। অনুষ্ঠানটি নারী লেখকদের উপলক্ষে আয়োজিত হলেও পুরুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে চা বিরতি ও শেষে ডিনারের আয়োজন ছিল আন্তরিকতাপূর্ণ। অনুষ্ঠানটি সফল করতে যুক্ত থাকা সবাইকে ধন্যবাদ জানিয়ে আয়োজক পপি চৌধুরী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।