ডিজিটাল নগর হবে সিলেট: মোমেন

জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশের প্রথম ডিজিটাল নগর হবে সিলেট। সিলেট বিমানবন্দরে দুবাই থেকে এখনই সরাসরি ফ্লাইট নামছে। ভবিষ্যতে লন্ডন-আমেরিকার ফ্লাইটও নামবে এই বিমানবন্দরে।
৫ জুন নিউইয়র্কের জ্যাকসন হাইটসের কাবাব কিং রেস্টুরেন্টে সিলেট বিভাগের আওয়ামী লীগের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে আবদুল মোমেন এ কথা বলেন। সভায় ড. মোমেন ডিজিটাল সিলেটের রূপরেখা তুলে ধরেন। আওয়ামী লীগের নেতারা এ সময় তাঁদের নানা সুখ-দুঃখের কথা বলেন।
ড. মোমেন বলেন, কোম্পানীগঞ্জ সড়ক, ভোলাগঞ্জ সড়কের যে দুর্ভোগ, তা সমাধানের জন্য শিগগির ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাদাঘাট বাইপাসের কাজও শুরু হচ্ছে।
জাতিসংঘের সাবেক এই স্থায়ী প্রতিনিধি বলেন, ভবিষ্যতে সিলেট বিমানবন্দরে লন্ডন ও আমেরিকার ফ্লাইট নামবে। চৌকিদেখি থেকে বিমানবন্দর, বিমানবন্দর থেকে ভোলাগঞ্জ চার লেনের রাস্তা করে সিলেটের সৌন্দর্যবর্ধনের কথা ভাবা হচ্ছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ বসারত আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল শাহিন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন যুবলীগের নেতা শেখ জামাল। সঞ্চালনায় ছিলেন ইবজাল আহমেদ, জালালাবাদ সমিতির সভাপতি বদরুল খান, সরাফ উদ্দিন, আইরিন পারভিন প্রমুখ।