ডিএসিএ নিয়ে সিদ্ধান্তের দাবিতে ওয়াশিংটনে হাজারো ড্রিমার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাতিল করেছেন ডিফারড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারইভালস (ডিএসিএ)। কিন্তু এখন পর্যন্ত এ প্রকল্প প্রতিস্থাপন করে নতুন কোনো আইন পাস করেনি কংগ্রেস। এতে ডিএসিএর আওতায় বিশেষ সুবিধা পাওয়া প্রায় আট লাখ তরুণ অনিবন্ধিত অভিবাসী (ড্রিমার) বিপাকে পড়েছেন। চরম অনিশ্চয়তার মুখে ৬ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে সমবেত হন হাজারো ড্রিমার। এই মাসের মধ্যেই ডিএসিএ বিষয়ে একটি সিদ্ধান্ত কংগ্রেসের কাছ থেকে শুনতে চায় তারা।
৪ ডিসেম্বর সরকারি তহবিলের মেয়াদ শেষ হয়েছে। এ অবস্থায় দ্রুততম সময়ে নতুন তহবিলের অনুমোদন দিতে হবে। আর এই তহবিলে যদি ড্রিমার প্রকল্প বরাবর কোনো তহবিল বরাদ্দ না দেয়, বা তা সংকোচন করা হয়, তাহলে বিপদে পড়বেন লাখো ড্রিমার। বিষয়টি মাথায় রেখে কংগ্রেসে তরুণ অভিবাসীদের জন্য লড়ছেন ডেমোক্র্যাট নেতারা। এ অবস্থায় কংগ্রেসের ওপর চাপ প্রয়োগ করতেই ৬ ডিসেম্বর ওয়াশিংটনে সমবেত হন হাজারো ড্রিমার। ওয়াশিংটন ডিসিতে সমবেত হওয়া এসব তরুণ অভিবাসীর হাতে এ দিন ছিল নানা বর্ণিল ব্যানার ও প্লাকার্ড, যার সবগুলোয় একটি দাবিই খোদিত। আর তা হলো, ডিএসিএ বিষয়ে অতিসত্বর সিদ্ধান্ত নিতে হবে কংগ্রেসকে। আর এ ক্ষেত্রে তাঁরা কংগ্রেসের কাছ থেকে মানবিক আচরণ প্রত্যাশা করেন। নিদেন পক্ষে অন্তর্বর্তীকালীন একটি ড্রিম অ্যাক্ট তাঁরা চান, যেখানে অন্তত বিতাড়নের আশঙ্কা থেকে তাদের মুক্ত করা হবে। ডিএসিএ বাতিলের সময় ডোনাল্ড ট্রাম্পও কংগ্রেসকে ড্রিমারদের বিষয়টি সংবেনশীলভাবে বিবেচনার অনুরোধ করেছিলেন।
ওয়াশিংটনে আসা ড্রিমারদের মধ্যে এ দিন ছিলেন রিকার্ডো আকা। বর্তমানে ২৮ বছর বয়সী এই তরুণ দ্য ইনডিপেনডেন্টকে বলেন, ‘১৪ বছর বয়সে আমেরিকায় এসেছিলাম আমি। ডিএসিএ আমার সামনে অনেক দরজা খুলে দেয়। এই আইনের কারণেই আমি কলেজে পড়তে পারছি। ডিএসিএ কার্যকর হওয়ার পর থেকে আমার ও আমার পরিবারের জন্য নতুন নতুন আশার ক্ষেত্র উন্মোচিত হয়। নিজের পায়ে দাঁড়াতে চাই আমি। এই দেশের জন্য কাজ করতে চাই আমি।’
রিকার্ডো আকা ৮ লাখ ড্রিমারের মধ্যে মাত্র একজন। এসব ড্রিমারের জন্য সাবেক ওবামা প্রশাসন ২০১২ সালে ডিএসিএ প্রকল্প চালু করেন, যার আওতায় অন্যান্য অনিবন্ধিত অভিবাসীর তুলনায় শিক্ষা ও কাজের ক্ষেত্রে বিশেষ সুবিধা পান ড্রিমাররা। কিন্তু গত সেপ্টেম্বরে এ প্রকল্প বাতিল করেন ট্রাম্প। সে সময় ৫ মার্চের মধ্যে ড্রিমারদের স্বার্থের দিকে নজর রেখে এ বিষয়ে একটি সমাধান খুঁজে বের করতে কংগ্রেসকে নির্দেশ দেন তিনি। এই সময়ের পর থেকেই প্রতিদিন গড়ে ১ হাজার করে ড্রিমার বিশেষ এ সুরক্ষা হারাবেন।
