
নিউইয়র্কের বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তির নীতিমালায় পরিবর্তন আনতে চান মেয়র বিল ডি ব্লাজিও। বর্তমান ভর্তি পরীক্ষার নীতিমালা পরিবর্তন করে, পিছিয়ে পড়া আফ্রিকান আর ল্যাটিনোদের জন্য বিশেষ কোটা রাখার প্রস্তাব করেছেন। তাঁর এই প্রস্তাব বাস্তবায়ন হলে ল্যাটিনো আর আফ্রিকান অভিবাসীদের জন্য ৪৫ শতাংশ আসন ছেড়ে দিতে হবে। তবে, এই আইন পাশ করার জন্য নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমোর সমর্থন পাওয়া যায়নি। সে কারণে এটি এখনই আইনে রূপান্তরিত হচ্ছে না। তবে স্কুলে ভর্তির এই রাজনীতিতে এরই মধ্যে বাংলাদেশি অভিভাবকদের শঙ্কা তৈরি হয়েছে।
মামুনস টিউটোরিয়ালের প্রতিষ্ঠাতা শেখ আল মামুন অবশ্য বলেছেন, ‘গভর্নর যেহেতু এই প্রস্তাবে কাজ করার কোনো আগ্রহ দেখাননি, তাই আপাতত এটা আইন হচ্ছে না। আগামী বছর এই ভর্তি নীতিমালায় কোনো পরিবর্তন আসে কিনা, সে বিষয়ে নজর রাখতে হবে।
নিউইয়র্কের বিশেষায়িত স্কুলের ৬২ ভাগ শিক্ষার্থী আসে এশীয় পরিবার থেকে। যদিও নিউইয়র্কের মোট জনসংখ্যার মাত্র ১৭ ভাগ এশীয়। এটা একটা বাস্তবতা। সেখানে আরও খবর হলো, অনেক স্কুল আছে যেখানে এশীয়রা ৭০ ভাগ। যেমন স্টাইভস্টান্ট স্কুল। সেখানে বাংলাদেশি শিক্ষার্থীরা বলা চলে অন্যতম সংখ্যাগরিষ্ঠ। এর বাইরে এই ৮ শিক্ষাপ্রতিষ্ঠানের মোট কৃতকার্য শিক্ষার্থীদের প্রতি ১০ জনের ১ জন বাংলাদেশি পরিবারের সন্তান। চীনা শিক্ষার্থীদের প্রাধান্য অনেক বেশি। এসব বিদ্যালয়ে ল্যাটিনো প্রতিনিধিত্ব ৫ ভাগের কম। অনেক স্কুলে আফ্রিকান পরিবারের শিক্ষার্থী নেই বললেই চলে। এ নিয়ে গত কয়েক বছর ধরে স্কুলে ভর্তির নিয়মে
পরিবর্তন এনে পিছিয়ে পড়া অভিবাসীদের বিশেষ কোটায় ভর্তির জন্য চাপ অব্যাহত আছে। সর্বশেষ নিউইয়র্ক ইউনিভার্সিটির একটি গবেষণাপত্র প্রকাশের পর মেয়র ডি ব্লাজিও বলেন, বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী উপস্থিতিতে নিউইয়র্কের বৈশিষ্ট্য বজায় থাকা উচিত
শিক্ষা সংক্রান্ত একটি সংস্থা চকবিটকে দেওয়া মতামতে মেয়র বিল ডি ব্লাজিও বলেন, নিউইয়র্কের ৪৫ শতাংশ জনগোষ্ঠী আফ্রিকান-আমেরিকান ও ল্যাটিনো পরিবার থেকে আসা। কিন্তু স্কুলে তাদের দেখা মেলে না। এই ব্যবস্থার পরিবর্তন দরকার। ২০ শতাংশ স্কুলের আসন দরিদ্র পরিবারগুলোর জন্য বরাদ্দ রাখা দরকার।’
