ডি ব্লাজিওর ঘটনা থেকে শিক্ষা নেননি ব্রুকলিনের প্রেসিডেন্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এরিক অ্যাডামস
এরিক অ্যাডামস

বিভিন্ন সংস্থার নামে অনুদান সংগ্রহের বিষয়ে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ। নতুন আইন কার্যকর হলে আগামী জানুয়ারি থেকে অনুদান সংগ্রহ অনেক কঠিন হয়ে পড়বে। আর এ অবস্থায় পোষা প্রাণী–সংক্রান্ত নিজের একটি প্রকল্পের জন্য তহবিল সংগ্রহে উঠেপড়ে লেগেছেন ব্রুকলিনের বোরো প্রেসিডেন্ট এরিক অ্যাডামস।
নিউইয়র্ক নগরের মেয়র বিল ডি ব্লাজিওর ‘ওয়ান নিউইয়র্ক’ প্রচারণার জন্য সংগৃহীত তহবিল নিয়ে এমনিতেই অনেক জলঘোলা হয়েছে। বছর খানিক আগে এ বিষয়ে ফেডারেল তদন্তও হয়েছে। এতে তহবিল সংগ্রহ পদ্ধতি নিয়ে তদন্তকারীরা অসামঞ্জস্যের প্রমাণ পাওয়ায় মেয়রকে তিরস্কার করা হয়। এরপরই বিভিন্ন সংস্থা ও প্রকল্পের বিপরীতে তহবিল সংগ্রহ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার বিষয়টি গুরুত্ব পায়। এরই ধারাবাহিকতায় কিছু সুনির্দিষ্ট বিধি প্রণয়নের মাধ্যমে অনুদান সংগ্রহ প্রক্রিয়া সীমিতকরণে একটি পদক্ষেপ নেওয়া হয়, যা আগামী জানুয়ারি থেকে কার্যকর হবে। আর এরই মধ্যে নিজের প্রকল্পের জন্য তহবিল সংগ্রহে জোর কার্যক্রম চালাচ্ছেন এরিক অ্যাডামস।
১৮ সেপ্টেম্বর প্রকাশিত নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন মতে, এরিক অ্যাডামসের ‘ওয়ান ব্রুকলিন ফান্ড’ প্রকল্পের জন্য তহবিল সংগ্রহের বিষয়টি নিয়ে এর আগে প্রশ্ন উঠেছিল। বিষয়টি নিয়ে বেশ কয়েকটি তদন্তও হয়েছে। এখন তার পোষা প্রাণী সম্পর্কিত প্রকল্পের তহবিল সংগ্রহ কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে। প্রশ্ন রয়েছে ২৭ সেপ্টেম্বর ব্রুকলিন জাদুঘরে অনুষ্ঠেয় ‘ইনোগরাল গালা’ উৎসবের অতিথির তালিকা নিয়েও।
অভিযোগ আছে, এ তালিকায় শহর কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক রয়েছে বা কোনো না কোনো ব্যবসায়িক লেনদেন রয়েছে এমন ব্যক্তিরাই স্থান পেয়েছেন। এসব ব্যক্তি ও তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে আবার অনুদানের বদলে শহর কর্তৃপক্ষের কাছ থেকে অন্যায্য সুবিধা নেওয়ারও অভিযোগ রয়েছে। আবার এ অনুষ্ঠানকেও তহবিল সংগ্রহের কাজেই অ্যাডামস ব্যবহার করছেন। এতে আমন্ত্রিত অতিথিদের জন্য নির্ধারিত টিকিটের মূল্য নিয়ে রয়েছে সমালোচনা।
তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন অ্যাডামসের মুখপাত্র স্টেফান রিনজেল। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সবকিছু জানিয়েই আমরা আবেদন করেছিলাম। তারা কোনো আপত্তি জানায়নি। আমরা ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর কাছে কৃতজ্ঞ। অর্থায়ন নিয়ে সরকারি সংস্থার যে দুর্বলতা রয়েছে, তা কাটিয়ে ওঠার একটি পন্থা হচ্ছে এ সরকারি-বেসরকারি অংশীদারত্ব।
অথচ নির্বাচিত জনপ্রতিনিধি বা তাদের কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো সংস্থা বা প্রকল্পের জন্য শহরের কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন দাতাদের কাছ থেকে বছরে ৪০০ ডলারের বেশি নেওয়া যাবে না মর্মে একটি আইনে গত ডিসেম্বরে শহরের পরিষদের চাপে সই করেন মেয়র ডি ব্লাজিও। এ অবস্থায় মেয়র নিজে তার তহবিল সংগ্রহ কার্যক্রম বন্ধ করলেও এরিক অ্যাডামস উল্টো এটি জোরদার করেছেন বলে জানিয়েছেন সুশাসন বিষয়ক নাগরিক জোট সিটিজেনস ইউনিয়নের নির্বাহী পরিচালক ডিক ড্যাডি।
শুধু তাই নয়, এরিক অ্যাডামস এসব তহবিল এমন কাজে ব্যবহার করছেন, যা মূলত তার প্রচারে কাজে লাগছে। তিনি চার বছর পর মেয়র পদে নির্বাচনে নামতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আর এ লক্ষ্যেই তিনি সংগৃহীত তহবিল ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট নথি সূত্রে জানা গেছে, ওয়ান ব্রুকলিন প্রকল্পের বিপরীতে তিনি মোট ১ দশমিক ৩৪ মিলিয়ন ডলার অনুদান হিসেবে সংগ্রহ করেন। আর সিটি কাউন্সিলের পক্ষ থেকে পান আরও প্রায় সাড়ে ৩ লাখ ডলার। এ পুরো অর্থই ব্যয় হয়েছে কনসার্টসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের পৃষ্ঠপোষকতার কাজে। ফলে মূলত অ্যাডামসের সংগৃহীত অর্থ তারই জনপ্রিয়তা বৃদ্ধিতে ব্যয় করা হয়েছে বলে মনে করেন সমালোচকেরা।
এ ছাড়া অ্যাডামসের দাতাদের নিয়েও রয়েছে নানা প্রশ্ন। তার দাতাদের তালিকায় রয়েছে ব্রডওয়ে স্টেজেস। ব্রুকলিনভিত্তিক এ প্রতিষ্ঠান তার তহবিলে ১ লাখ ডলার দান করেছে। অনুদানের বিপরীতে অন্যায্য সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। ডি ব্লাজিওর বিষয়ে তদন্তের সময়ও এ প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এ তালিকায় রয়েছে পার্ক ডেভেলপারস অ্যান্ড বিল্ডার্স। ২০১৫ সালে একটি নার্সিং হোমকে উচ্ছেদ করে সেখানে আবাসন প্রকল্প স্থাপনের অভিযোগে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের তলব করেছিল অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।
এ বিষয়ে ব্রুকলিনের এক রাজনীতিক নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘মেয়রের ঘটনা থেকেও অ্যাডামস কোনো শিক্ষা না নেওয়ায় আমি সত্যি ভীষণ অবাক হয়েছি। আমার মতোই তার অনুষ্ঠানে আমন্ত্রিত অনেকেই বিষয়টি নিয়ে চিন্তিত।’