
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচন আসন্ন। মেয়র প্রার্থিতার প্রাথমিক বাছাইয়ের আর মাত্র তিন সপ্তাহ বাকি। আর মূল নির্বাচন অনুষ্ঠিত হবে তিন মাস পর। এ অবস্থায় পরবর্তী মেয়র কিংবা প্রার্থিতা নিয়ে যে সংশয় থাকার কথা, নিউইয়র্ক সিটিতে তার কিছুই নেই। এক কথায় পানশে নির্বাচনী আবহ। বর্তমান মেয়র বিল ডি ব্লাজিওকে চ্যালেঞ্জ করতে পারেন এমন কোনো প্রার্থীর দেখা নিউইয়র্ক সিটি এখনো পায়নি বলে ২২ আগস্ট মন্তব্য করা হয়েছে নিউইয়র্ক ডেইলিতে প্রকাশিত এক প্রতিবেদনে।
আসন্ন মেয়র নির্বাচনের জন্য ডি ব্লাজিও ছাড়া বেশ কয়েকজন প্রার্থীর নাম শোনা গেলেও নির্বাচনী তহবিল কিংবা প্রচারণার কৌশল নিয়ে তাঁদের কেউই কোনো কার্যকর চ্যালেঞ্জ এখনো জানাতে পারেননি। কৌতূহল উদ্রেককারী বেশ কিছু নাম শোনা যাচ্ছে। এর মধ্যে রয়েছেন রিপাবলিকান প্রার্থী হাকিম জেফরিস, কন্ট্রোলার স্টক স্ট্রিংগার, ব্রংকসের রুবেন ডিয়াজ জুনিয়র, কাউন্সিলম্যান স্যাল আলবানিজ, বো ডিয়েটল ও নিকোল ম্যালিয়োটাকিস। এর মধ্যে স্যাল আলবানিজ ও বো ডিয়েটল কিছুটা আলোচনায় রয়েছেন। কিন্তু ডি ব্লাজিওর শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার ক্ষেত্রে তেমন কোনো আশা তাঁরা দুজনেও জাগাতে পারেননি।
সম্ভাব্য প্রধান তিন প্রতিদ্বন্দ্বীর মধ্যে স্যাল আলবানিজ কিছু নতুন ধারণা নিয়ে হাজির হয়েছেন। এ ক্ষেত্রে তাঁর প্রচারণা কার্যক্রমের তহবিল গঠনের প্রক্রিয়া পুনর্গঠন প্রস্তাবের কথা উল্লেখ করা যায়। নগর কর্তৃপক্ষের কার্যবিধি সম্পর্কেও রয়েছে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা। সিটি কাউন্সিলে তাঁর ১৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। কিন্তু ডি ব্লাজিওর সঙ্গে প্রাথমিক বাছাইয়ে টেকার মতো পর্যাপ্ত তহবিল তিনি সংগ্রহ করতে পারেননি। ফলে মেয়র নির্বাচনের দৌড়ে স্যালি আলবানিজের গল্পটি একটি অপরিপক্ব গল্প হিসেবে থেকে যাওয়ারই আশঙ্কা বেশি। কারণ তহবিলসংকটের সঙ্গে বিভিন্ন বেফাঁস মন্তব্য যুক্ত হওয়ায় এরই মধ্যে আলবানিজের সমালোচনা শুরু হয়েছে।
রয়েছেন বো ডিয়েটল। ব্লাজিওর বিরুদ্ধে অনেকটা ডোনাল্ড ট্রাম্প ধাঁচে মাঠে নেমেছেন তিনি। কিন্তু এ ক্ষেত্রে তিনি ট্রাম্পের অনুসৃত পথে ঠিকঠাক হাঁটতে পারছেন না। বিস্ফোরক মন্তব্য মাঝেমধ্যে করলেও তাঁর মধ্যে রয়েছে বর্ণবাদী ও কট্টর জাতীয়তাবাদী মনোভাবের ঘাটতি। রিপাবলিকান থেকে ডেমোক্র্যাট হিসেবে দল পরিবর্তনের সিদ্ধান্ত নিলেও যথাযথভাবে নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় আপাতত তাঁর কোনো দল নেই। ফলে ভোটারদের সামনে তিনি নিজেকে স্বাধীন প্রতিদ্বন্দ্বী হিসেবে হাজির করেছেন। বর্তমান মেয়রকে পরাজিত করে নির্বাচনে জয়ের বিষয়ে বেশ আত্মবিশ্বাসী বক্তব্য দিলেও তা খুব একটা ফলদায়ী হবে না বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