৬ ডিসেম্বর শুধু ওয়াশিংটনে নয়, আমেরিকার সব অঞ্চলেই কংগ্রেসনাল অফিসের সামনে ড্রিমাররা নিজেদের দাবি নিয়ে জড়ো হন। বিদ্যমান অনিশ্চয়তা কাটাতে নতুন ড্রিম অ্যাক্ট প্রণয়নের জন্য কংগ্রেসের ওপর চাপ দিতেই তাঁরা এ বিক্ষোভ করেন। এ ক্ষেত্রে তাঁদের আশার উৎস মূলত ডেমোক্র্যাটরা। ড্রিম অ্যাক্টের পক্ষে ডেমোক্র্যাটদের অবস্থান সুস্পষ্ট। বিষয়টির প্রতি কিছু রিপাবলিকান নেতারও সমর্থন রয়েছে। ড্রিমারদের প্রত্যাশা, ব্যয় বরাদ্দ নিয়ে কংগ্রেসের সিদ্ধান্ত নেওয়ার সময়ই ডেমোক্র্যাটরা ড্রিম অ্যাক্ট নিয়ে রিপাবলিকানদের ওপর চাপ প্রয়োগ করবেন।
ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট সিনেটর কামালা হ্যারিস ভয়েস অব আমেরিকাকে বলেন, ‘সরকারি যেকোনো তহবিল অনুমোদনের ক্ষেত্রে অবশ্যই ডিএসিএ তহবিলকে অন্তর্ভুক্ত করতে হবে। এই তরুণেরা আমাদের স্কুলে পড়েছে, আমাদের সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে। এমনকি আমাদের জাতীয় পতাকার সামনে তাঁরা একই রকম শ্রদ্ধা ও ভালোবাসা নিয়েই দাঁড়িয়েছে।’
কিন্তু বিষয়টিকে এখন অন্য দিক থেকে দেখছেন ট্রাম্প। ৬ ডিসেম্বর হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘ডেমোক্র্যাটদের ডিএসিএ বিষয়ক দাবি আমেরিকার উন্মুক্ত সীমান্তের একটি অংশ। তারা এমন কিছু চাইছে, যা আমেরিকাকে সত্যিই বিপদে ফেলে দেবে। তারা এই দেশে অবৈধ অভিবাসীদের ও এর সঙ্গে নানা ধরনের অপরাধের আমদানি করতে চায়। আমরা এটি চাই না।’
রিপাবলিকান সিনেটররা এই মুহূর্তে একটি পূর্ণাঙ্গ অভিবাসন আইনের বিষয়েই চিন্তা করছেন বলে জানিয়েছেন। টেক্সাসের রিপাবলিকান সিনেটর জন করনাইন বলেন, ‘তরুণ অভিবাসীদের প্রতি সমবেদনা রেখেই আমরা আলোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ সিদ্ধান্তে আসতে চাইছি। অবৈধ অভিবাসীর প্রবেশ থামানো কিংবা তা সীমিত করার বিষয়টি নিশ্চিত করতে হবে। তারা ভয়াবহ পরিচয় রাজনীতির (আইডেনটিটি পলিটিকসের) শিকার, যা তাদের পুরো জাতির স্বার্থকে অস্বীকারে প্ররোচিত করছে।’
নিজের দাবি নিয়ে ওয়াশিংটনে আসা ২৮ বছর বয়সী আরেক ড্রিমার ও অভিবাসী অধিকার বিষয়ক পরামর্শক হুয়ান এসকালেন্তে দা ইনডিপেনডেন্টকে বলেন, ‘আমি এখানে এসেছি, কারণ আমার জীবনকে নিয়ে এই রাজনৈতিক খেলায় আমি ক্লান্ত হয়ে পড়েছি। এই মুহূর্তে আমাদের নিজেদের দাবি সোচ্চারে বলা উচিত। তারা (প্রশাসন) আমাদের দমিয়ে রাখতে চায়। তার আমাদের চুপ করিয়ে দিতে চায়। কংগ্রেসের বোঝা উচিত যে, এই ক্ষেত্রে একটি মাত্র পথ রয়েছে, আর তা হলো ড্রিম অ্যাক্ট পাস করা। আর তা করা উচিত যত দ্রুত সম্ভব।’