মেয়রের এই নতুন প্রস্তাবের বিপক্ষে এরই মধ্যে মাঠে নেমেছেন এশিয়ান আমেরিকান অভিভাবক আর শিক্ষার্থীরা। তারা ৫ জুন মেয়র অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বলেছেন, এশিয়ার যেসব শিক্ষার্থী এসব স্কুলে নিজ যোগ্যতার ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হচ্ছে, তাদের অধিকাংশই গরিব পরিবারের সন্তান’।
অন্যদিকে, বিশেষায়িত স্কুলগুলোর মধ্যেও এই প্রস্তাব নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ব্রুকলিন টেক স্কুলের অ্যালামনাই প্রেসিডেন্ট ল্যারি কেরে বলেছেন, স্কুলে ভর্তি পরীক্ষার মানদণ্ড হত্যা করার মধ্যে এই সমস্যার সমাধান নেই। সমাধান হলো পিছিয়ে পড়াদের সক্ষমতা বাড়ানোর দিকে নজর দেওয়া যাতে তারা যোগ্যতা বলেই ভালো স্কুলে ভর্তির যোগ্যতা অর্জন করতে পারে।
বাংলাদেশি বংশোদ্ভূত অভিভাবক নূরুল ইসলামের এক সন্তান ব্রঙ্কস সায়েন্স স্কুলে পড়াশোনা করছেন। তিনি বলেন, ‘এমন হলে আমাদের অভিভাবকদের সব কষ্ট বৃথা যাবে। বাংলাদেশে কোটার মাধ্যমে সরকারি চাকরিতে বৈষম্য আছে। সেখানে ১০০ জনের মধ্যে ৫০ জনের বেশি মানুষের জীবিকার সংস্থান হয় মামা চাচাদের হাত ধরে, আর সরকার নির্ধারিত কোটার আনুকূল্যে। আমরা সাধারণ মানুষেরা বরাবরই উপেক্ষিত। সন্তানের ভালো ভবিষ্যতের জন্যই মাটি কামড়ে পড়ে আছি এই দেশে। এখানেও ভর্তি পরীক্ষায় ৪৫ ভাগ কোটা নির্ভর হলে বিশেষায়িত স্কুল বলে তো কিছুই থাকবে না, হবে কোটার স্কুল যেখানে পড়াশোনার মান নেমে যাবে।’
গণিতের শিক্ষক শেখ আল মামুন মনে করেন, নতুন নিয়ম হলে, শিক্ষার্থী গুনাগুনে পরিবর্তন আসবে। তখন কম মেধাবী ও কম পরিশ্রমী শিক্ষার্থীও ঢুকে পড়বে এখানে। সেটা ভালো হবে না।
আশার কথা হলো, ৪ জুন গভর্নর কুমো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ ধরনের প্রস্তুাব নিয়ে আলবেনিতে কোনো সিদ্ধান্ত হবে না। আর নতুন নিয়ম পাশ করতে হলেও রাজ্য থেকে এটা পাশ করতে হবে। কুমো যেহেতু এটাকে পাত্তা দিচ্ছেন না, তাই মেয়রের প্রস্তাব নিয়ে আপাতত শঙ্কার কিছু নেই। লক্ষ্য রাখতে হবে, আগামী বছরের দিকে, যেখানে আলবেনিতে জনপ্রতিনিধিরা এটা নিয়ে কতখানি ভোট আদায় করতে সমর্থ হচ্ছেন, সেটার ওপর নির্ভর করবে অনেক কিছু।
বিশেষায়িত বা এএইসএসএসটি নামের এই যুগান্তরকারী ভর্তি পরীক্ষায় অস্টম ও নবম গ্রেডের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতি বছর প্রায় ৩০ হাজার শিক্ষার্থী এই ভর্তি পরীক্ষায় অংশ নেন। শহরের আটটি বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের এই প্রাথমিক স্তরের পর স্কলারশিপসহ উচ্চশিক্ষার সুযোগ খুলতে থাকে।