এখন পর্যন্ত রিপাবলিকান পার্টির সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হিসেবে মনে করা হচ্ছে নিকোল ম্যালিয়োটাকিসকে। ব্রুকলিন ও স্ট্রাটেন আইল্যান্ডের প্রতিনিধি হিসেবে আইন পরিষদে তিনি প্রতিনিধিত্বও করেছেন। কিছু সুনির্দিষ্ট বিষয়ে তিনি নীতিগত কিছু প্রস্তাবও এনেছেন। প্রচারণার বিষয়ে এখন পর্যন্ত বেশ তৎপরতাও প্রদর্শন করেছেন তিনি। কিন্তু তাঁর নেতিবাচক প্রচারণার ধরনটিই বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। দিন-রাত পুরো সময়জুড়েই তিনি ডি ব্লাজিওকে আক্রমণ করে যাচ্ছেন। এর বিপরীতে নিজের প্রার্থিতার পক্ষে পর্যাপ্ত নীতিগত পরিকল্পনা তুলে ধরতে এক অর্থে ব্যর্থ তিনি। আর এ সবই শেষ পর্যন্ত মূল নির্বাচনে তাঁকে পিছিয়ে দিতে পারে বলে মনে করেন সংবাদমাধ্যম গোথাম গেজেটের সম্পাদক বেন ম্যাক্স।
বেন ম্যাক্সের মতে, ‘ডি ব্লাজিওর বিপরীতে এখন পর্যন্ত প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন নিকোল ম্যালিয়োটাকিস। কিন্তু নিকোলের প্রচারণা কৌশল নেতিবাচক। তিনি সংবাদমাধ্যমের মতো করে ডি ব্লাজিওর ব্যার্থতা তুলে ধরছেন। তা-ও নীতি প্রণয়ন-সংক্রান্ত সংকটকে চিহ্নিত করা ছাড়াই। এমনকি নিজের পরিকল্পনাগুলোও এখন পর্যন্ত তিনি তুলে ধরতে পারেননি।’
ম্যাক্স বলেন, ‘এখন পর্যন্ত বর্তমান মেয়র ডি ব্লাজিও পুনর্নির্বাচিত হতে পারেন বলে মনে করা হচ্ছে। সব ধরনের সমালোচনাকে পাশ কাটিয়ে তিনি প্রচারণাতেই মনোযোগ দিয়েছেন। এরই মধ্যে ট্রাম্পের প্রতি বিরক্ত হয়ে ওঠা ভোটারদের তিনি বলছেন যে তিনি ট্রাম্প নন। আর সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বী নিকোল সম্পর্কে তিনি খুব একটা বাক্য ব্যয় করছেন না। শুধু জানিয়ে দিচ্ছেন যে নিকোল কিন্তু ট্রাম্পকেই ভোট দিয়েছিলেন। ব্যর্থতা স্বীকার করে তিনি বলছেন, অপরাধ নিয়ন্ত্রণ, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন, যোগাযোগ অবকাঠামো সংস্কারে তাঁর আরও চার বছর সময় প্রয়োজন। ফলে তুলনামূলক বিচারে নীতি পরিকল্পনা উপস্থাপনের দিক থেকে তিনিই এগিয়ে রয়েছেন। কিন্তু নিউইয়র্ক সিটির স্বার্থেই অন্য মেয়র পদপ্রার্থীদের কাছ থেকে আরও বেশি কিছু আসা প্রয়োজন।’